ক বি তা সি রি জ
বাঁশপাতা উড়া দিন : নাহার মনিকা

১
এই তৃষ্ণা জেগে থাকবে পিপাসার মতো,
অন্য কোনো জলে কখনো হবে না।
একঝাঁক অনুসারীদের মতো
বাঁশপাতা স্রোতে অনুমেয় ক্ষত,
অন্য কোনো হাতে হবে না, হবে না।
নিজেই অঙ্কিত হবে নিজস্ব বাহুতে
উল্কির পেলব ছাপে প্রবল উচ্ছাস,
শুকনো দূর্বায় যদি অন্য কোনো ঘাস,
চরাচরে জলে বাঁশপাতা ওড়া
দ্বিখণ্ডিত হ্রস্ব-দীর্ঘ শ্বাস
মুহূর্তকে বানিয়েছে মহাকাল
বাঁশপাতা সংগে নিয়ে উড়ে যায়।
উড়ে গেছে, গতকাল।
. . .
২
হতে বললে আমি আর বাঁশপাতা হবো না।
পাগল!
মসৃণ রেখাংশ দেখো,
ওখানে আগুন আছে।
পায়ের পাতা পুড়বে জেনেও যাই
না, পোড়েনি
শুধু কিছু হিসহিসে ডাক
এঁকেবেঁকে মুদ্রাছাড়া নেচে উঠলো।
হাত ছাড়া হয়, বলো!
আঙুলের স্পর্শ ছাড়া?
অথবা তর্জনীর জোরে তুড়ি মেরে ওড়া!
হতে বললে বংশীবাদক,
নেহাত বাঁশের বাঁশি হওয়া যায়, বলো?
. . .
৩
পায়ের নিচে কিছুটা সাগর চলে আসে
কিছুটা সূর্যাস্ত থেকে গনগনে চোখ
মাথার ভেতরে তবু অন্য অসুখ
উড়ে যায় পাতা, বাঁশপাতা হাত
অন্য কোনো সুখে অবাধ্য চোখ
অন্য কোণে জ্বলে ওঠে ঝাঁকের মশাল।
অথচ সমুদ্র দূরে নুয়ে ছিল, লাল।
. . .
৪
কেউ যদি বলে আমি চেষ্টা করিনি,
ভুল হবে।
ব্রহ্মাণ্ডের স্পন্দন নিজের বুকে ধরে রাখতে
হা খোলা মুখে কতবার দীর্ঘশ্বাস নিলাম!
কী-রকম মেঘ ছিল, তবু
হাওয়া বুদ্বুদ হয়ে উড়ে গেল।
আমি বাঁশপাতা, ত্রিখণ্ডিত হই
তলিয়ে যাওয়ার আগে
নিমীলিত সন্ধ্যার গায়ে
অকম্পিত পাখসাট দেখে
ওড়ার প্রয়াস দেখাতে পারিনি
যদি বলে, ভুল হবে।
তামাটে রোদের তাপে বুক পুড়ে খাক
আমার কথার দামে নিলাম বিকাবে
অনবদ্য স্রোত এসে হাঙর ঠেকাবে
বিষদাঁতে দুধভাত খাওয়ার রেওয়াজ
দেখে দেখে সপাটে হেসে দেইনি—
যদি বলে, ভুল হবে।
. . .

৫
নদীর পেট থেকে টাল টাল অন্ধকার উঠে আসে।
অন্ধকারের শব্দে আর ভয় করে না।
আধখোলা চোখের পাতা ভেদ করে দেখে ফেলি
গহন, পাতাল সড়কের রঙ
বেনীআসহকলার শেষ স্বার্থপরতা।
কী কারণে সবকিছু তেতো লাগে,
কড়া পাকে মেথির ফোড়নে
রান্নাঘরে বাঁশপাতা ওড়ে।
ফুলের স্তবক থেকে খুলে পড়ে যাই
ফাঁপা কথা বলা বার্ষিক তোরণে ছিলাম
দলছুট কিছু উড়ে যাই
কিছুটা তলদেশ নিয়ে টান দেয় জলচর চোখ
গা মুচড়ে উঠে আসি
মাঠের বিবর্ণ কিছু ঘাসে
অহেতুক রোদ এসে দাবি করে বন্ধু বন্ধু খেলা।
আমার কি সয়, বলো?
তোরণ শোভিত করে আমিও যে
বাঁশপাতা ঝাঁকে
সেখানে দিবস রাত বৃষ্টি লেগে থাকে
রোদের জায়গা কই?
শিরায় রেখায় অন্ধকার,
স্রোতে তীব্র টান দিচ্ছে,
উলটে যাচ্ছে বাঘবন্দি খেলা।
এর মধ্যে আমিও তো কড়াপাক তেতো
আমারও তো শ্বাসবন্ধ বিস্কুট দৌড়।
. . .
৬
হাতের তালুতে ছিল আপেলের লোভ
আঙুলের ছাপ ক্ষয়ে ক্ষয়ে যাক
উড়ন্ত পাতার মত পরীরা আসুক
শুষে নিক সংসারের ঝোঁক
হস্তরেখা নিয়ে নিক, মুছে নিক
সন্ততির কপালের দাগ।
রোদখাওয়া দিনে কচি বাঁশপাতা
গ্রীবার কোমল খাঁজে ফুটে থাক
পার্শ্বচিত্র, মুখ।
অদেখা ভ্রূণের কথা ভেবে কান্না পাক
ব্রীড়া থেকে, ক্রীড়ার অপর নাম
অরোহণ হোক।
নেমে নেমে যাও, স্ক্রল ডাউন।
মৃত্যুর বিষাদে আঙুল কাঁপুক।
বাঁশপাতা দুলে উঠে
শত শত চোখ না পেয়ে কাঁদুক।
. . .
৭
বাঁশপাতা হয়ে আছি।
কোনো এক রাজসিক মালার ভেতর।
ভয়ে ন্যুব্জ আছি, আতঙ্কে কুঁজো।
কখন যে মানবসভা বরাহের শিশু হয়ে গেল!
নীল শূন্যে উড়ে গেল চার হাত, দশের আঙুল
কিছুমাত্র হাজার বছরে।
জাদুঘরে অযুতবর্ষী হাড় বাঁকা হয়ে শোয়।
নাই হওয়া চোখ দিয়ে হাসে।
ফিসফিস কহতব্য
বলে ফেলি — ভালো ছিলি রাই
বাতাসের আগে চলে গিয়ে, বাঁশপাতা হয়ে।
একা একা বাঁশপাতা উড়ি
মহাশূন্যে বিষণ্ণ ঘুড়ির মতন
তোমার বাতাস এসে আমার হাওয়াতে মিশে যায়।
আমার পথের ঘাস তোমার লালিত দূর্বায়।
ক্রমে ক্রমে সবাই দ্বিতীয় সারিতে চলে যায়
যেমন বাতাস যায় বাঁশপাতাদের পিছে পিছে।
. . .
লেখক পরিচয় : নাহার মনিকা : ওপরের ছবি অথবা এখানে চাপুন
. . .

অবদায়ক : নাহার মনিকা : থার্ড লেন স্পেস.কম



