ক বি তা সি রি জ
বিরহযাপনকাল-২ : মেকদাদ মেঘ

২১.
বিরহ দেবদূত ফেরেশতা কিংবা মেঘদূত নয়,
বিরহকে ঘাড়ে তুললে মাথায় উঠবে
কোনো কিছুকেই মাথায় তুলতে নেই।
২২.
ঘুমহীন জানালা সারারাত নৃত্য করে বাতাসে বাতাসে পর্দা নড়ে, কেউ আসে না,
নড়েও না
তবু মুঠো মুঠো কুয়াশা তোমার হয়ে বসে আছে।
২৩.
ট্রেন চলে গেলে স্টেশনে পড়ে থাকে আলো,
বিচ্ছেদও ধীরে ধীরে রেললাইন হয়ে যায়।
২৪.
মানুষ একা তবু মানুষকে নিসঃঙ্গ দেখায় না,
অনুপস্থিতি দাঁড়িয়ে থাকে নিভৃত প্রতিকৃতির মতো।
২৫.
বইয়ের ভাঁজের ফুলটি ফুল নেই, শুকনো পাপড়ি
তবু গন্ধে বসন্ত আজও মৃত্যুবরণ করেনি।
২৬.
তোমাকে হারানোর পর কতকিছু ছোট হয়ে গেছে,
রাস্তা দরজায় থামে — দরজার ওপারে কেউ নেই,
যদিও বিরহেরও ঠিকানা থেকে যায়।
২৭.
চলে যাওয়া বুকের ভেতর যেন নক্ষত্রের আত্মহত্যা। স্মৃতির উঠোনে নূপুরশব্দ যেন জল্লাদের তরবারি।
২৮.
তুমিহীন রাত কৃষ্ণগহ্বরের মতো,
বিদায়ের চুম্বন বিষাক্ত কেউটে হয়ে দংশন করে।
২৯.
শূন্যতা নিঃশব্দ সুনামির মতো,
যা প্রতিদিন সাজানো পাঁজর ভেঙে যায়।
৩০.
বৃষ্টিজল ফুরিয়ে গেলেও মেঘের ভারী পাথর বুকেই রয়েছে। বিচ্ছেদ যেন
জ্বলন্ত ক্যাকটাস,
কাঁটাগুলো মনের গভীরে সুগন্ধি ফুলের মতো ফুটে।

৩১.
বিরহের নীরবতা জীবন্ত সমাধিক্ষেত্রের মতো, প্রতিদিন নিজের লাশ নিজেই দাফন করে।
৩২.
চোখের জলের ফোঁটা এ কেমন অবহেলা
যেন সাজানো তাজমহলে পারমাণবিক বিস্ফোরণ।
ভালোবাসার অপমৃত্যুতে সুখ নেই
শুধু রক্তাক্ত একাকিত্ব প্রতিফলিত হয়।
৩৩.
বিরহ আছে বলে মিলন মৌলিক শিল্পমর্যাদা পায়।
৩৫.
নিঃস্তব্ধতা মাথা নাড়ে—
যেন মৃত নদীরও গোপন স্রোত রয়েছে।
৩৬.
বিরহঘড়ির কাঁটা নিকটে থেকেও মিলিত হয় না।
স্মৃতির বারোটা বাজলেও
বুকের ভেতরের দরজা সহজে খোলে না।
৩৭.
আঙুলে আঙুলে জলরেখা নেমে যায়—
তুমি কি এভাবেই পৃথিবী থেকে চলে যাবে হায়?
৩৮.
অনুপস্থিতির রঙ যত দেখি, ততই গভীর হয়
রাত্রির ক্যানভাস মহাকাশ অসমাপ্ত জেগে রয়।
৩৯.
নির্বাসিত পাখিস্মৃতি প্রতিটি সন্ধ্যায়
জানালায় ফিরে আসে, ফিরে আসে দরজায়।
বিরহ বুঝি ঘরের চেয়েও বড়ো মহাকাশ দেখায়।
৪০.
আয়নার ভিতর আয়নায় তোমাকে
কুয়াশার মতো দাঁড়িয়ে থাকতে দেখেছি,
সময় নিজেই যেন গেছে বিরহনদীর কাছাকাছি।
. . .
… থার্ড লেন স্পেস-এ আগের পর্ব পাঠের জন্য নিচের লিংক চাপুন…
. . .
লেখক পরিচয় মেকদাদ মেঘ : এখানে অথবা ওপরে ছবিতে চাপুন
. . .

অবদায়ক : মেকদাদ মেঘ : থার্ড লেন স্পেস.কম



