পোস্ট শোকেস - সাম্প্রতিক

‘রোকযানা’-র সাহেদ : এক গান-ফেরিওয়ালার গল্প

Reading time 6 minute
5
(16)
Sheikh Shahed Ali (1963-2026); Image Source & Credit: Collected; Google Images

কথা সত্য, বাংলাদেশের ব্যান্ড সংগীতে ‘রোকযানা’ গানটি দিয়ে শেখ সাহেদ আলী তাঁর সিগনেচার চিনিয়েছিলেন। আশি-নব্বই দশকের দাপুটে ব্যান্ডশিল্পীর তালিকায় নাম পাকা হলেও কেন জানি চট করে তাঁকে মনে পড়ত না! ভারতের প্লেব্যাক শিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ (কেকে)-র মতো সাহেদও ‘চেনা চেনা লাগে তবু অচেনা’ই থেকে গেছিলেন অনেক শ্রোতার কাছে।

সিনেমায় কেকের গাওয়া গানগুলো জনপ্রিয় ছিল, কিন্তু শিল্পী কী-করে জানি অনেক শ্রোতার কাছে অশ্রুত থাকলেন! কলকাতার নজরুল মঞ্চে গান করতে এসে হৃদযন্ত্র বিকল হয়ে অকালে বিদায় নেন। দর্শকঠাসা হলে শীতাতপ নিয়ন্ত্রণটা অপর্যাপ্ত ছিল। তাঁর অকালমৃত্যুর জন্য এই অব্যবস্থাপনাকে দায়ী করে সমালোচনার ঝড় ওঠে। যারা তাঁর গান শুনেছেন, কিন্তু তাঁকে চিনতেন না, মর্মান্তিক এই দুর্ঘটনার পর নামটা তাদের মনে খোদাই হলো অবশেষে! সাহেদও যেন তাই! তাঁর গান অনেকেই শুনেছেন, কিন্তু শিল্পীকে স্মরণ রাখার অনিবার্যতা ঘটেও ঘটেনি।

বাংলাদেশে ব্যান্ড গানের উত্থাপর্বের অন্যতম শেখ সাহেদ আলী অন্য ব্যান্ডবাজদের মতো শুরুর দিকটায় মূলত ইংরেজি গান গাইতেন। এছাড়া উপায় ছিল না। দেশে ইংরেজি গানপ্রেমী শ্রোতারা ছিলেন ব্যান্ডশিল্পীদের রুটিরুজির প্রধান ভরসা। মাকসুদ-জেমস-আইয়ুব বাচ্চু ও হামিন-শাফিনরা যবে ওয়েস্টার্ন রকগানে হাত পাকিয়ে বাংলাটা গলায় ধরলেন, একটা ভূমিকম্প ঘটে গেল! শাহেদও যথারীতি অন্যদের মতো ইংরেজি নাম্বার থেকে বাংলায় ফিরেছিলেন। ততদিনে এটা মনে পোক্ত হয়েছে তাঁর,—ইংরেজি গান গেয়ে বিশ্বজয়ের চেষ্টা সফল হওয়ার নয়। বি-উপনিবেশায়ন ও বর্ণবাদের জটিল মনঃস্তত্ত্ব সেখানে নীরবে কাজ করে। বাংলাদেশে বসে ইংরেজি নাম্বার গাইতে থাকা গায়ক রকগানের মক্কা ব্রিটেন অথবা আমেরিকায় নিজের সিগনেচার সহজে পাকাপোক্ত করতে পারবে না।

সাহেদ অতএব আজম খান, ফেরদৌস ওয়াহিদ, মাকসুদ, আইয়ুব বাচ্চু, জেমস কিংবা খালিদের দেখানো পথে বাংলাকে প্রবলভাবে আঁকড়ে ধরলেন। যেখানে, তাঁর গান পরিবেশনের তরিকা ওয়েস্টার্ন রক-পপের অকাট্য খুঁটিনাটিকে সঙ্গী করেছিল, কিন্তু গানের বিষয়বস্তু ও নির্যাসের সবটুকুন দেশের নাগরিক ও গ্রামীণ সমাজের শিকড়ে পোঁতা থেকেছে। ‘রোকযানা’ নামের তুমুল প্রেমের হাহাকারে ভরা স্মৃতিকাতর গানটা এভাবে সাহেদকণ্ঠে ভীষণ শ্রোতাপ্রিয় হলো। গানটি লেখা ও অবশেষে অ্যলবামে রিলিজ করতে আট-দশ বছর সময় লেগেছিল শিল্পীর। প্রথম অ্যালবামটা ততদিনে বেরিয়ে গেছে। শ্রোতারা তা শুনছিলেন বেশ। ‘গান নেবেন গান’ অ্যালবামে পরিশেষে ঠাঁই করে নিলো তাঁর সিগনেচার সং ‘রোকযানা’।

যাকে অ্যাড্রেস করে গানটি শিল্পীর কণ্ঠে জন্ম নিলো, তার নাম-পরিচয় তিনি সংগোপন রাখলেন আমরণ! গানে কেবল আভাসটা রাখলেন-যে,—তুমুল হাহাকারে ভরা ব্যর্থ ভালোবাসা এক কিশোরের জীবনকে তছনছ করে দিয়েছিল। আর, ১৯৭৫ সনে অসম প্রণয়টি ব্যর্থতায় মোড় নেয়। কানাডার বরফস্বর্গে সাহেদ ও ‘রোকযানা’র মধ্যে চলতে থাকা রহসময় ভালোবাসার রংগুলো চিরতরে হারিয়ে যায় :

১৯৭৫ ব্যর্থ ভালোবাসা
সমস্যা আছে, তোমার নাম বলতে পারব না
দারুণ সুন্দরী তুমি আবেগের তোড়ে
আমার মতো আহাম্মকের পড়েছিলে প্রেমে
সাইকো সম্পর্ক তোমার আমার
ছিল জানি কেমন
এই ভালোবাসাটা জীবনে রহস্য রয়ে গেল

অনেকের অনেক জেরা ও কৌতুকঠাসা চাপের মুখে শিল্পী ভেঙে বলেননি কে ছিল এই ‘রোকযানা’। পরিবারের জেরার মুখেও টলানো যায়নি তাঁকে। ইচ্ছে ছিল মাকে নিয়ে একটা বই লিখবেন এবং ‘রোকযানা’র নামটাও জুড়বেন সেখানে। মালেকা রোকযানা নামে বইটি লিখে যেতে পেরেছিলেন স্বভাব ব্যতিক্রম শিল্পী। হয়তো এটা বোঝানোর জন্যই,—তাঁর জীবনে মা এবং ‘রোকযানা’ ছিল দুটি বড়ো প্রভাবক।

গানটি সাহেদ এমনভাবে গেয়েছেন, বারবার শোনার পরেও নিশ্চিত হওয়া কঠিন, ‘রোকযানা’র সঙ্গে ভালোবাসাটা কি রক্তমাংসের ছিল? নাকি এক কিশোর রক্তমাংসের সেই নারীকে নিজের অবসেশন থেকে এভাবে কল্পনা করে নিচ্ছে! একটা রহসময়তা সুতরাং এই গানের মধ্যে সংগোপন রেখেছেন সাহেদ।

সে যাইহোক, অসমবয়সী সাইকোপ্রেমের নায়িকার নামখানা হয়তো-বা ‘রোকসানা’ ছিল। সাহেদ ওটাকে ‘রোকযানা’য় বদলে নিলেন গানে। গানটি শুনতে বসে ইংলিশ ব্যান্ড দ্য পুলিশ-এর (The Police) Roxanne গানটি মনে উঁকি দেওয়া বিচিত্র নয়। কিন্তু দ্য পুলিশ ব্যান্ডের রোক্সান দেহপসারিনী ছিল। গানের উত্তম পুরুষ তার প্রেমে পড়ছে সেখানে। নিজের করে পাওয়ার আকুলতায় রাতে খদ্দের শিকারে সড়কে টহল দিতে তাকে মানা করছে গায়ক : ‘Roxanne/ You don’t have to put on the red light.’

পটভূমি ভিন্ন এবং কম্পোজিশনও আলাদা। বিউটিফুল গিটার রিফের সঙ্গে সাহেদের গীতল কণ্ঠস্বরের মাদকতায় ‘রোকযানা’ স্মৃতিকাতরতায় ঠাসা প্রেমের হাহাকারে পরিপূর্ণ। গানে ধরার ছলে শিল্পী তাঁর রোকসানাকে ‘রোকযানা’ নামে ডেকে থামতে বলছেন ক্ষণিক! নামের এই গোপনতা ও রহসময়তা গানটির ভিতরে একটা ইন্টার শিফট ঘটায়। ‘রোক’ শব্দটা যেখানে হিন্দি ‘রুখো যারা’র অনুরণন মনে করিয়ে যায়। তার সঙ্গে ‘জানা’ নয়, শাহেদ জুড়ছেন ‘যানা’ শব্দখানা। সেখানেও হিন্দির ধ্বনিমাধুর্য কানে খট করে বাজে। গানটি এভাবে উন্মাতাল একটা প্রেমের গান হয়ে উঠল রাতারাতি!

Books, written by Sheikh Shahed Ali; Image Source & Credit: baulblogbd.com

আমাদের মতো ব্যান্ডভক্ত শ্রোতা অতঃপর সাহেদকণ্ঠে পরপর শুনলাম ‘সুন্দরী’, ‘খোলা চুল’, ‘আমার চিন্তা কথা বলে’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘রক্তজবা’ ‘গান নেবে গো গান’, ‘উটপাখি’, ‘হিটটা হওয়া ভীষণ জরুরি’র মতো দারুণ সব নাম্বার। আজ যদিও মনটা কেবল ‘রোকযানা’ময় হয়ে আছে তাঁর চলে যাওয়ার সংবাদ জানতে পেরে…! ফোক অনুষঙ্গে সাধা ‘সুন্দরী’ গানটাও প্রবল শ্রোতাপ্রিয়তা এনে দিয়েছিল সাহেদকে। গানের দুটো ভার্সন পরে করলেন শিল্পী। আমার কাছে প্রথমটা আজো প্রিয় হয়ে আছে। সাহেদ সেখানে নিজের পুরুষত্বকে বাংলার চিরাচরিত কৃষিসমাজে খুঁজে ফিরছেন। শুরুর স্তবকে ডেলিভারিটা দিয়েছেন এভাবে…

সুন্দরী তুই জলদি আয়
পাক কইরা দে খিদায় পরান যায়
কতকাল খাইনা আমি ঘরের হাতের রাধন রে
পাক কইরা দে, খিদায় পরান যায়

গানের পরবর্তী স্তবকগুলোয় প্রলম্বিত হচ্ছে অভাব-অনটনে জরাজীর্ণ কৃষিসমাজ, যেখানে ভাতের খিদা মেটানো এখনো মৌলিক সারসত্য। গানটার মধ্য দিয়ে সাহেদ প্রবলভাবে রিলেট করলেন নিজেকে বাংলার শহরে ও গ্রামে ছড়ানো সামাজিক পরিস্থিতিটার সঙ্গে। রকগানে এটা খুবই মৌলিক বিষয়, অর্থাৎ, জীবনের সকল অনুভূতি ও স্পর্শকে এমনভাবে ধারণ করবে শিল্পী, যার ভিতরে রক্তমাংসে জৈব মানুষকে শ্রোতা নিজের দেহকোষে অনুভব করবেন। সাহেদের প্রায় অধিকাংশ হেভিমেটালের নিকটবর্তী বাদন প্রণালীকে প্রাধান্য দিয়ে তৈরি গানে জৈবতাটা অনুভূত হয়। যেখানে, তাঁর কণ্ঠনাদ কিংবা সেখান থেকে ছিটকে বের হওয়া উচ্চারণে তিনি নিজের সিগনেচার বুঝিয়ে দিতে থাকেন। আফসোস, বাংলা ব্যান্ড গানের জগতে আনসাং হিরো হয়েই থেকে গেলেন এতটা বছর!

গণধর্ষণ নিয়ে তাঁর একটা গান আছে ‘রক্তজবা’ নামে। কলকাতার শেয়ালদহ রেলস্টেশনে এক বাংলাদেশী মেয়ের ধর্ষিত হওয়ার ঘটনা নিয়ে কবীর সুমন এরকম একখানা গান বেঁধেছিলেন অনেকদিন আগে। মর্মস্পর্শী ছিল সেই গান। সাহেদের ‘রক্তজবা’র কম্পোজিশন আরো ব্যতিক্রম ও মর্মন্তুদ! গানটা শুনলে এখনো বরফঠাণ্ডা হয় আসে শরীর!

ব্যক্তি ও সংগীত-যাপনে মানুষটা খ্যাপাটে ছিলেন। একবগগা ঘুড়ির মতো নিজের একটা ফিলোসফি তাঁকে তাতিয়ে রাখত। কম্প্রোমাইজ করার ধাত বিশেষ ছিল না বলে অন্য অনেকের মতো স্টার ও সেলিব্রেটেড হওয়ার পরিতোষ তাঁকে দখলে নিতে পারেনি। এটা আবার তাঁকে একলাও করেছিল অনেকখানি। নামকরা ব্যান্ডবাজদের তালিকায় তাঁর নামখানা যে-কারণে আলগোছে পিছলে যেতে দেখেছি বারবার! রকগানের দ্রোহি চেহারা মাঝেমধ্যে সাহেদ দেখাতেন গানে। একটা মর্মছেঁড়া সংক্ষোভ ফুটে বের হতো সেখানে! এই মুহূর্তে যেমন ‘পাগলা ছাড়া দুনিয়া জমে না’ গানটার কথা খুব মনে পড়ছে! একটা সময় এই গানটার অদ্ভুত চরণগুলো মনে গেঁথে গিয়েছিল। হেভি মেটাল চাপিয়ে সাহেদ গানটার ইমেজারি এভাবে দিচ্ছেন :

চালচুলো কিছু নেই লোকটার
উস্কোখুস্কো চুলে—

ঘণ্টার পর ঘণ্টা সে দাঁড়িয়ে থাকে একটানা-ভাবে
উপাস থাকতে থাকতে শারীরিক অভ্যাস হয়ে গেছে
ভণ্ডসমাজ নাম রেখেছে তার পাগল
হুট করে হেসে পাগলওয়ালা দেখে
তার পা সবার মতো লম্বা…

আরে তুই পাগল তোর বাপে পুরা পাগল
পাগল পাগল করিস না
পাগলা ছাড়া দুনিয়া জমে না

গানটা তাঁর অন্য গানগুলোর তুলনায় কম গীত ও শ্রোতাপ্রিয় ছিল ধারণা করি। কিন্তু, এটা অদ্ভুত ছিল উচ্চনিনাদে নিনাদিত হওয়ার জন্য নয়, বরং ওই চরণদুটার জন্য,—যেখানে সাহেদ স্বয়ং নিজের পাগলসত্তাকে আবিষ্কার করছেন সহসা! ধাম করে গেয়ে দিচ্ছেন অদ্ভুত দুটো চরণ :

হুট করে হেসে পাগলওয়ালা দেখে
তার পা সবার মতো লম্বা…

তাই বটে! এই ভণ্ডসমাজে সাহেদের পা দুখানা বাকিদের সমান লম্বাই ছিল। বাংলার মিউজিক ইন্ডাস্ট্রি যদিও তাঁর গানের জন্য সঠিক স্বীকৃতি দিতে যথেষ্ট কৃপণতা করেছে। না তাঁর কপালে জুটেছে মনপসন্দ স্পেস, যা তাঁকে হয়তো আজম খানের পরে দ্বিতীয় আজম খানের মহিমা দিতে পারত অনায়াসে। আজম খানের গানে সচল আর্তি ও আবেদন তিনি অন্যপথে ধারণ করেছিলেন গানে।

প্রাপ্তি এবং অপ্রাপ্তির হিসাব ফেলে-ছড়িয়ে রেখে সেই সাহেদ চোখ বুজলেন চিরতরে। তাঁর এই চলে যাওয়া কেন জানি আমাকে বিষণ্ণ করছে না! গানের ভিতর দিয়ে তাঁকে দিব্যি দেখতে পাচ্ছি! একটা সময় বাংলাভিশন টিভি চ্যানেলে আসাদ চৌধুরীর সঞ্চালনাগুণে জনপ্রিয় ‘রাত-বিরাতে’ অনুষ্ঠানটি সঞ্চালনা করতে দেখেছি তাঁকে কিছুদিন। পয়লা পর্বে খোদ আসাদ চৌধুরী ছিলেন অতিথি। পানরসিক ও আড্ডাবাজ আসাদ চৌধুরীকে নিয়ে রাতের ঢাকা শহর ঘুরতে-ঘুরতে অড্ডা দিচ্ছিলেন দুজনে। ছবিটা মনে অমলিন আছে দেখতে পাচ্ছি।

সাহেদ চলে গেলেও তাঁর ‘রোকযানা’ অমলিন থাকবে মনে। যেমন অমলিন থাকছে রকগান ডেলিভারি দেওয়ার ঘটনায় তাঁর পাগলসত্তাটাও। আপনি, স্মরণে থাকবেন ম্যান! আমাদের তারুণ্যকে প্রবল মাতিয়ে তোলা ওই সময়টার স্মৃতি হয়ে, যেখানে ‘রোকযানা’র নস্টালজিয়া অন্তত আমার কাছে আজো অমলিন!

—আহমদ মিনহাজ : অবদায়ক : থার্ড লেন স্পেস

. . .

Gaan Neben Gaan Album; Artist: Shahed; Source: Ektaar Music Official YTC

. . .

… থার্ড লেন স্পেস-এ ‘গুণিজন স্মরণ’-এ প্রাসঙ্গিক আরো দেখুন …

‘অক্ষর ও বালির পৃথিবী’তে কবির অনন্তযাত্রা

‘জোলিন’, কেড়ে নিয়ো না : স্মরণে ডলি পার্টন

মারজান সাত্রাপি : পারস্যে অগ্নির সুবাস

উজ্জ্বল ‘এই’ নিঃসঙ্গ পরিব্রাজক!

রঘু রাইয়ের ‘শরণার্থী’

মুস্তাফা মনোয়ার : স্মরণে সতত ‘শিল্পমেধাবী’

প্রাজ্ঞের প্রয়াণ দেহত্যাগ মাত্র : সুমন বনিক

অসমাপ্ত লড়াই ও আহমদ রফিকের প্রস্থান

বৃক্ষনাথ কমল চক্রবর্তী

সফিউদ্দিন স্যারের সহজ প্রজ্ঞা

সৈয়দ মনজুরুল ইসলাম তবে কার জন্য ‘বাঁচবেন’!

কাঞ্চনজঙ্ঘা জুবিন

ওজি অসবর্ন — বিদায়, ক্লেদজ কুসুম

মৃত শহরে এক ‍গুণী

ও তরঙ্গ লাফাও

সৌমিত্রর স্বদেশ

প্রথা ও প্রতিমার দেশে সন্‌জীদা খাতুনের শেষযাত্রা

প্রতুলকে বিদায় বলাটা যে-কারণে সম্ভব নয়

. . .

আহমদ মিনহাজ : অবদায়ক : থার্ড লেন স্পেস.কম

আহমদ মিনহাজ-এর অন্যান্য রচনা ও প্রাসঙ্গিক পাঠের জন্য এখানে চাপুন

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 16

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *