দেখা-শোনা-পাঠ - পোস্ট শোকেস

নানারকম গানের স্মৃতি ভুবনজোড়া প্রাণের স্মৃতি-২ : যশোধরা রায়চৌধুরী

Reading time 4 minute
5
(10)
Leonard Cohen; Image Source & Credit: Collected; Google Image

Suzanne takes you down to her place near the river
You can hear the boats go by, you can spend the night beside her
And you know that she’s half-crazy but that’s why you want to be there
And she feeds you tea and oranges that come all the way from China
And just when you mean to tell her that you have no love to give her
Then she gets you on her wavelength
And she lets the river answer that you’ve always been her lover
And you want to travel with her, and you want to travel blind
And then you know that she will trust you
For you’ve touched her perfect body with your mind

লেনার্ড কোহেনের গানটা… খুব ভুলভাল ছিল আমাদের আশি দশকের প্রেমগুলো। সত্তর থেকে আশিতে আসতে আসতে আমরাও পালটে গেছি। ইদানীং পুরনো গান শুনে বুঝি, আমার প্রেমধারণা কতটাই উড়ুক্কু, আদর্শবাদী তথা মূলে নষ্টদুষ্ট ছিল। এই সেদিন এরিক রোমেরের দ্য গ্রিন রে, ছবিটা পুরোটা দেখতে খুব কষ্ট হলো, এত ক্লিশে লাগছিল নায়িকাকে… এত বোকা বোকা লাগছিল, এত বেশি দ্যাখানেপনা মনে হচ্ছিল ওই দ্বিধাকে সংশয়কে, হঠাৎ কেঁদে ফেলা বা হঠাৎ উঠে যাওয়াকে… মুডি মেয়েটির সবটাই অসহ্য। অনেকক্ষণ পরে টের পাই, আসলে এরিক রোমেরের কথনের এই নায়িকা একেবারে হুবহু ৩০ বছর আগেকার আমি! সেরকমই মেজাজি, ভাল লাগা মন্দ লাগায় বিধুর। খ্যাপা। যেরকম বাক্স বদলের অপর্ণা সেন

আমরা আমাদের কুড়ি বা বাইশে, ঠিক ততটাই আত্মকেন্দ্রিক, ততটাই আত্মরতিময়, নার্সিসিস্টিক, যা দিয়ে নিজেকে প্রেমের ট্র্যাজেডির নায়িকা বানানো চলে… আমরা ততটাই ছিলাম অন্ধ, ততটাই কাব্য-কাব্য, যাতে বারবার হৃদয় ভেঙে ফেলা চলে।

প্রেমের কবিতা আর ভাল করে লেখাই হলো না। ২৮ বছর পেরিয়ে গেলাম, প্রথম কবিতা কোথাও ছাপা হতে-হতেই। ওই-যে আগেই বলেছিলাম, এক সম্পাদক বইমেলায়, আমার বইপুস্তক বেরুনোর পরের প্রথম বইমেলায়, যখন প্রতি কাগজেই প্রায় এক আধখানা মোক্ষম উচ্চকিত কবিতা বেরুচ্ছে, না প্রেম নিয়ে না, গোলোকায়ন, থুড়ি গ্লোবালাইজেশন, নতুন অর্থনীতি, পণ্যময় ভুবন নিয়ে… তৈরি লেখা বলছে লোকে, কারণ তার আগের দশ বছরের লেখালেখি তো প্রকাশ পায়ইনি… কাঁচা লেখারা হাপিশ হয়েছে আলমারির ভেতর। তাই, সেই অধুনাপ্রয়াত সমীর মজুমদার দা, মেদিনীপুরের… বলেছিলেন, এতদিন কোথায় ছিলেন?

২০ বা ২১ বছর বয়সে মানুষ প্রেমের কবিতা দিয়ে কবিতালেখার খেলাটা শুরু করে। সেইসময়ে আমার সব কবিতাই ছিল ডায়েরির ভেতরে বন্দি। খুব অল্পসংখ্যক কারুকে পড়িয়েছি। বেশিটাই না পড়ানো। সেই কনফিডেন্স নেই। কাকে পড়াব! আমার প্রিয় কবিদের বেশিরভাগ পুরুষ, অনেক বড়ো বড়ো ব্যক্তিত্ব, ধরাছোঁয়ার বাইরে, বিশেষত ভালবাসি তারাপদ রায়, শান্তনু দাশ, তন্ময় দত্ত, শক্তি, শঙ্খ। সুনীলের শরীরীভাষ্য পছন্দ নয়। আসলে ওই উন্মুক্ত লিবিডোর কবিতা তখনো নিতে পারি না। খুব ডেটলেধোয়া আমার চিত্ত তখন। নবনীতা দেবসেন পড়ি, বিজয়া মুখোপাধ্যায় পড়ি, কিন্তু আমাকে তড়িতাহত করেছেন কবিতা সিংহ। ১৩ বছর বয়সে , মানে ১৯৭৮ সালে। প্রথম বেথুন ইস্কুলের ১২৫ বছর উদযাপনের স্মরণিকাতে পড়েছি কবিতা সিংহের সেই আশ্চর্য কবিতা ‘আমিই সেই মেয়েটি’ আমার নারীবাদে হাতেখড়ি। র্

Ami Sei Meye: Kabita Singha; Collage; Image Source & Credit: Collected; Google Image

১৪-১৫-১৬ খাঁচায় বন্দি পাখির মতো আড়ালযৌনতা যাপন করেছি শুধু। জানালার ফাঁকে পাড়ার ছেলেকে সাইকেলে চেপে যেতে দেখা। আর ঘনঘন দীর্ঘশ্বাস মোচন। মেয়ে ইশকুলে পড়ি। বুকের কাছে ব্যাগ টেনে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে স্কুলবাসে উঠি। সেইসব দিনকাল, ‘রাস্তার ছেলেরা’ আওয়াজ দিচ্ছে। ক্রিকেটের বল এসে পিঠে লাগলে একজন বলছে ‘দেখে ভাই!’ অন্যজন বলছে ‘ও দেখেই মেরেছিল’। কর্ণমূল আরক্তিম হচ্ছে অথচ উপেক্ষা শিখছি। এই দশার পরের দশা কলেজে যাওয়া ও প্রেমের বীজতলায় অজস্র এন্ডিগেন্ডি প্রেম রোপণের পর একজনকে বেছে নেওয়া ও ব্যর্থতা।

কেন আমার প্রথম প্রেম ব্যর্থ হলো? ব্যর্থ হওয়া মানে কদিন পরে কেটে যাওয়া বা বিয়ে অব্দি না পৌঁছানো। সেটাও তখন একটা বড় ক্রাইটেরিয়া। এখন বোধ হয় ততটা না। কেন প্রেম ব্যর্থ হতো? হয়? এখনো, তখনো, বুঝিনি। আমার মধ্যে প্রেম করার মেটিরিয়াল কম আছে তখন ভাবতাম। এখন ভাবি বেশি আছে… এত স্বাধিকারসম্পন্ন আপসহীন এবং উচকুম্বো খ্যাপা ছিলাম-যে প্রেমের প্রতি দায়বদ্ধতা বা কোনো একজনের প্রতি আনুগত্য সম্ভব হতো না? ইচ্ছে করেই ভুল প্রেমিক বাছতাম? যাতে পরিণতি না পায়? কে জানে কী? তবে নিট ফল অনেক অনেক বেদনা, নিখাদ কষ্ট, পশ্চাত্তাপ…

প্রথম প্রেমিক তখন সেটল ডাউন হতো কার কী ভাল লাগে তার লসাগু গসাগু কষে। তোর কী গান ভাল্লাগে? তোর কী বই ভাল্লাগে? তোর অমুকের আঁকা ভাল্লাগে? আঁকতে পারিস? গাইতে পারিস? এইসব। তাছাড়া ক্যান্টিন টেবিলের উল্টোদিকে বিঁধে যাওয়া চাউনি গিলতে না পারা। তাও কারণ।

প্রথম প্রেমিককে প্রথম চুমু খেতে তখন তিন মাস প্রেম করা লাগত। এরকমই কথিত ছিল সে অরণ্যের প্রাচীন প্রবাদে। আরও কত এরকম ছিল। সেই চুম্বন বড়ো শীতল হলো, নিজেকে ফ্রিজড ভেবে আরো কয়েক মাস কাটার পর মনোগত যে-মিল সেগুলোও আর খুঁজে পেলাম না। ব্রেকাপ হয়ে গেল। প্রথম প্রেম একবারই তো ভাঙে। কিন্তু মনে হয় সেই ভাঙাটা সবচেয়ে কাতর করে যায়। প্রেম বুভুক্ষুরা ভাবতে বসে আমার কী কী ভুল ছিল। অমুক দিন ওকে হতাশাগ্রস্ত গলায় বলেছিলাম, তুমিও মিথ্যে বলো? তমুক দিনে আমার মা হঠাৎ রূঢ় ব্যবহার করেছিল ওর সাথে? এইসব কারণেই ভেঙেছে? অনন্ত ভাবনা, অজস্র রকমের দ্বিধা ও সংশয়। যেন সারাজীবনে আর কখনো প্রেম আসবে না। আর কোনোদিন প্রেম করে উঠতে পারব না আমি।

এখন, শুধু এখন কেন, আমাদের থেকে দশ বছরের ছোটরাই, ক্যাজুয়াল হয়ে গেল, সর্বসমক্ষে বলা শুরু হলো, ওটা ঘটেছিল আমার প্রথম ব্রেকাপের পর, ওই শাড়িটা কিনেছিলাম আমার দ্বিতীয় ব্রেকাপের পর। ব্রেকাপ থেকে ব্রেকাপে যেতে যেতে জলচল হয়ে যায় এখন সব। আমাদের হতো না। তাছাড়া আশেপাশে অনেক দিন যাবত বান্ধবীরা বিয়ে করে ফেলছে, প্রেম করে বা না করে।
. . .

. . . আগের পর্ব পড়তে নিচের লিংক চাপুন …

নানারকম গানের স্মৃতি ভুবনজোড়া প্রাণের স্মৃতি-১ : যশোধরা রায়চৌধুরী

. . .

থার্ড লেন স্পেস-এ প্রাসঙ্গিক আরো দেখুন

শঙ্খ ঘোষ : ‘কবিতায়িত বিদ্যুৎ’ এবং অন্যান্য : ড. শিবশঙ্কর পাল

‘লিবিডো’ : গত শতকের কবিতা : কামাল রাহমান

গানালেখ্য : হদয়ের কী হয়

হেটামারানি জীবন ও তারাপদ রায়ের কবিতা

এক অকথিত প্রেমের সুগন্ধ

. . .

লেখক পরিচয় : যশোধরা রায়চৌধুরী : ওপরের ছবি অথবা লিংক চাপুন

. . .

যশোধরা রায়চৌধুরী : অবদায়ক : থার্ড লেন স্পেস.কম

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *