আসুন ভাবি - পোস্ট শোকেস

শিল্পের সীমানায় ‘অ্যাকশন আর্টিস্ট’ : রোজেনবার্গ বিতর্ক

Reading time 9 minute
5
(23)
দ্রষ্টব্য : ‘অ্যাকশন আর্ট : প্রত্যুত্তরে রোজেনবার্গ’ : মোস্তাফিজুর রহমান জাভেদ-এর পাঠব্যাখ্যা পড়তে সংযুক্ত পিডিএফ দেখুন।  ডেক্সটপ/ ট্যাব ডিভাইস হলে সরাসরি এখানে পড়তে পারবেন। মোবাইল ডিভাইস হলে পিডিএফ লিংক চাপুন অথবা সরাসরি ডাউনলোড করে পাঠ করুন।

. . .

হ্যারল্ড রোজেনবার্গকে নিয়ে আমার তোলা কিছু প্রশ্ন ও প্রসঙ্গের বিস্তারিত প্রত্যুত্তরটা পড়লাম জাভেদ। রোজেনবার্গের The American Action Painters নিয়ে ব্ল্যাক স্মিথের Art must Act-এর ভাষান্তর ও আর্ট ফর অ্যাকশন সংক্রান্ত তর্কালাপটা পূর্ণতা পেলো বলে মনে হচ্ছে। রোজেনবার্গের অ্যাকশন (Action) বিষয়ক ভাবনা ও প্রস্তাবনার দার্শনিক গভীরতা আপনার আলোচনায় বিস্তারিত উঠে আসায় আগে তোলা প্রশ্নগুলোর উত্তর মিলেছে অনেখানি। দু-এক জায়গায় তবু, হতে পারে আমার পাঠ-সীমাবদ্ধতার কারণে ধরতে অসুবিধা বোধ করেছি। সংক্ষেপে সেগুলোর দৃষ্টি দিতে চাই। আপনি লিখেছেন :

রোজেনবার্গের দাবি, আমরা এখন যে-সময়ে বাস করছি তা হলো ‘পোস্ট–আর্ট’-এর যুগ; কারণ এখন আর কেউ নেই;—শিল্পীও নয়, সমালোচকও নয়;—যে ‘শিল্প’ বলতে ঠিক কী বোঝায়, তা সংজ্ঞায়িত করতে পারে।

—দ্রষ্টব্য : ‘অ্যাকশন আর্ট’ : প্রত্যুত্তরে রোজেনবার্গ, পৃষ্ঠা ৬

এটা গুরুত্বপূর্ণ উপলব্ধি। রোজেনবার্গ তাঁর ধীশক্তি ও পর্যবেক্ষণে আগেভাগে ধরতে পেরেছিলেন,—শিল্পের বাজার কেন্দ্রিক অর্থনীতি সমাজকে এমন এক স্তরে আগামীতে যেতে বাধ্য করবে, যেখানে একজন সৃষ্টিশীল ব্যক্তির পক্ষে নিজের ভিতর থেকে উৎসারিত বোধ ও অনুভবে সৎ থেকে শিল্প সৃষ্টি ও মানুষের কাছে পৌঁছানো কঠিন হবে। একটা সময় শিল্পী ও শিল্প সমালোচক যেমন শিল্পের লক্ষ্য-উদ্দেশ্যকে বিচিত্র উপায়ে সংজ্ঞায়িত করেছেন, যেগুলো আবার শিল্পীর অ্যাকশনকে প্রভাবিত করেছে তখন,—আগামীতে এরকম কিছু থাকবে না। উনি কিছু ভুল অনুমান করেননি। একুশ শতকে এসে এটা সত্যিই লুপ্ত বা তার প্রভাব অতীতের মতো তীব্র নয়।

খেয়াল করলে দেখছি, পোস্ট-মডার্ন ভাবধারা প্রবল হওয়ার দিন থেকে জ্ঞান-বিজ্ঞান-শিল্পকলার প্রতিটা শাখায় সংজ্ঞায়নের একচ্ছত্র প্রভাব হ্রাস পেয়েছে। এগুলো এখন দেরিদীয় শর্ত মেনে ‘আন্ডার ইরেজার’-এ হামেশা বিবেচনাধীন থাকে। ফলত, কেন্দ্রিকতার পরিবর্তে বিকেন্দ্রিত হওয়ার তাগিদ শিল্পের অ্যাকশনকে এখন অনেকবেশি মোটিভেট করে। বিষয়টি একদিক থেকে উদ্বেগজনক! শিল্প সৃষ্টির নাম করে স্বেচ্ছাচারিতা ও বাজারি হওয়ার ঝুঁকি আগের চেয়ে ঢের প্রবল হয়েছে বিশ্বে।

এটা গেল একটা দিক। অন্যদিকে, বাজারি শিল্প থেকে কিছু সারার্থ নিষ্কাশিত হচ্ছে না,—একথা কী করে বলি! যেমন ধরুন, একটা সময় আর্টহাউজ সিনেমাকে আমরা প্রকৃত অ্যাকশন আর্টের নিদর্শন গণ্য করেছি। মূলধারার বাণিজ্যিক সিনেমাকে তখন নেতিবাচক চোখে দেখেছেন সিনেমাবোদ্ধা লোকজন। দর্শককে ইল্যুশনের ফাঁদে ফেলে অবাস্তব জগতে আটকে রাখা, তার সহজাত বিচারবুদ্ধি ও যে-কোনো বিষয়কে ক্রিটিক্যাল পয়েন্ট থেকে দেখার শক্তি ভোঁতা করে ফেলার অ-শিল্পিত কৌশল বলে একে ভাবা হতো। পোস্ট-মডার্ন ক্রিটিক এই দেখাটাকে নাকচ করে নতুন ন্যারেটিভ হাজির করছে। আর্টহাউজ সিনেমাকে বরং অনেকক্ষেত্রে সময়-সমাজ ও পরিপার্শ্ব থেকে বিচ্ছিন্ন এক শৈল্পিকতা রূপে ব্যবচ্ছেদ করছেন পোস্ট-মডার্ন কোনো ক্রিটিক। তিনি দেখাচ্ছেন :—

সিনেম্যাটিক শৈলীর গভীরতা আর্টহাউজে রয়েছে, কিন্তু তার মধ্যে প্রাণবন্যার অনুপস্থিতি পীড়াদায়ক! সাধারণ দর্শক এর ভাষায় একীভূত হতে পারছে না বা তার জীবনবোধে জায়গা দেওয়ার তাড়না মনে তীব্রও হচ্ছে না! দর্শক জাস্ট আর্টহাউজ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আর্টহাউজ স্বয়ং হয়তো রোজেনাবার্গের ওই রিহার্সড অ্যাকশনের ফাঁদে পড়ায় তার আবেদন ও বাজার কোনোটাই তাকে বাঁচিয়ে রাখার মতো যথেষ্ট সবল নয়। যেখানে, মূলধারার বাণিজ্যিক ছবির আরোপিত আবেগ ও মাত্রাতিরিক্ত ভাবলুতার মধ্যে দর্শক নিজের ইমোশনকে খুঁজে নিচ্ছে। এর সঙ্গে রিলেট করার ক্ষণে ওটা ‘রিহার্সড’ অথবা ‘অন্যকিছু’… এসব তাকে বিচলিত করে না।

সিনেমায় ভিলেনের কথা ধরুন। ওই ব্যাটা যখন হিরোর হাতে মার খায়, পাবলিক হলে সিটি বাজায়। কারণ, বাস্তবে যারা ভিলেন হিসেবে সমাজে ছড়ি ঘুরাচ্ছে, তাদেরকে মার দেওয়ার সাধ্য বাকিদের নেই। রঙিন পর্দার ভিলেনকে হিরোর হাতে মার খেতে দেখে ভিতরে অবদমিত আক্রোশ কিছুটা হলেও তারা বের করে দিতে পারছে। শিল্পের উদ্দেশ্য যদি হয় অ্যাকশনের ভিতর দিয়ে মানুষকে সংযোগ করা, এখন তা মেকি হলেও এখানে ওটা ওয়ার্ক করছে।

বাণিজ্যিক সিনেমায় ব্যবহৃত উপকরণ অবাস্তব জেনেও মানুষ একে তাই আপন ভাবছে। কারণ, বাস্তবে তার অস্তিত্বিক সংকট ও উদ্বেগ এত গভীর,—সার্ত্র বা কামুর মতো করে নিজের দায়িত্ব সে ভাবতে অক্ষম। তাকে আমরা ‘সত্তাহীন’ ভাবতে পারি। নিজের অবনমন সে অনুভব করে, আবার এও বুঝে,—এটাকে ভেঙে বেরিয়ে আসার চাবি তার হাতে নেই। ফলাফল?—হিরোর মধ্যে নিজেকে সে প্রতিস্থাপন করে। অ্যান্টি হিরোর মাঝে নিজেকে দেখে। সিনেমার পর্দায় ভায়োলেন্সের বাড়াবাড়ি তাকে যে-কারণে অতটা বিচলিত করে না! এটা বরং এনজয় করছে সে। যেহেতু, বাস্তবে সংঘটিত ভায়োলেন্সকে সিনেপর্দার মিথ্যে বিভ্রমে নিরাকরণ করার একটা অবকাশ এসব ছবি তাকে দিচ্ছে। এটাও একধরনের অ্যাকশন আর্ট নয় কি? রোজেনবার্গের আ্যকশন আর্টের ফ্রেমে বসে এর সারার্থ নিষ্কাশিত করা যদিও কঠিন।

এই জায়গা থেকে যদি ভাবি,—আর্টহাউজ মুভি সহিংসতাকে যেভাবে ক্যামেরায় ধরে, সেখানে এর শৈল্পিক মান ও অ্যাকশনটা খাঁটি হতে পারে, কিন্তু সমাজের সর্বস্তরে গভীর আবেদন ছড়াতে পারে না। শিল্পবোদ্ধা ও শিল্পরুচির অধিকারী, শিক্ষিত ও চিন্তা করতে শিখেছেন,—এরকম ছোট্ট পরিসরে আবেদন ও তাৎপর্যটা বন্দি থাকে। ফিল্প সোসাইটি মুভমেন্ট থেকে শুরু করে বিচিত্র পথে চেষ্টা করেও বেশি সংখ্যক মানুষকে তাই আর্টহাউজ ছবিতে সম্পৃক্ত করা যায়নি।

পক্ষান্তরে, বাণিজ্যিক ছবি একালে যে-পর্যায়ে পৌঁছেছে, সেখানে আর্টহাউজের নানান কারিকুরি তাকে চতুরভাবে ব্যবহার করতে দেখা যায়। গুণগত মানের জায়গায় প্রবণতাটি নতুন বিবর্তন নিয়ে এসেছে। ভাবালুতা কাজে লাগিয়ে কল্পবাস্তবতা পর্দায় সৃষ্টি করা ও এর মধ্য দিয়ে মানুষকে বিনোদিত করার পুরোনো প্রথা আবার সঙ্গে রেখেছে সে! বাণিজ্যিক সিনেমায় জন্ম নেওয়া অ্যাকশন আর্ট মেকি ও ফর্মুলা সর্বস্ব হওয়া সত্ত্বেও যে-কারণে অর্থ উৎপাদন করছে নানাভাবে। মানুষের কাছে প্রয়োজনীয় বার্তা পৌঁছে দিচ্ছে বা একালের দর্শক একে এভাবে বুঝে নিচ্ছেন।

Bangladeshi Mainstream Movie Dialogue; Movie: Mittudata; @thirdlaesoace.com

কথার কথা, ‘ছেড়ে দে শয়তান, তুই আমার দেহ পাবি, মন পাবি না’র মতো ডায়ালগকে একটা সময় যৌন সুড়সুড়ি ভাবার রেওয়াজ ছিল। দর্শক মজা পেয়েছে ওটা শুনে। অশ্লীল এক চোরাসুখ তার ভিতরে তখন কাজ করত। এই ধরনের সংলাপ এলো কোথা থেকে? এর উৎস কোনখানে? রোজেনবার্গের সময় যদি আমলে নেই, তাহলে শিল্প সমালোচকরা একে পুঁজিবাদী বিকারের উপজাত বলেই দাগিয়ে দিতেন। মানুষের শিল্পরুচি তৈরি হওয়ার মতো অনুকূল পরিবেশের ঘাটতি হিসেবে ব্যাখ্যা করতেন। বাজার ও প্রতিষ্ঠানের কংক্রিট চাহিদার সঙ্গে শিল্পীর আপস বলতে দেরি করতেন না। বিচারটা ভুল তা বলছি না। তথাপি, পোস্ট-মডার্ন ক্রিটিক হাতে নিলে আপনি এই সংলাপের আদি প্রতিধ্বনি খুঁজে পাচ্ছেন যাত্রাপালায়।

সংলাপটার দেহে বিভাজনের রাজনীতি নীরবে বিরাজ করছে। যেখানে, ঔপনিবেশিক সাম্রাজ্যবাদ থেকে বেনিয়া পুঁজির মালিকের হাতে জিম্মি হওয়ার ব্যাখ্যাটি দাঁড় করানো সম্ভব। এর ফলে কেবল যৌন সুড়সুড়ির জায়গা থেকে সংলাপটিকে আপনি আর ভাবতে পারছেন না। নতুন ন্যারেটিভ তৈরি করছেন, যার কল্যাণে অর্থবহ ও শক্তিশালী ব্যঞ্জনার প্রতীকে মোড় নিচ্ছে ওটা। অ্যাকশন আর্টকে গভীরতা দানের সক্ষমতাটি এখানে জাঁ-লুক গোদারের হাই ইন্টালেকচুয়াল শৈল্পিক সক্ষমতাকে ক্ষেত্রবিশেষ অতিক্রম করে যাচ্ছে মনে হবে। Raw-Art-এর অর্থবোধক অ্যাকশন তৈরির সক্ষমতা যেমন দক্ষিণ ভারত ওরফে তামিল-মালায়ালাম সার্কিটে তৈরি মশলাদার ছবিতে আমরা এখন ব্যাপক হারে দেখছি। নিছক রিহাসার্ড অ্যাকশন বলে বাতিল এটাকে বাতিল করা কিন্তু কঠিন।

বলিউডে তৈরি হতে থাকা বাণিজ্যিক ছবির সস্তা রোমান্টিক প্যানপ্যানানিকে তামিল-মালায়লাম ছবির নতুন বিস্ফার হাস্যকর করে ছেড়েছে। আজকের রনবীর কাপুররা ওই ধাঁচে হিরোগিরি করার প্রথা থেকে তাই বেরিয়ে এসেছে। হিরোর মধ্যে অ্যান্টিহিরোর প্রাবল্য আগের চেয়ে অনেক ব্যাপক। রনবীর কাপুরের ফিল্মোগ্রাফির সঙ্গে তাঁর বাবা ঋষি কাপুরের ফিল্মোগ্রাফ আপনি আর মিলাতে পারছেন না। ‘বরফি’ থেকে ‘অ্যানিম্যাল’ অবধি জার্নিতে তাঁর নিজেকে ভাঙতে হচ্ছে। কারণ, সাউথ ইন্ডিয়ার সিনেমাটা এমনভাবে সকলের ঘাড়ে চেপে বসেছে, দর্শক সেখানে তার নিজেকে অনেকবেশি জান্তব অনুভব করে। সিনেমাটা কারনান বা পুষ্পা হতে পারে, অথবা দৃশ্যম।

সাউথের সিনেমা মানুষকে এমন নায়কের ধারণা এনে দিয়েছে, যে-এখন আর নিছক টমেটোমার্কা হ্যান্ডসাম নয়। এই নায়ক বাস্তবে হরহামেশা দেখা দর্শকের প্রতিচ্ছবি হয়ে পর্দায় আসছে। অনুরাগ কাশ্যপ হয়তো এ-কারণে বলেছিলেন,—সাউথের ছবি হিন্দি সার্কিটে তৈরি ছবিগুলোর অকাট্য ‘পরিচ্ছন্নতা বাতিক’ থেকে সরে এসেছে। তারা সুন্দর লোকেশন খুঁজতে ইউরোপ কম যায়। দেশের ময়লা রাস্তাঘাট অবলীলায় পর্দায় তুলে ধরছে। নায়ক সেখানে এর অংশ হয়ে পর্দায় হাজির হয়। পপ আর্টের এই বিস্ময়কর বিবর্তন ও ম্যাচিউরিটিকে কি করে নিছক রিহার্সড ভেবে বাতিল করি বলুন?

এগুলো তো পপআর্ট বা জনপ্রিয় সংস্কৃতির পেট চিরে বেরিয়ে আসছে মূলত। বাণিজ্যিক সিনেমায় পোস্টার-আর্ট শক্তিশালী শিল্পকলা। বদ্রিলারের হাইপাররিয়েল ঘরানায় আঁকা আর্টফর্মের আগে থেকে এটা চর্চিত হয়ে আসছিল। রোজেনবার্গের অ্যাকশনের মাহাত্ম্য উপলব্ধি ও এর গুরুত্ব সর্বান্তকরণে স্বীকার করে বলছি,—আমার কাছে তাঁর ব্যাখ্যা পরস্পরবিরোধী ও ধোঁয়াটে লাগে অনেকখানি।

তিনি টি. এস এলিয়টের সমালোচনায় যা বলেছেন, সেগুলোও ভেবে দেখার আছে নতুন করে। এলিয়ট ঐতিহ্য ও ব্যক্তিপ্রতিভার পারস্পরিক সম্পর্ক স্থির করতে নেমে ব্যক্তিকে উচ্চমার্গের ধ্রুপদি রুচি ও মননে বলি দিয়েছেন বলে মত রেখেছেন রোজেনবার্গ। সমাজে শিল্পীর সংযুক্তি ও প্রতিষ্ঠানের হাতে জিম্মি রূপে রিহাসার্ড অ্যাকশন উৎপাদনে ফতুর হওয়ার দায়কে যেখানে প্রশ্ন করার জায়গা থাকছে না।

আমি বলছি না রোজেনবার্গের অভিযোগ অযথার্থ। এলিয়টের হাতে ডিহিউম্যানাইজেশন বা বিমানবিক শিল্পকলা বিশেষ চরিত্র নিয়েছিল। বিচ্ছিন্নতা সেখানে ব্যক্তিকে শিখরস্পর্শী নিঃসঙ্গতায় পৃথক রাখে। সামাজিক দায়ের ব্যাপারে তাঁর অবস্থান অস্তিত্বিক দায় ও বাধ্যবাধ্যকতার অধীন রূপে নিজেকে ভাবেও না। সবই ঠিক আছে, কিন্তু অ্যাকশনের যে-চরিত্র রোজেনবার্গ গড়েপিটে নিয়েছেন বা একে বৈধ ও ন্যায়সংগত বিবেচনা করছেন,—তা কি সংজ্ঞা স্থির করে দেয়নি? অ্যাকশন আর্টকে শিল্পীর ব্যক্তি-অস্তিত্ব রক্ষার আয়ুধ ও ভিতর থেকে বেরিয়ে আসা ক্ষুধা রূপে বুঝে নিতে মরিয়া থেকেছেন রোজেনবার্গ; যেখানে পপআর্ট যে-বাজারি ফর্মুলায় জারি থেকেও বাজারকে নতুনভাবে ডিফাইন করে অবিরত,—বিবেচনার এই পরিসর নিয়ে তিনি কম ভেবেছেন।

বাস্তবতা আমাদের দেখায়,—বাণিজ্যিক ছবি স্বয়ং আর্টহাউজ ছবির সাবজেক্ট হয়ে উঠছে হামেশা। উপমহাদেশে মৃণাল সেনদের হাতে প্যারালাল সিনেমা জন্ম নিয়েছিল একদিন। বাস্তবে এর কিছু মৌলিক সীমাবদ্ধতা ছিল। ফর্মুলাসর্বস্ব বাণিজ্যিক সিনেমার ভালো বিকল্প হওয়ার চেষ্টা সত্ত্বেও এটা তাই সফল হতে পারেনি। পরবর্তীতে অফবিট ঘরানার বিকল্প সিনেমা, যেগুলো কলকাতায় প্রচুর তৈরি হয়,—যেখানে ছবির দেহাবয়বে বাণিজ্যের রসদ পোরা থাকে, তবে ভিতরে আর্টহাউজের কারিকুরি ঠেসে ঢোকানো হয়,—মোটা দাগে এই চেষ্টাও (ব্যতিক্রম বাদ দিলে) সফল হতে পারেনি। ঘুরেফিরে ওই বাণিজ্যিক ছবি বরং নিজেকে অ্যাকশন আর্টের নতুন সব সংজ্ঞায় বারবার ভেঙে চলেছে।

ফলাফল কী দাঁড়াচ্ছে? আমরা দেখছি, বাজার থাকলে আর্টহাউজ বানাতেন এমন নির্মাতা বাণিজ্যিক ছবির দেহকে ব্যবচ্ছেদ ও সেখানে নতুনত্ব আনার চেষ্টায় মন দিয়েছেন। বলিউড সিনে-সার্কিটে স্বল্প বাজেটের ব্যবসাসফল ছবি মূলত এঁনাদের হাত ধরে বিগত দুই দশকের বেশি সময় ধরে বেরিয়ে এসেছে। দক্ষিণী সিনেমার দাপটে কাবু হিন্দি সিনেমাকে এটা ফুয়েল দিয়ে বাঁচিয়েও রেখেছিল একটা সময় অবধি।

Movie Scene: Love, Sex Aur Dhokha by Dibakar Banerjee; Image Source & Credit: Collected; Google Iamges

কথার কথা, বলিউডের কমার্শিয়াল সর্কিটে বসে একজন দিবাকর ব্যানার্জি স্টিভেন সোডেরবার্গের Sex, Lies, and Videotape-এর নাম সোজা কপি করে Love Sex Aur Dhokha নামে ছবিখানা বাজারে এনেছিলেন। তাঁর এই কাণ্ড রিহার্সড অ্যাকশন-এ পড়ছে, কিন্তু ছবিটি দেখতে বসে দর্শক একে রিহার্সড ভাবেনি। কমেডি ধাঁচে নির্মিত ছবির গল্পে হিন্দি লরেলাপ্পা সিনেমাকে উপজীব্য করেন দিবাকর। ছবির চরিত্রদের বাস্তব জীবন অবশ্যই সিনেমাটিক নয়, কিন্তু পর্দায় যেসব কাণ্ড ঘটছে বা পরিচালক ঘটাচ্ছেন,—সেগুলো সিনেমাটিক হওয়ার কারণে দর্শকচোখে অধিক যৌক্তিক হয়ে উঠতে থাকে। মশলা সিনেমার পোস্ট-মডার্ন ক্রিটিক রূপে দিবাকরের ছবি এভাবে পৃথক গুরুত্ব আদায় করে নিলো।

সিনেমার পর্দায় যে-নকল বাস্তবতা হামেশা জন্ম নিচ্ছে, সেটা মিথ্যে হলেও প্রকৃত বাস্তবতাকে প্রভাবিত করার সক্ষমতায় ধনী। এভাবে দুটি সমান্তরাল বাস্তবতায় আমরা এখন বিরাজ করি। পপআর্ট তারই প্রকৃষ্ট উদাহরণ। বাস্তবতাকে নকল না-করে ফ্যান্টাসাইজড করায় সামাজিক বাস্তবতার চাপে সত্তাহীন মানুষকে পপ আর্ট বরং তার নিজেকে সত্তা রূপে ভাবার অবকাশ অধিক দিয়ে যাচ্ছে।

মশলা সিনেমার হিরো, অ্যান্টি হিরো, ভিলেন থেকে নায়িকার সঙ্গে রোমান্স অথবা খুল্লামখুল্লা আইটেম সং ও হাড়হিম ভায়োলেন্স… এর সবটাই ফাঁপা ভাবালুতায় চোবানো;—মানুষ কিন্তু তা জানে। তাকে এ-বিষয়ে বোঝানোর কিছু নেই। সে তবু এগুলো দেখতে ভালোবাসে। নিজেকে একটা প্রাণবান সত্তা রূপে কল্পনার পরিসরটি খুঁজে নেয়। অন্ধকার সিনেমাহলে বসে ক্ষণিকের জন্য হলেও ‘সত্তা’ হয়ে ওঠে। বাস্তবে নিজেকে এরকম ‘সত্তা’ ভাবার শক্তি তার থেকে কেড়ে নেওয়া হয়েছে। পপ আর্ট এটা এখন তাকে দিচ্ছে। এই আ্যকশনকে কীভাবে ডিনাই করি?

রোজেনবার্গ কেন পোস্ট-মডার্নের ওপর বিরক্ত তা এর থেকে বোঝা যায়। এটা আসলেও বিপজ্জনক। এর সাহায্যে সবকিছুকে যৌক্তিক ও বৈধ করা যায় অনায়াসে! পক্ষান্তরে, শিল্পের সকল সংজ্ঞাকে পোস্ট-মডার্ন চ্যালেঞ্জ করে বসে। যে-কারণে পপ আর্টে দৃষ্ট রিহার্সড অ্যাকশনটা মানুষকে অদ্য আর বিচলিত করে না। ফর্মুলার মধ্যে তারা নতুনত্ব খুঁজে নেয়। বাজারের ভিতরে বাজারকে প্রলম্বিত হতে দেখে। প্রতিষ্ঠানের ভিতরে প্রতিষ্ঠান তৈরি হয়। নিজের বাণিজ্যিক সম্ভাবনা ধরে রাখতে ফর্মুলাসর্বস্ব সকল আর্টফর্ম যা এখন অনুসরণ করতে বাধ্য।

শিল্প অবিরত উৎপাদনযন্ত্রে পরিণত হয়েছে, তাতে সন্দেহ নেই, কিন্তু একে প্রতিরোধ করা সত্যিকার অ্যাকশন আর্ট দিয়ে কতটা সম্ভব? সবই তো ছোট-বড়ো পৃথক অডিয়েন্স গড়ে নিয়েছে। যেখানে, সত্যজিৎ রায় বা মৃণাল সেন বা তারকোভস্কি, আরো ছাড়িয়ে গেলে গোদার কম লোকে দেখবে। গোদারকে আবার ওইসব পপ আর্ট প্রসূত বাস্তবতাকে নিজের সিনেমায় ব্যবহার করতেই হচ্ছে। এগুলোকে প্রশ্ন ও যাচাই করা ছাড়া তাঁর পক্ষে নিজের শিল্পীসত্তার সঙ্গে বোঝাপড়া ও পরবর্তী অ্যাকশনে গমন সম্ভব নয়।

সত্যজিৎ রায় লরেলাপ্পা সিনেমা বানাননি, যেহেতু তাঁর শিল্পরুচির সঙ্গে ওটা খাপ খায় না। অন্যদিকে একে উপেক্ষা করেছেন তা কিন্তু নয়। বেদের মেয়ে জোসনা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে ভয়ানক হিট হলো। সিনেমাবোদ্ধা দর্শক নাক সিটকাতে লাগলেন যথারীতি। হুমায়ুন আজাদ কলামে লিখলেন ‘শূন্য নেতৃত্বের দেশে রুচির দুর্ভিক্ষ’। সবই ঠিক আছে। সত্যজিৎ কিন্তু তখনো বলছেন,—তাচ্ছিল্য করো না, বরং বোঝার চেষ্টা করো,—লোকে ছবিটি কী-কারণে এতো দেখছে। কোনো একটা কারণ তো আছে দেখার! তাঁর হয়তো মনে হয়েছিল,—এমন কোনো পালস ছবিটি ধরেছে, যার মাহাত্ম্য সিনেমাবোদ্ধারা বুঝে উঠতে পারছেন না। এটাকে এখন রোজেনবার্গের অ্যাকশন দিয়ে বৈধ ও বাতিল দুটোই করা সম্ভব। যেহেতু, পপআর্টকে তিনি যান্ত্রিক করে দেখছেন;—বাস্তবতা তা বলছে না যদিও!

পপ আর্ট বা পপুলার আর্ট অস্তিত্বিক প্রয়োজনে নিজেকে ভাঙে-গড়ে। ভাঙাটা কতখানি অ্যাকশন হলো অথবা হলো না… এর পরোয়া না করেই ভাঙে। ক্রিটিকের ধার ধারে না বড়ো একটা! তার কাছে বাজার ও ক্রেতা হলো মুখ্য। তারাই সেখানে ক্রিটিক। তাদের পছন্দ-অপছন্দকে অস্তিত্বিক সারবত্তা বলে বুঝে নেয়। সুতরাং, এখানে যারা পা রাখলেন, তাদেরকে নিজের স্বভাব ও ভাবনার ধাঁচ বদলাতে হয়। এই পরিমাণ শক্তিধর হতে হয়, যে কিনা বাজারকে ম্যানিপুলেট করবে ও তার আর্ট খরিদ করতে বাধ্যও করবে।

সন্দীপ রেড্ডি বঙ্গার ‘অ্যানিম্যাল’ ছবিটির কথাই ধরুন। আলফা মেল আর মিসোজেনিস্ট কেমিস্ট্রিতে ছবিখানা বোঝাই হয়ে আছে। ভীষণ টক্সিক একটা ছবি! এর সহিংসতা জাপানি ইয়াকুজা মুভির মতোই মাত্রাতিরিক্ত। লার্জার দ্যান লাইফ আর অতি সস্তা ভাবালুতায় ঠাসা। কোনোকিছু বাস্তব নয় সেখানে। সবটাই উদ্ভট, আজগুবি ও অবাস্তব। তারপরেও মানুষ ছবিটি মহাসমারোহে দেখেছে। সন্দীপকে গালি দিয়ে যেমন দেখেছে, বাহবা দিয়েও দেখেছে। ব্যবসা তুলে আনার ট্রিক্স যদি ভাবি, তাহলে পরিচালক সফল। দ্রুত আটশো কোটির ঘর ছাড়িয়েছিল। নিশ্চয় হাজার কোটি পার করেছে এতদিনে। ওসব বাদ দিলাম। ছবিতে এই-যে রাষ্ট্র, আইন, প্রশাসন থেকে আরম্ভ করে যাবতীয় কাঠামোকে ডিনাই করছে হিরো রনবীর, বাপকে হিরো মেনে তাকে হত্যার চেষ্টায় লিপ্ত ষড়যন্ত্রীদের নিকাশ করছে হিংস্রভাবে,—সেখানে সবটাই আউট ল মনে হবে দেখে! রাষ্ট্রের অস্তিত্বকে সম্পূর্ণ ইগনোর ও ডিনাই করে ছবিটি বানাচ্ছেন সন্দীপ। পছন্দের মেয়েকে নায়ক বশ করছে টক্সিক পৌরুষের দাপটে, এবং ভালোবাসছে সাইকোপ্যাথের মতো;—অতি ঝাঁঝালো সব মশলা সত্ত্বেও ছবিখানা বেশ উতরে গেল!

উতরে যাওয়ার কার্যকারণ কিন্তু রোজেনবার্গের অ্যাকশন দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। তিনি যে-পোস্ট-মডার্ন ক্রিটিকের ওপর বিরক্ত, তা বরং এখানে কাজে লাগছে। পোস্ট-মডার্ন হাতে নিলে আমরা এই ব্যাখ্যাটা পাবো,—বাস্তবের সমাজে যখন প্রাতিষ্ঠানিক বলয় মানুষের অনুকূল থাকে না, সেখানে আউট-ল হওয়ার প্রবণতা সম্ভাবনায় দাঁড়িয়ে যায়। সন্দীপ রেড্ডি বঙ্গার নারীবিদ্বেষ ও আইনের সকল সীমানা পেরিয়ে ঘটা সহিংসতা উদ্ভট, তা-সত্ত্বেও এটি সিস্টেমের ব্যর্থতাকে বিদ্রুপ করে যায়। দেখায়,—বাস্তবতাকে আমরা শিল্পের বিধিসংগত অ্যাকশনে ঢেকে রাখছি। অ্যাকশনকে নৈতিক কাণ্টের মতো পরম করে তুলতে চাইছি! অন্তরালে বইতে থাকা সহিংসতা যেন বেরুতে না পারে, সেই ভয় থেকে অ্যাকশনে আরোপ করছি নিজের অভিলাষ ও তা পূরণের শর্তাধীন করেছি একে।

পোস্ট-মডার্ন এজ-এ সবকিছু আন্ডার ইরেজারে রাখাটা আমাদের নসিব;—সেখানে রোজেনবার্গকে দিয়ে ব্যক্তিসত্তার দায় অনুভব করানো ও সত্যিকার সংবেদনকে বিস্ফারিত করার মতো শিল্প সৃজন কঠিন। ‘ফেইক আর্ট’ হলো এখনকার যুগবাস্তবতা, তা সেটা আমরা মানি বা না মানি। এটা উপেক্ষা করে প্রকৃত সত্তার তালাশ ও তাকে শিল্পে ভাষা দেওয়ার আকুলতা হয়তো আর সম্ভব নয়!

—আহমদ মিনহাজ : অবদায়ক : থার্ড লেন স্পেস

. . .

Art must act: Conceptual Artwork based on Barnett Newman Art; @thirdlanespace.com

. . .

… থার্ড লেন স্পেস-এ প্রাসঙ্গিক আরো দেখুন …

নেটালাপ : আর্ট ফর ‘অ্যাকশন’-২

নেটালাপ : আর্ট ফর ‘অ্যাকশন’-১

আর্ট ফর ‘অ্যাকশন’ ও হ্যারল্ড রোজেনবার্গ সমাচার : মোস্তাফিজুর রহমান জাভেদ

. . .

মোস্তাফিজুর রহমান জাভেদ ও আহমদ মিনহাজ : অবদায়ক : থার্ড লেন স্পেস.কম

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 23

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *