
‘চতুরঙ্গ’ রবীন্দ্রনাথের একটি কালজয়ী উপন্যাস। তাঁর অন্যতম সাহসী ও সময়-প্রাসঙ্গিক রচনাও বলা যায় একে। নাস্তিক ও আস্তিকের দ্বান্দ্বিক চরিত্রের কালজয়ী সংলাপগুলো যেখানে বিশেষভাবে লক্ষণীয়। ধর্মের আফিমে মোহগ্রস্ত হয়ে পড়ে থাকার চেয়ে নাস্তিকতা শ্রেয়—এরকম একটি ভাবনার সার্থক প্রতিফলন কেন্দ্রীয় চরিত্র জগমোহনের মধ্য দিয়ে তিনি তুলে ধরেছিলেন। জগমোহন সেখানে উদার ও নাস্তিক্যবাদী চরিত্র রূপে ‘চতুরঙ্গ’-এ দেখা দিচ্ছেন। অস্পৃশ্যতার দেয়াল ভেঙে মুসলমান প্রতিবেশীদের নিজের ঘরে ডেকে এনে তিনি যখন সমাদর করেন, তার সহোদর এবং সনাতন ধর্মের অন্ধ ভক্ত হরিমোহন ও তার পুত্র পুরন্দর তীব্র ক্ষোভে ফেটে পড়ে। তাদের কাছে এই অন্ত্যজ মানুষেরা ‘যবন’ বা ‘ম্লেচ্ছ’, যার ছোঁয়া লাগলে ধর্ম নষ্ট হয়। ঘটনাটিকে কেন্দ্র করে হরিমোহন ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করতে এবং পৈতৃক ভিটায় প্রাচীর তুলতেও দ্বিধা করেননি।
উক্ত ঘটনার পটভূমিকায় জগমোহনের বিখ্যাত কয়েকটি সংলাপে আমরা দৃষ্টি দিতে পারি :
বড়দা হরিমোহনকে জগমোহন এক পর্যায়ে বলছেন—‘তোমার ঠাকুরের ভোগ তুমি রোজই দিতেছ, আমি কথা কই না। আমার ঠাকুরের ভোগ আমি একদিন দিব, ইহাতে বাধা দিয়ো না।’
হরিমোহন তাকে প্রশ্ন করেন, ‘তোমার এই চামার মুসলমান দেবতা?’ জগমোহন নির্দ্বিধায় উত্তর দেন—‘হাঁ, আমার এই চামার মুসলমান দেবতা।’
অন্যত্র বলছেন—‘তোমরা সাকারকে মান, তাহাকে কানে শোনা যায় না। আমরা সজীবকে মানি, তাহাকে চোখে দেখা যায়, কানে শোনা যায়, তাহাকে বিশ্বাস না করিয়া থাকা যায় না।’
পুরন্দর যখন মুসলমানদের ওপর চড়াও হওয়ার হুমকি দেয়, জগমোহন তাকে হেসে বলতে থাকেন—‘ওরে বাঁদর, আমার দেবতা যে কতবড়ো জাগ্রত দেবতা তাহা তাঁর গায়ে হাত দিতে গেলেই বুঝিবি, আমাকে কিছুই করিতে হইবে না।’
রবীন্দ্রনাথ কমিউনিস্ট ছিলেন না, কিন্তু তাঁর চিন্তাচেতনায় মাঝেমধ্যেই উঁকি দিয়েছে কমিউনিজমের প্রজ্ঞা ও প্রত্যয়। ‘রাশিয়ার চিঠি’ এর প্রমাণ। সামাজিক বৈষম্যের কথা প্রাঞ্জল ভাষায় সেখানে উঠে এসেছে :
চিরকালই মানুষের সভ্যতায় একদল অখ্যাত লোক থাকে, তাদের সংখ্যা বেশি, তারাই বাহন, তাদের মানুষ হবার সময় নেই, দেশের সম্পদের উচ্ছিষ্টে তারা পালিত। সবচেয়ে কম খেয়ে, কম প’রে কম শিখে বাকি সকলের পরিচর্যা করে; সকলের চেয়ে বেশি তাদের অসম্মান। কথায় কথায় তারা উপোসে মরে; উপরওয়ালাদের লাথি ঝাঁটা খেয়ে মরে। জীবন-যাত্রার জন্য যত কিছু সুযোগ সুবিধে সবকিছু থেকেই তারা বঞ্চিত। তারা সভ্যতার পিলসুজ, মাথায় প্রদীপ নিয়ে খাড়া দাঁড়িয়ে পড়ে।
‘আরোগ্য’ কাব্যগ্রন্থের ‘ওরা কাজ করে’ কবিতায় যেমন বলেছেন :
ওরা চিরকাল টানে দাঁড়, ধরে থাকে হাল
ওরা মাঠে মাঠে বীজ বোনে, পাকা ধান কাটে—
ওরা কাজ করে
নগরে প্রান্তরে।
শত শত সাম্রাজ্যের ভগ্নশেষ-’পরে।
ওরা কাজ করে।
‘দুই বিঘা জমি’ এবং ‘ভাষা ও ছন্দ’ নামক কাহিনি-কবিতাও তাই। রবীন্দ্রনাথ সেখানে বলছেন :
এ জগতে, হায়, সেই বেশি চায় আছে যার ভূরি ভূরি—
রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি।
—দুই বিঘা জমি
রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী বা দায়িত্ববান ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত, এর কালজয়ী ও মহৎ ইঙ্গিত পাই ‘ভাষা ও ছন্দ’ কবিতায় : ‘সেই সত্য যা রচিবে তুমি, ঘটে যা তা সব সত্য নহে। কবি, তব মনোভূমি রামের জন্মস্থান অযোধ্যার চেয়ে সত্য জেনো।’
. . .
আমাদের দেশে হিন্দু-মুসলমানের মধ্যে যে একটা কুৎসিত হীনতা আছে রাশিয়াতে এসে তার একটা চরম মীমাংসা দেখলুম। এদের এখানেও নানা জাতের মধ্যে রক্তের সম্বন্ধ এবং ধর্মের সম্বন্ধের অত্যন্ত কঠিন বেড়া ছিল। কিন্তু, এরা শিক্ষাদানের জোরে সেই সমস্ত বেড়া এক মুহূর্তে পার হয়ে গেছে। আমাদের দেশে যারা পনেরো আনা লোক তারা আজও অজ্ঞানান্ধকারে পড়ে আছে, তাই তাদের মধ্যে ধর্মের নামে পশুত্ব জেগে ওঠে।
ভারতবর্ষের বাইরে না এলে ভারতবর্ষের এই অগৌরবের চেহারাটা সম্পূর্ণ দেখতে পাওয়া যায় না। আমাদের দেশে হিন্দু-মুসলমানের বিরোধের কথা রাষ্ট্র করে আমাদের স্বায়ত্তশাসনের দাবিকে বারবার অপমান করা হয়। কিন্তু, রাশিয়াতে তো তার চেয়েও দুর্ভেদ্য জাতিভেদ ও ধর্মভেদ ছিল। সেখানে তারা কী করে কয়েক বছরের মধ্যে এই সমস্ত বিরোধ মিটিয়ে দিয়ে সব মানুষকে এক বিরাট শক্তিরূপে দাঁড় করালে? তার একমাত্র কারণ, তারা মানুষকে মানুষ বলে গণ্য করেছে, এবং তাদের শিক্ষার আলো থেকে বঞ্চিত করেনি। —রাশিয়ার চিঠি
মুসলমানদের প্রতি রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গি ছিল গভীর সমানুভূতি ও মানবতাবাদী। ধর্মীয় পরিচয় ছাপিয়ে তিনি চেয়েছিলেন যেন শিক্ষা এবং সামাজিক সমতার মাধ্যমে মুসলমান সমাজ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, যা তিনি সোভিয়েত রাশিয়ায় বাস্তবায়িত হতে দেখেছিলেন। পূর্ববঙ্গে জমিদারির দায়িত্ব পালন করার সময় থেকেই রবীন্দ্রনাথ বাংলার সাধারণ মুসলমান কৃষকদের খুব কাছ থেকে দেখেছিলেন। রাশিয়ায় সাধারণ কৃষক ও শ্রমিকদের জাগরণ দেখে তাঁর নিজের দেশের অবহেলিত ও নিরক্ষর মুসলমান চাষীদের কথা মনে পড়েছিল, যাদের ভাগ্য উন্নয়নে তিনি আজীবন চেষ্টা করেছেন।
রবীন্দ্রনাথের ‘রাশিয়ার চিঠি’তে তাঁর সাম্যবাদী ভাবনার যে-দার্শনিক রূপান্তর ঘটেছে, তা আমাদের আত্মোপলব্ধি জাগিয়ে তুলতে ভূমিকা রাখে। রাশিয়ার সমাজ যখন সর্বসাধারণের বুনিয়াদি জীবনযাপনে অভ্যস্ত, আমরা তখন কৃত্রিম ও বিলাসী ভাবচৈতন্যে মগ্ন। পাশ্চাত্যের অন্ধ অনুকরণে আমরা এতটাই আত্মবিস্মৃত-যে, নিমিষে খাঁটি অমিত রায় থেকে সাহেবি ‘অমিট রায়’-এ রূপান্তরিত হই।
বাহির থেকে মস্কৌ শহরে যখন চোখ পড়ল, দেখলুৃম তারা য়ুরোপের অন্য সমস্ত ধনী শহরের তুলনায় অত্যন্ত মলিন। রাস্তায় যারা চলেছে তারা এখনও শৌখিন নয়, সমস্ত শহর আটপৌরে-কাপড় পরা। আটপৌরে কাপড়ে শ্রেণীভেদ থাকে না, শ্রেণীভেদ থাকে পোশাকী কাপড়ে। এখানে সাজে পরিচ্ছদে সবাই এক। সবটাই মিলে শ্রমিকদের পাড়া। —রাশিয়ার চিঠি
রাশিয়ার সাধারণ জীবন যেখানে সাদামাটা আটপৌরে ঢংয়ে চলে, আমাদের যাপনচিত্র সেখানে জবড়জঙ্গ জ্যাকেটের মতো ঋতু পরিবর্তনের সাথে সাথে রূপ বদলায়। ফ্যাশন আর অপচয়ের এই করাল গ্রাসে সমাজের একশ্রেণি যখন মত্ত, তখন অন্যপ্রান্তে দেশের আসল খেটে-খাওয়া মানুষগুলো নিদারুণভাবে বঞ্চিত ও অবহেলিত।
নিজের দেশের চাষীদের মজুরদের কথা মনে পড়ল। মনে হল, আরব্য উপন্যাসের জাদুকরের কীর্তি। বছর দশেক আগেই এর ঠিক আমাদেরই দেশের জন-মজুরদের মতোই নিরক্ষর নিঃসহায় নিরন্ন ছিল, তাদেরই মতো অন্ধসংস্কার এবং মূঢ় ধার্মিকতা।…
ক’টা বছরের মধ্যে এই মূঢ়তার অক্ষমতার অভ্রভেদী পাহাড় নড়িয়ে দিলে যে কী করে, সে কথা এই হতভাগ্য ভারতবাসীকে যেমন একান্ত বিস্মিত করেছে এমন আর কাকে করবে বলো। —রাশিয়ার চিঠি
রবীন্দ্রনাথ রাশিয়াতে গিয়ে সবচেয়ে বেশি আনন্দিত হয়েছিলেন সমাজের অন্ত্যজ শ্রেণীর মানুষের জাগরণ দেখে। তিনি আক্ষেপ করে লিখেছিলেন, সাধারণ মানুষ হলো ‘সভ্যতার পিলসুজ’—যারা মাথায় প্রদীপ নিয়ে খাড়া দাঁড়িয়ে থাকে, আর উপরের সবাই আলো পায়। রাশিয়াতে এসে তিনি দেখলেন সেই পিলসুজরা আজ নিজেরাই আলোর ভাগীদার হয়েছে।
‘চতুরঙ্গ’ উপন্যাসে জগমোহনও ছিলেন এই অন্ত্যজ ও অস্পৃশ্য মানুষের ত্রাতা। তিনি চর্মকার বা মুচিদের নিজের ঘরে আশ্রয় দিয়েছিলেন, তাদের সাথে একসাথে বসে খেয়েছেন এবং সমাজের তথাকথিত নীচু শ্রেণির মানুষকে বুকে টেনে নিয়েছিলেন। রাশিয়ার সমাজতান্ত্রিক দর্শনের বহু আগেই জগমোহন নিজের জীবনে এই সমতার বাস্তবায়ন করেছিলেন।
. . .

পাঠ-সংযুক্তি : বাতিওয়ালা ‘একলা রবি’
[থার্ড লেন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সংকলিত]
বাংলাদেশে রবীন্দ্রনাথকে বৈধতা দানের লড়াই মনে হচ্ছে কোনোদিন শেষ হবে না হেলাল ভাই! বিচিত্র শাখা-প্রশাখায় ছড়ানো ‘মহীরুহ’ ছিল মানুষটা। দিগন্তবিস্তারী সেই মহীরুহের বৈচিত্র্যগুলো সময় ও সমকালীনতার সঙ্গে মিলিয়ে নেওয়াটা আমাদের জন্য এতদিনে অনিবার্য হওয়া উচিত ছিল। রবিকে যেখানে আমরা ক্রিটিক যেমন করতে পারব, তাঁকে ভালোও বাসব ততধিক। এবং সেটা হুমায়ুন আজাদের এই রায়টা আমলে নিয়ে,—‘রবীন্দ্রপ্রতিভা কালোত্তীর্ণ’।
আজাদ তাঁর রবিপাঠে রবীন্দ্রনাথের ‘রাষ্ট্রচিন্তা’ ও নারী কেন্দ্রিক ন্যারেটিভকে বাণ হেনেছিলেন। প্রথাবিরোধী ও আধুনিকতাবাদ নামক সাহিত্যিক মতবাদে নিবিড় আজাদের কাছে রবীন্দ্রনাথের কবিতাও আধুনিক-কবিতা বলতে যা বোঝায়, তার অনুকূল মনে হয়নি। একশো সমালোচনায় অটল থেকেই রবীন্দ্রনাথকে ‘আধুনিক বাংলা কবিতা’র সংকলনে জায়গা দিতে বিমুখ থেকেছেন আজাদ। একই হুমায়ুন আজাদ আবার পৃথকভাবে ‘রবীন্দ্রনাথের প্রধান কবিতা’ শিরোনামে আলাদা সংকলন সম্পাদনা করে গেছেন। যেখানে, রবিকিরণের সিগ্ধতা ও এর ‘মানবিক অম্লযান’ পাঠ করে তাঁর চোখ বারবার জলে ভরে উঠেছিল বলে লিখছেনও।
এটা হচ্ছে রবীন্দ্রনাথের মতো যুগ-কালের গণ্ডি ছাড়িয়ে ‘অমলিন’ কোনো প্রতিভাকে নিজের অনুকূল ও আপন করে নেওয়ার উত্তম পন্থা। মানুষটার আশিবর্ষ ধরে সক্রিয় তৎপরতাকে ক্রিটিক্যালি দেখা ও মূল্যায়ন করার প্রথা এতদিনে অন্তত সড়গড় হওয়ার কথা ছিল এই দেশে, কিন্তু সেটা কি হয়েছে? দুঃখের বিষয় হলো বাংলাদেশ (এমনকি পশ্চিমবঙ্গেও) রবিচর্চার এই সংস্কৃতিটা এখনো গড়ে ওঠেনি ভালো করে!
বাংলাদেশের কথা কী আর বলব বলুন! দেশভাগের পর থেকে এখন পর্যন্ত রবীন্দ্রনাথকে মুছে ফেলা, তাঁকে নিষিদ্ধ করার চেষ্টা, নিষিদ্ধ করা সম্ভব নয় দেখে কেটেছেটে মুসলমানের উপযোগী করার খাসলত… আমরা এখনো এসব নিয়ে পড়ে আছি! আপনাকে যেমন এর বিরুদ্ধে এই ২০২৬-এ এসে সহজ ভাষায় বুঝবে এরকম করে লিখতে হচ্ছে দুকলম! একটা মহীরুহের সকল ডালপালা ছেটে তাঁকে ন্যাড়া করার অদ্ভুত এই প্রবণতার বিরুদ্ধে আর কতদিন লড়তে হবে কে জানে!
রবিগান ও রবিসাহিত্যকে নানাভাবে নিষিদ্ধ করার তোড়জোর বাংলাদেশে নতুন ঘটনা নয়। পাকিপন্থী মুসলমান এলিটরা দেশভাগের পর থেকে এটার পেছনে লেগে আছে। ওয়াহিদুল হক, সন্জীদা খাতুন, কলিম শরাফীরা ষাটের দশকে লড়াই করেছেন। যার জের ধরে ‘ছায়ানট’ জন্ম নিলো। স্বাধীনতার পর দেশের সুশীল সমাজ দুটো ভাগে ভাগ হলেন। একভাগে কেবল অন্ধ রবিভক্তি বা তাঁকে দেবতা বানানোর চেষ্টায় শত-শত ন্যারেটিভ জন্ম নিতে দেখেছি। এটা রবীন্দ্রনাথকে অপমান করেছে মারাত্মক। অন্যভাগে, রবিকৃতিকে অস্বীকার ও বাতিল করা অসম্ভব বুঝতে পেরে রাজনীতিকে সামনে আনলেন একদল। রবীন্দ্রনাথকে সেখানে মুসলমান বিদ্বেষী ও হিন্দুপন্থী জাতীয়তাবাদী কবির ন্যারেটিভে এনারা হাজির করলেন।
অতিভক্তি ও অতিঘৃণার মধ্যবর্তী ন্যারেটিভ চর্চার সংস্কৃতি (বিচ্ছিন্ন ব্যতিক্রম বাদে) এই দেশটায় গড়ে ওঠেনি! অথচ দরকার ছিল, রবীন্দ্রনাথের মতো একটা কালপুরুষকে বিচিত্র পথে উপলব্ধি করা। তাঁকে প্রবলভাবে নিরীক্ষায় নিয়ে যাওয়া। তাঁকে কেন্দ্র করে যেসব ভালোমন্দ ন্যারেটিভ এতদিন চর্চিত ও চাউর হলো, সেগুলোকে একজামিন করা। এর কিছু না হওয়ার কারণে রবীন্দ্রনাথ তাঁর জীবদ্ধশায় যেমন ছিলেন, বিগত হওয়ার পরেও বাংলার জলবায়ুুতে ওই একলা মুনমেন্ট হয়ে দাঁড়িয়ে আছেন! বহু লোকের ভিড়ে একটা বিরাট স্তম্ভ দাঁড়িয়ে আছে বেকার! যাঁকে মাথা তুলে দেখার সাধ্য ও হ্যাডম তাঁর জাতিলোকের নেই।
যাইহোক, আপনি তবু তাঁকে নিয়ে এই-যে লিখছেন, লড়ছেন এখনো, এর জন্য কুর্নিশ জানাই। থার্ড লেন স্পেস-এ লেখাটা যত্ন করে তোলার চেষ্টা থাকবে। জানি না এটা যারা পাঠ করবে, তারা তারপরেও কতখানি কনভিন্স হবে আর কতটা প্রত্যাখ্যান পুষে রবিঘৃণা বইবে অন্তরে! বাংলাদেশ নিয়ে আমার মনে হুমায়ুন আজাদের মতোই… এখন আর কোনো ‘প্রত্যাশা’ কাজ করে না!
করোনকালে রবীন্দ্রনাথ পরম আশ্রয় হয়ে উঠেছিলেন আমার জন্য। মানুষ তখন মানুষকে নিরোধ করছে। মানুষের কাছে মানুষ হয়ে উঠেছিল অস্পৃশ্য। সঙ্গনিরোধের দিনগুলোয় মানুষের দেখা পেতে রবি ও আমাদের বাউল মাজনরা বড়ো মিত্র হয়ে উঠেছিলেন। মানবিক অম্লযান তাঁদের সৃষ্টি থেকে অবিরাম বইছিল জলপ্রপাত হয়ে। ঘোরের মধ্যে ‘রবিকবির পরব্রহ্ম’ নামে একটা গদ্য টানা লিখেছিলাম তখন। ‘গানপার’ যেটা ছয় পর্বে তুলেছিলেন অনলাইনে। তার এক জায়গায় এই ফিলটা ছিল :

মনের মধ্যে যদিও দুঃখটা চাপা থাকে, বৈদেশে ইয়েটস-পাউন্ডরা তাঁরে এখন আর গোনায় ধরে না। টি. এস. এলিয়টের ‘জার্নি অফ দ্য মেজাই’ তাঁর হাতের পরশে ‘তীর্থযাত্রী’ নাম নিয়া অনূদিত হইছে তো কি হইছে, এলিয়টের সময় নাই রবি হাতে নেওয়ার। আফসোস বুকে চাপা দিয়া রবি তাই বব ডিলানের অমোঘ পাথরখানার মতো গড়াইতে-গড়াইতে নিজের দেশে ফেরত যায়; সেই দেশ, লোকে যেখানে তাঁরে বহুভাবে বন্দনা করার ছলে নিন্দা ও উপহাসের বাণ হানতে কসুর করে না।
ডিলানের সময়ে যদি তাঁর জন্ম হইত অথবা বব ডিলানকে পাঠানো যাইত তাঁর সময়ে, তবে নিজের দেশে ফিরনের এই জার্নিটা হয়ত রক গায়কের গানের কলির লগে অভিন্ন মনে হইত তাঁর কাছে! যেখানে, ডিলান চিৎকার দিয়া ডিরেকশনের কথা জানান দেয় : ‘How does it feel, how does it feel?/ To be on your own, with no direction home/ A complete unknown, like a rolling stone.’
কেন মনে হয়, রবি ঠাকুর ওই বব ডিলানের গানে চিৎকৃত পাথরখানার মতো গড়াইতে-গড়াইতে দেশে ফিরতেছে ‘with no direction home’-র বিষাদ নিয়া? সে যেন কিশোর কবি সুকান্তের ‘বাতিওয়ালার’ উপমা! যে-কবিতাখান সুকান্ত হয়ত তাঁর কথা ভেবে লেখে নাই তখন অথবা হইতে পারে, কিশোর কবির মনে রবির যে-ছবি চিরজাগরুক সেইটা তাঁর অবচেতনে কাজ করে এবং ‘বাতিওয়ালা’র স্বদেশ ফেরার বিৃবতিখানা লিখতে তারে বাধ্য করায় :
সীমান্তে আজ আমি প্রহরী/অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে
আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি
স্বদেশের সীমানায়।…
পরের জন্য যুদ্ধ করেছি অনেক,
এবার যুদ্ধ তোমার আর আমার জন্যে।…
আমি যেন সেই বাতিওয়ালা-
যে সন্ধ্যায় রাজপথে-পথে বাতি জ্বালিয়ে ফেরে
অথচ নিজের ঘরে নেই যার বাতি জ্বালার সামর্থ্য
নিজের ঘরেই জমে থাকে দুঃসহ অন্ধকার।
—প্রিয়তমাসু : সুকান্ত ভট্টাচার্য; ঘুম নেই
রবি সেই ‘বাতিওয়ালা’, জীবনভোর দেশ-বিদেশ করেছে সতেজ ‘আলোকরশ্মি’ পাওয়ার আশায়! সেই আলো সে পাইছেও হয়তো-বা, কিন্তু ঘরে-ঘরে জনে-জনে আলো বিলানোর আগে তাঁরে ফিরতে হইছে নিজ দেহের অন্ধকার কক্ষে। রবি ফেরত গেছে মরণের অন্ধকারে। প্ল্যানচেটে অকালপ্রয়াত শমি-র আত্মাটারে অন্তত একবার তার কক্ষে নামানোর অন্ধকারে। সে ফেরত গেছে একাকিত্বের অন্ধকারে, যেখানে স্ত্রী মৃণালিনী মৃত; কন্যারা একে-একে মরেছে তার কোলে মাথা রাইখা কিংবা সে হয়তো ফেরত গেছে ঠাকুরবাড়ির ঝাপসা-হয়ে-আসা শয়নকক্ষে, যেখানে একদিন কাদম্বরী দেবী আত্মহত্যায় নিজেকে শেষ করছিলেন!
এই-যে একটা লোকের একলা হওয়ার বিষাদ, একলা হতে-হতে নিজেকে রিক্ত ধানখেতের রূপকে ভাবার যাতনা, নিজেকে তবু নিরাময়যোগ্য করার প্রাণান্ত মানবিক প্রয়াস… এসব পাশে রেখে কোন রবিকে তালাশ করে এই দেশ… মাথায় তার কিছু ঢোকে না! কী প্যাথেটিক দেখুন, লোকটা মুসলমানবৈরী নয় এটা প্রমাণের জন্য আমাদেরকে এখনো লড়তে হচ্ছে! সারাজীবনে ছড়ানো মণিমুক্তা কিছুই কুড়ানোর সক্ষমতা আজো হলো না!
—আহমদ মিনহাজ : অবদায়ক : থার্ড লেন স্পেস
. . .

. . .
… থার্ড লেন স্পেস-এ প্রাসঙ্গিক আরো দেখুন …
‘বই ছুঁয়ে কই’ : কণাগদ্যে বিক্ষিপ্ত ভাবনা-২ : হেলাল চৌধুরী
‘বই ছুঁয়ে কই’ : কণাগদ্যে বিক্ষিপ্ত ভাবনা-১ : হেলাল চৌধুরী
রবির বিশ্বযোগ : উইলিয়ম রাদিচের সঙ্গে কথালাপ-২ : কামাল রাহমান
রবির বিশ্বযোগ : উইলিয়ম রাদিচের সঙ্গে কথালাপ-১ : কামাল রাহমান
রবিগানের তরি ও অন্যান্য : একপশলা নেটালাপ-২
রবিগানের তরি ও অন্যান্য : একপশলা নেটালাপ-১
প্রথা ও প্রতিমার দেশে সন্জীদা খাতুনের শেষযাত্রা
. . .
লেখক পরিচয় : হেলাল চৌধুরী : এখানে অথবা ওপরের ছবিতে চাপ দিন
. . .

অবদায়ক : হেলাল চৌধুরী : থার্ড লেন স্পেস.কম
হেলাল চৌধুরী-র অন্যান্য ও প্রাসঙ্গিক রচনা পাঠের জন্য এখানে চাপুন



