পোস্ট শোকেস - সাহিত্যবাসর

আসলে পোড়া মাটি অথবা পোড়া গাছের কথা : আকমল হোসেন নিপু

Reading time 17 minute
5
(5)
Magurchara Gas Tragedy on artwork I; Original Image: Collected; Google Images

তখন রমণীরা জুম চাষে মগ্ন ছিল, তারা যবধান বুনত পাহাড়ে, টিলার খাঁজে খাঁজে; আর তাদের পুরুষরা গরু চরাত মোষ চরাত এখানে সেখানে। সন্ধ্যা হলেই আদিম আঁধার, নৈঃশব্দ নামত পাতার ছাউনিবেড়ার পর্ণকুটিরে।… একদিন সেই পাহাড়ে আমরা যখন নিজ নিজ মাতৃভাষায় কথা বলি, তখন কেউই মনে করতে পারি না সেই অরণ্যজীবন, বন্যশবর কিংবা মাংসপোড়ানোর কাল;—পাতার আড়ালে হাজার বছরের দূরত্ব বাড়তেই থাকে। দূরত্ব অতিক্রমের সামর্থ্য সেই কবে-যে হারিয়েছি, ঠিক মনে করতে পারি না।… আমরা বুনো গন্ধ খুঁজি বাতাসে, নির্জনতায়, বৃক্ষের ছালে। আমরা কোথাও যবধান দেখি না, দেখি শাল, সেগুন, কাঁঠাল, সুপুরি কিংবা ছোটবড়ো গাছ বেয়ে লতায়-পাতায় বেড়ে ওঠা পানপাতা। একসময় সেই পাতা রমণীয় হাত ছুঁয়ে শহরে যায়—তারপর অর্থ হয়ে, স্বর্ণ হয়ে, অথবা চাল, ডাল, তরিতরকারি হয়ে পাহাড়ের ঘরে ঘরে ফিরে আসে।…

একদিন সেই পাহাড়ে বৃষ্টি নামে, সেদিন চৈত্রবেলা। এমন সময় এলোমেলো ধুলোবাতাস পাতায় পাতায় ঝাপটাঝাপটি করবে, এইতো প্রথা;—আমরা নিজেদের ভেতর কথা বলি, পাহাড় কি বৃষ্টির বোন, মেঘ উড়লেই বৃষ্টি ঝরবে! আলস্যে এলানো সেই বৃষ্টিতে আমরা ভিজতে থাকি, ভেজে পানপাতা, সবুজ বন, পাহাড়ের নিভৃত বুক। ঝোপঝাড়ে তরতর করে বুনোফুল কাঁপে, হলুদ, সোনালি, নীল, বেগুনী, সাদা…

আমরা দেখি সেই পাহাড়ের ঢাল ধরে বিদ্যুতের খুঁটি বেয়ে তারে তারে এঘরে ওঘরে বিজলি বাতি ঢুকেছে;—আমরা একবেলা একটি রঙিন টেলিভিশনের সামনে উবুর হয়ে বসে অপেক্ষা করি অতিথির। তখন জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর থেকে আমাদের জানানো হয়, কিছুক্ষণের মধ্যে মহামান্য অতিথি আসছেন। অপেক্ষার ক্লান্তিকর মুহূর্ত গুঁড়িয়ে রাজহাঁসের মতো একটি বিমান বন্দরে নামলে আমাদের ঔৎসুক্যের সীমা থাকে না। সিঁড়ি ধরে যখন সেই অতিথি আমাদের মাতৃভূমির বুকে পা রাখেন, দেখি আমাদের সকল মুখ আনন্দে উজ্জ্বল হয়ে ওঠে। আমরা জলের মতো তরল হতে থাকি, গড়িয়ে নামতে থাকি নিচের দিকে। এ-পদভার কোথায় রাখি, আমাদের দারিদ্র্য তখন বড়ো প্রকট হতে থাকে। আমাদের জল, স্থল, আকাশ সার্বভৌম কি-না, এই নিয়ে দ্বন্দ্বে পড়ে যাই;—পায়ের নিচে মাটি টলমল করে।

কী করে যেন তখন আমাদের মনে পড়ে যায়, এই পাহাড়ের সাথে এই অতিথির একটি নিবিড় যোগসূত্র আছে। এই পাহাড়ের কাছেই একদিন একটি গ্যাসক্ষেত্রে আগুন লাগলে গ্যাস পুড়ে, বনাঞ্চল পুড়ে, পুড়ে পাহাড়ের হরিৎ সবুজ…। একদিন দুপুরবেলা গন্তব্যমুখী রেললাইনের পাশে দাঁড়িয়ে এক কিশোর বর্ণনা করে :

আমরা আগুন দেখতে আইলাম । হেই আসমানের লগে গিয়ে আগুন লাগছে।… দুই মাইল দূরে খাড়াই খাড়াই দেখলাম। এই-যে গাছ দেখছেন, কালা কালা গাছ, এগুলা না হেই সময় পুড়ি যায়।… আমরা-তো আগুনের কাছে আইবার পারি না। তখন এই যেমন পাখি, মনে করেন চুপি, হারো, এই ময়না, ব্যাঙ, সাপ, বিচ্ছু, এগুলা না আগুনে পুড়ি যায়। পাখিতো গাছে ঘুমাইছিল। আতকা না রাতে আগুন ধরল। গাছ পুড়ি গেল। কত পাখির বাসা দেখলাম পইড়া আছে মাটিতে।

তখন আমাদের কারো কারো মনে পড়ে যায় দুই পাখিপ্রেমী ডেভিড জনসন ও পল থমসন-এর একটি নিবন্ধের কথা :

… অত্যন্ত আকর্ষণীয় এই ক্ষুদে বনে এ-পর্যন্ত ২৩৭ প্রজাতির পাখি দেখা সম্ভব হয়েছে। এরমধ্যে রয়েছে বাংলাদেশের কয়েকটি বিরল পাখি। এজন্য দক্ষিণ আর দক্ষিণ-পূর্ব এশিয়ার অনেক বিখ্যাত বনভূমির সাথে তুলনা করলে আজও লাউয়াছড়া একটি ঐশ্বর্যশালী বন বলে প্রমাণিত হবে। সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র ৩৫-৫০ মিটার উচ্চতায় অবস্থিত এই বন বহু প্রজাতির পাহাড়ি পাখি দেখার জন্যে পৃথিবীর নিম্নতম স্থান।

একদল চা-শ্রমিক গ্যাসকূপের ধ্বংসচিহ্নের কাছে দাঁড়িয়ে স্বাভাবিক সংকোচের আড়াল সরিয়ে যখন মুখর হয়, আমরা শুনতে থাকি :

…এই ধরেন, আমরাতো ঘুমাই রইছি। হঠাৎ আওয়াজ শুনলাম বাবু। দেখলাম বাগানে আগুন ধরি গেছে। এই ধরেন হাতের কাছে যা পাইছি, তাই নিয়া ছুট দিছি। আইয়া দেখি কেউ নাই। বিদেশি এই ধলা বাবুরা ছিল না, তারা সব পালাই গেছে।… তা মনে করেন বাবু, এমুন আগুন আমরা জীবনেও দেখি নাই। একবারে আসমানে গিয়া আগুন লাগছে। আগুনের তাপে লাইনে থাকতে পারি না বাবু। ডরেতো কেউ কেউ ঘর ছাড়ি গেছে।

পানপাতার সবুজ নম্রতা মাপা এক তরুণী ঝকঝকে নেঝের উপর চালের খুদ-কুঁড়ো বাছতে বাছতে তার সলজ্জ বিহ্বলতা খুলে ধরে :

…আমরা কী যে ভয় পাইছি! আগুন লাগলো, আর অই পাশে দেখছেন না পোড়া গাছ, এখানে কয়টা ঘর পুড়ি গেল। কাঁঠালগাছ পুড়ল, পানগাছ পুড়ল।…পুরুষ মানুষরা তখন বাড়িতে থাকল, আমরা মেয়েরা চলে গেলাম অন্য জাগায় ।… তারপর কত মাস পর ঘরে আসলাম। তখন আগুন নিভে গেছে।

এই রূপসী আগুনের ভয়াবহতা নিয়ে তখন আমাদের কত কৌতূহল, আমরা আরো তথ্যের গভীরে যেতে চাই, জানতে চাই ক্ষয়ক্ষতি। একজন দূরযানের শ্রমজীবী নারী, যার কাছে এই আগুন বর্ণনাতীত এক বিশ্বাস। সে বলতে থাকে :

কতদূর আমাদের বাড়ি। এই দুই তিন মাইলতো অইবই। আমরাই ডরে বাঁচি না। আমরাতো তখন রাতে বাত্তিই জ্বালি নাই। রাইতের বেলায়ও দিনের মতো লাগত।… আমার বাড়ির মধ্যেই ছোট ছোট পাথর উড়ে আসত। উঠানে টিলা হয়ে গেছিল স্যার।

আমাদের চোখের সামনে তখন পোড়া গাছ তার কালো শরীর দেখায়, দৈন্যতা দেখায়। আমরা পরিবেশ, ক্ষতিপূরণ নানারকম কথার ঘূর্ণিতে ঘুরপাক খাই। অতিথির আগমন নিয়ে তখন কারো কাছে রহস্য গাঢ় হয়, অথবা কেউ কেউ সেই জট খুলতে নানাপথে তত্ত্ব তালাশ করে। এই পাহাড়ের সাথে তার একটি যোগসূত্র সকলে আবিষ্কার করে চনমনে। তার দেশের কোম্পানি যাতে এদেশের গ্যাসক্ষেত্র লিজ পায় সেজন্য এই মাটিতে তার পা রাখা, তাই নিয়ে অনেকে জোরগলায় হইচই করেন।…

টেলিভিশনের পর্দায় তখন অতিথির তুমুল দাপট চলছে। তার প্যান্টের পা খাটো থাকার কারণগুলো খুঁজতে খুঁজতে কোনো এক মনিকা লিউনস্কির কথা কারো মনে পড়ে যায়। মনিকা কিছুদিন হলো পত্রিকাঅলাদের বলেছেন, তার মতো সুদর্শন পুরুষের সাথে একই কামরার একজন তরুণী থাকলে যা করত, আমি তাই করেছি। তার অকপট স্বীকারোক্তি নিয়ে যখন মিডিয়াগুলো সোচ্চার, তখন আমরা পুনরায় মনে করতে পারি, মনিকা, ওরাল সেক্স, সিনেট, হোয়াইট হাউস, ইমপিচমেন্ট, নীল স্কার্ট, বীর্য এইসব শব্দমালা।… কোনো একজন বুদ্ধিজীবী বলেছেন, সে একটা ব্যাভিচারী, এই ব্যাভিচারীকে বরণ করতে ঢাকার রাস্তাঘাট ধোয়ামোছা হচ্ছে। এতেই বোঝা যায়, আমাদের উপরতলার মানুষের কতটা পতন হয়েছে।

আমাদের সামনে এখন যবধান বোনার কোনো বুনো প্রান্তর নেই, সারি সারি বৃক্ষের কোনো নীরব অরণ্য নেই, অবাধ অধিকারের কোনো শস্যভূমি নেই। পাহাড়ের বুক কেটে যাওয়া শূন্যতা এখন আমাদের উদ্বাস্তু করে, পরবাসী কিংবা হতাশ করে, তবু আমাদের অনুভব একেবারে ফতুর হয়ে যায় না বলে আমরা স্মৃতিকাতর হই, বেদনাপ্লুত হই এবং অক্ষম দ্রোহ নিয়ে ছটফট করি।

আমরা সহজেই মনে করতে পারি আমাদের মাতৃভূমির রক্তভেজা বুক, মাটি সোঁদা পলিতে এখনো রক্তের নোনা স্বাদ লেগে আছে। ১৯৭১ সালের জীবিত মানুষ, যারা এখনো অন্ধ নয়, যারা এখনো স্বজনের হাড় খুঁজতে বধ্যভূমিতে ছুটে যান—আমরা তাদের কথা মনে করে আবেগতাড়িত হই।… কোথাও এক নূর মসজিদ আমাদের চেতনাকে নাড়া দেয়, সেখানে মাটির গহ্বর থেকে উঠে আসতে থাকে মানুষের হাড়গোড়। আমরা মনে করতে পারি মায়ের ছেলে, ভাইয়ের বোন, বোনের ভাই, স্বামীর স্ত্রী, স্ত্রীর স্বামী, স্বজন-বান্ধবদের কথা।

সেইসময় পুরো দেশটাই এমন এক বধ্যভূমি ছিল। মাটির তলায় শুধু তেল-গ্যাস কিংবা সোনার খনিই নেই, এখনো আছে একদল নিরস্ত্র, নিরীহ মানুষ অথবা মাতৃভূমির কাঙাল একদল স্বপ্নকাতর মানুষের অস্থি, কঙ্কাল। যারা ঘর থেকে বেরিয়েছিল, তারা আর সে-পথ, সে-উঠোন, সে-ঘরে ফেরেনি। জীবনের মুখরতায় একদিন তারা সাধারণ্যে বিস্মৃত হলেও, বোনটি তার ভাইকে, মা তার সন্তানকে, স্ত্রী তার স্বামীকে, সন্তান তার জনক-জননীকে এখনো নিভৃতে মনে রাখে—তারা দিগন্তে চোখ মেলে রেখে একাকী ধূপ জ্বালায় ছায়াঘন সন্ধ্যার কাছে। আমরা যেন এখনো সেই বেদনাভরা নিঃশ্বাসের আঁচ পাই।

আমরা সরব হয়ে উঠি পাকসেনাদের বর্বরতা, খুন, নৃশংস উল্লাসের কথা নিয়ে। অতিথির দেশটি সেই রক্তপাত, বর্বরতাকে সমর্থন দিতে-যে সপ্তম নৌবহর ভাসায় সমুদ্রে, সেই সময়টির কথা কেউ মনে করছেন কি-না তা জানতে পত্রপত্রিকা ঘাঁটাঘাঁটি করি। আমরা দেখি, কেউ কেউ এই বর্বরতা সমর্থনের জন্য তাকে ক্ষমা চাইতে হবে বলে দাবি তুলেছেন। আমরা টেলিভিশনের পর্দায় আমাদের রাষ্ট্রকে প্রত্যক্ষ করি! একদিন আমাদের চোখের সামনে ভেসে ওঠে স্মৃতিসৌধ, যেখানে এই রাষ্ট্রীয় অতিথি যাননি বলে কেউ কেউ হতবাক হন; কিন্তু বর্বরতার সমর্থক যে-রাষ্ট্র, সে-রাষ্ট্র কী করে বর্বরতার বিরুদ্ধে প্রাণদানকারী শহীদদের স্মৃতিতে পুষ্পমাল্য প্রদান করে! একথাটি ভেবে আমরা ক্ষুব্ধ, আহত হলেও হতাশ হই না ।…

আমরা পাহাড়ের নির্জনতায়, শান্ত সমাহিত সৌন্দর্যে কার হাত কতটুকু প্রসারিত, তা এখন চিহ্নিত করতে পারি না। কেননা শত্রুমিত্রদের চেহারাটি এখন এতো সূক্ষ্ম-যে, ধূসর প্রান্তর ধরে পথ হাঁটতে হাঁটতে অমিলটুকু খুঁজতে যে-ধৈর্য, দেশপ্রেম, মানবিক গভীর আকুলতা দরকার, তা এখন কোথায় আছে নিশ্চিত করে বলা যায় না। উপরন্তু প্রাপ্তিযোগের ক্ষেত্র উন্মোচিত হবার সম্ভাবনার আভাসে ক্রূর উল্লাস শুনি, শুনি মুক্তবাজারের কোরাস।… আমরা হা-হা হাসিতে ফেটে পড়ি, কেবল মূর্খ, অর্বাচীনরাই এখন নিজস্বতা, শিকরবাকড়ের কথা বলি। যেন বহুকাল আগে কোথায় কী ঘটেছিল, তা এখন মনে রাখার অর্থ নিজেকে বিপন্ন করা, নিঃস্ব করা;—এখন, মুক্তবাজারের ভেতর এক সোনার হরিণ ছুটে বেড়াচ্ছে, ধরতে পারলেই ভাগ্যবদল, উন্নয়ন, ক্ষমতা।…

আমরা তখন অতিথির গুণাবলী, বিশাল লটবহর, কুকুরের যত্নআত্তি এসব নিয়ে তৈরি করি মুখরোচক উপকথা এবং তা আমাদের অনেকের ঘুমের জন্য একটি আরামদায়ক বটিকার কাজ করে। আনন্দ-উল্লাসের মৈথুনে ক্লান্ত হয়ে অনেকেই নিরাপদে ঘুমুতে যায়। কারো পদস্পর্শে যদি মাটির তলার রহস্য, আঁধার উন্মোচিত হয়, তবে ঘুম ভাঙলেই নতুন জগৎ!…

আমাদের সামনে তখন আরব্য রজনীর উপাখ্যান;—আমরা আরবের আমির, শেখ, ধনকুবেরদের উত্থানের কথা শুনি, ঘরে ঘরে সেটাই তখন স্বপ্নকাতরতার নাম। আমরা দ্বারস্থ হই বয়স্কদের কাছে, তারা আক্ষেপ, উদ্দীপনা নিয়ে নতুন করে সেই পুরাতন কথাটিই বয়ান করেন :

সে অনেকদিন আগের কথা। আমাদের এই দেশটিতে আরবের লোকজন বিভিন্ন রকমের জিনিসপত্র নিয়ে ব্যবসা করতে আসত। তারা এখনকার শেখ-আমিরদেরই দাদা-নানা হবে। তারা তখন আমাদের চেয়েও গরিব ছিল। একটা জিনিস বিক্রির জন্য কত বাহানা তাদের।… তারপর দেখো তারা তেল পেলো, সোনা পেলো… ক’বছরেই তারা বিরাট ধনী দেশ। আমাদের লোকজনই এখন ভিটেমাটি বিক্রি করে সেদেশে মজুরের কাজ করতে যায়।…

আমরা তখন আরব শেখ হবার, আমির হবার স্বপ্নে বিভোর হয়ে যাই। খেজুরবীথির পথ, মরুভূমি, বালিঝড়, উটের গ্রীবায় ঝলমলে রোদ—এসব ভাবতে ভাবতে কেউ কেউ অতিথির তাৎপর্য উপলব্ধি করে গর্বিত, পুলকিত।… একজন মহিলা কৈ-মাছ, আরেকজন ইলিশ মাছ ভেজে খাওয়ানোর ইচ্ছা ব্যক্ত করেন। সেই ঘ্রাণ তখন বাতাসে ঘূর্ণি তোলে—আমরাও সেই ঘ্রাণে বুঁদ হতে থাকি।

তখন নিউইয়র্ক থেকে একজন সাংবাদিক লরেন্স লিফশুলৎজ লেখেন—‘একজন বিদেশি সাংবাদিক হিসেবে আমি বাংলাদেশের অভ্যন্তরীণ হত্যাকাণ্ড ও বেইমানির রহস্য উদ্ঘাটনের চেষ্টা করেছিলাম। কিন্তু আমিও প্রথমে এ-সম্পর্কে সঠিক তথ্য পেতে ব্যর্থ হয়েছিলাম। অপ্রত্যাশিত সংকটকালে বিভিন্ন দূরবর্তী স্থানে সংগঠিত অভ্যুত্থানে বা মধ্যরাত্রির কসাইগিরি সম্পর্কে তাৎক্ষণিক প্রকৃত ঘটনা খুব কমই জানা যায়।’ তিনি লেখেন, ‘শেখ মুজিব সরকারকে উৎখাত করতে উন্মুখ এমন একটি দল ঢাকার মার্কিন দূতাবাসের দারস্থ হয়েছিল।… ৭৪ সালের নভেম্বর মাস থেকে ৭৫ সালের জানুয়ারি মাসের মধ্যে এই দল দূতাবাসে দফায় দফায় বৈঠক করে।’…

আমাদের পাহাড়পর্ব শেষ হয় না। চর্যাপদের মৌতাতে আমরা প্লাবিত হতে থাকি। মৌন পাহাড় তখন আমাদের আর্দ্র করে, সজল করে। নীরবেই মাথার ভেতর পঙক্তিসকল পাতার বৃষ্টির ছোঁয়ার মতো দুলে দুলে ওঠে :

বন পোড়ে আগ বড়ায়ি জগজনে জাণী ।
মোর মন পোড়ে যেহ্ন কুম্ভারের পণী।
আত্তর সুখা এ মোর কাহ্ন অভিলাসে।
বাসলী শিরে বন্দী গাইলো চণ্ডীদাসে।

তখন দুপুর ভিজিয়ে অসময়ের বৃষ্টি নামে, আমরা পাতায় বৃষ্টিপতন দেখি, পাতা ও বৃষ্টির যৌথ মুখরতা শুনি। আমাদের মাতৃভূমি, জুমচাষ, যবধান, বুনোফুল, বনমোরগ, দ্বৈরল পাখি, খনিজ সম্পদ, তেল-গ্যাস, সোনাদানা আমাদের চৈতন্যে পল্লবিত হতে থাকে। আমাদের বোধের ভেতর বিশ্বায়ন, পরিবেশ… এসব তত্ত্বকথা কাজ করে। আমরা হতাশা বোধ করি। আমাদের চিরহরিৎ বন পুড়ে গেলে, পাখির মৃত্যু হলে পরিবেশের কোনো ক্ষতি হয় না;—আমাদের পাড়া-প্রতিবেশীরা এক স্থবির চৈতন্যের কাল অতিক্রম করে, কোনো ঢেউই তাদের বোধের গহনে নাড়া দেয় কি-না আমরা বুঝতে পারি না।…

বাতাসে তখন সোঁদা বুনো ঘ্রাণ, আমার নৈঃসঙ্গ্যের ভেতর একটি পাহাড়ি দোয়েল কিংবা বনমোরগ ডাকে কি ডাকে না, তখন তা বুঝতে পারি না;—আমাদের চোখের সামনে গ্যাসপোড়া বন, কালো অঙ্গার গাছের ভাস্কর্য, তাদের কালো কালো ডালপালা মেঘ ছুঁয়ে যায়, বৃষ্টি নামে ঠিকই রিমঝিম, তবু বহুকাল সেখানে সবুজ কুঁড়ি ফুটে ওঠে না।… আমরা পোড়া মাটি, পোড়া গাছ অথবা আত্মবিক্রয়ের স্বর্ণসন্ধানের চর্চা দেখি, পতন দেখি, দেখি আত্মসমর্পণের প্রতিদ্বন্দ্বিতা, উচ্ছ্বাস—এই মাটি, গাছ, পাহাড়, ঝরনা, জল, রাষ্ট্র কোনোকিছুই তখন সেখানে ঠাঁই পায় কি পায় না, আমরা তা বুঝি না। আমাদের মাথার উপর দিয়ে মেঘ উড়তে থাকে।…

. . .

Magurchara Gas Tragedy on artwork II; Original Image: Collected; Google Images

. . .

পাঠ-সংযুক্তি : খাণ্ডবদাহন ও আত্মবিক্রির চুক্তিনামা

কবি ও কথাশিল্পী আকমল হোসেন নিপু-র রচনালেখ্য মর্মন্তুদ যে-ঘটনাকে উপজীব্য করেছিল তেইশ বছর আগে, বাংলাদেশের সাহিত্যে এটা নিয়ে বলার মতো কাজ আজো হয়নি। ঘটনাবহুল এই দেশে অগণিত ঘটনার ঠাসাঠাসি ভিড় এর একটা কারণ হয়তো! তাৎক্ষণিক শোক, সংক্ষোভ ও প্রতিক্রিয়া ত্রিশ বছরে ম্রিয়মাণ হয়েছে। কবিতাপ্রায় বিবরণে নিপু যে-আলেখ্যটি ধরেছিলেন তখন। আজকের বাংলাদেশে যেসব অনাসৃষ্টি দেখছি, নরক-যাপনের যত ট্রমা মনে জাঁকিয়ে বসেছে, দেশকে সদ্য ‘গোলামি চুক্তিতে’ শির নত করতে দেখে নিজেকে যারা ‘পরাধীন’ ভাবছেন… আকমল হোসেন নিপুর কলমে এর অনেকটাই মর্মরিত হয়েছে। রচনালেখ্যেটি এখানে এসে পুনর্পাঠের আগ্রহ জাগিয়ে তুলছে।

মাগুরছড়া গ্যাসকূপে সংঘটিত ভয়াবহ ট্রাজেডির খবর দেশ-বিদেশে গণমাধ্যমে চাউর হওয়ার সময় যারা বেঁচে ছিলেন, তাদের অনেকে ধরা থেকে বিদায় নিয়েছেন। দুইহাজার ছাব্বিশে জীবিত অনেকের চুলে পাক ধরেছে। বয়সভারে ক্লান্ত ও বিস্মরণের শিকার অনেকের জীবনে কোনো ঘটনাই আর তাৎপর্য রাখে না। ‘পথের পাঁচালী’র ইন্দিরা ঠাকুরণের মতো ‘হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে…’—এই ‘আক্ষেপ ও অপেক্ষা’ ছাড়া তাদের জীবনে বিকল্প কিছু পড়ে নেই! এবং, ওইসময় যারা শিশুকালটা পার হচ্ছিল, তাদের স্মৃতিকোষে ট্রাজেডির ছাপ ও অভিঘাত গভীর নয়। একের-পর-এক ঘটনাতোড়ে ওটার দিকে তাকানো বা এর তাৎপর্য ভেবে দেখার সময় তারা পায়নি। আকমল হোসেন নিপুর সাংবাদিক-চোখে দেখা বিবরণটা শুধু মনে করিয়ে দিচ্ছে—একটা স্বাধীন দেশ কতভাবে হয়ে উঠতে পারে পঙ্গু ও পরাধীন। মনে করিয়ে দিচ্ছে মানবসৃষ্ট ভুলে ছড়িয়ে পড়া দাবানলের তোপে অসহায় মানুষের আতঙ্কঠাসা মুখচ্ছবি :

কতদূর আমাদের বাড়ি। এই দুই তিন মাইলতো অইবই। আমরাই ডরে বাঁচি না। আমরাতো তখন রাতে বাত্তিই জ্বালি নাই। রাইতের বেলায়ও দিনের মতো লাগত।… আমার বাড়ির মধ্যেই ছোট ছোট পাথর উড়ে আসত। উঠানে টিলা হয়ে গেছিল স্যার।

টানা পনেরো দিনের খাণ্ডবদাহনে বেশুমার প্রাণ-প্রজাতির পুড়ে কাবাব হওয়ার সেই ঘটনায় হতবিহ্বল শোকের মাতম বেশিদিন স্থায়ী হয়নি! নাজিম হিকমত জেলখানায় বসে প্রিয়তমাকে লিখেছিলেন, ‘বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ু বড়জোর এক বছর।’ সত্যি তাই! শোকের আয়ুকে টেনে লম্বা করা কিংবা আজীবন ওটা বয়ে বেড়ানো মানুষের জন্য বিড়ম্বনা। যুদ্ধ, গণহত্যা, অতিমারি, প্রাকৃতিক দুর্যোগ কিংবা একটা পারমাণবিক চুল্লির ফেটে যাওয়ার হাড়হিম অভিজ্ঞতা যে-শোক ও সংক্ষোভ ডেকে আনে, তাকে দ্রুত ভুলতে পারার ক্ষমতাটি না থাকলে মানুষের পক্ষে ধরায় বেঁচে থাকা দুর্বিষহ হতো।

ঘটনা যত মর্মান্তিক হোক, মস্তিষ্কের গোপন সুড়ঙ্গে তাকে হাওয়া করা ছাড়া দৈনিকে যাপন করা কঠিন। শোকের আয়ুকে ক্ষণস্থায়ী বুদবুদ রূপে দেখার এলেম নিয়ে অরণ্যচারী নিষাদ-মানুষ সভ্যতা-শিকারি মানুষে বিবর্তিত হয়েছিল। এই বিবর্তনে অগণিত প্রাণ-প্রজাতির হত্যা ও গণবিলুপ্তি শুধু নয়, বহুবার এবং বহুবার নিজের হত্যা ও বিলুপ্তি সইবার ক্ষমতা মানুষের শোকের আয়ুকে সংক্ষিপ্ত করে দিয়েছে। শোকটাকে মগজে ঘুম পাড়িয়ে সে তাই ফেরত যেতে পারে দৈনিকে। যেখানে, একটা খাণ্ডবদাহনে অগণিত খাণ্ডবদাহন গলেমিশে যায়। মানুষকে এটা শোকাতীত পাথর হওয়ার শক্তিতে গরিয়ান রাখে।

আকমল হোসেন নিপু এই-যে আনওয়ার আহমদ সম্পাদিত ছোটকাগজ ‘রূপম’-এ প্রায় ত্রিশ ছুঁইছুঁই খাণ্ডবদাহনকে তেইশ বছর আগে ভাষা দিলেন, এখন এর অভিঘাত হয়তো তাঁর নিজের স্মৃতিকোষে আগের মতো তীব্র নয়। কথায় আছে ‘স্থাপনা স্মৃতি মুছে দেয়’। শোক ও সংক্ষোভ, প্রতিবাদ ও প্রতিরোধের মতো ঘটনাগুলো নিত্যনতুন ঘটনার চাপে মুছে যায় এবং একসময় আবেদন হারিয়ে বিস্মৃতির গর্ভে বিলীন হয়। মর্মান্তিক সত্যটি মেনে নেওয়া ছাড়া উপায় নেই বোধহয়!

ছোটকাগজের যে-খ্যাপা সম্পাদকটি আকমল হোসেন নিপুর এই রচনালেখ্য যত্ন করে ছাপলেন নিজের কাগজে, অন্য কথাশিল্পীর সঙ্গে তাঁরও একটা লিখিত সাক্ষাৎকার নিলেন সেখানে, আগ্রহ উসকে দেওয়া কিছু রিডিং ম্যাটারিয়াল থাকল কাগজে… সেই আনওয়ার আহমদ স্বয়ং সবকিছুর ঊর্ধ্বে চলে গেছেন! একরোখা আবেগে ‘রূপম’ কাগজটি নিয়মিত বের করতেন এই কবি। চেষ্টা থাকত বাংলা ভাষায় লেখালেখির একটা স্বাধীন পরিসর তৈরি করা, যে-পরিসরে গল্প, কবিতা, গদ্যরা মিলে নতুন এক ভাষাপৃথিবী জন্ম নেবে। যতদিন বেঁচে ছিলেন, একরোখা জেদে ‘রূপম’ জীবিত ছিল। যখন নেই,—তাঁর মুখটা ধূসর হতে-হতে প্রস্তরযুগে মিলিয়ে গেছে! যে-আনওয়ার আহমদ একদিন কবিতায় লিখেছিলেন :

ভেবে দেখুন, যা স্বাভাবিক নয়, তা কারও কাছে কাম্য
এবং কারও কাছে স্বাভাবিক
এমনকি আমরাও জানি
নিরেট নৈঃশব্দ্যের মধ্যে আচমকা পতনের শব্দ ভালো লাগে
যেমন তুমুল কলহের পর মিলন মধুর
অথচ শব্দ ও বিবাদ আমরা নাকচ করে চলি।

আনওয়ার আহমদ শব্দময় কবি ও সম্পাদক ছিলেন! একটানা বেরুতে থাকা ‘রূপম’ নামের ওই কাগজটি যদিও কদাচিৎ কারো মনে পড়ছে! এই ডিমেনশিয়া এই ঘনঘোর বিস্মরণ, মাঝেমধ্যে মনে হয়,—মানুষ আসলে কার জন্য বাঁচে? কেবল নিজের জন্য? নাকি ঘোরলাগা একটা দৌড় শেষে ক্লান্ত স্প্রিন্টারের মতো ট্র্যাকে বসে কেবল হাঁপায়! এবং বিস্মরণটা তাকে দখলে নেয়;—যেহেতু এছাড়া তার পক্ষে আয়ুরেখায় ইতি টানা সম্ভব নয়!

Poet and Editor Anwar Ahmed; Original Image: Collected; Google Images

যাইহোক, আকমল হোসেন নিপু তাঁর বিবরণে একুনে ত্রিশ বছর আগের ঘটনাটি লিখে ওঠার পর যে-মাগুরছড়া ও সংলগ্ন লাউয়াছড়া আমাদের সামনে জীবিত, পুরো তল্লাট ঘুরে একটা গ্যাসকূপের বিস্ফার, পনেরো দিন ধরে চলতে থাকা দাবানল, একটা বহুজাতিক কোম্পানির চরম দায়িত্বজ্ঞানহীন কাণ্ড ও ক্ষতিপূরণ নাটকের টালবাহানা… এর সবটাই স্মৃতির দুর্বোধ্য তলানিতে বিলীন হয়েছে! মাগুরছড়ার পর ট্যাংরাটিলায় ঘটনার পুনরাবৃত্তিটা বাসী এতদিনে। আকমল হোসেন নিপু কেবল উপকথার মতো তাঁর ওই কবিতাপ্রায় বিবরণে একে ধরে রেখেছেন!

তেইশ বছর পর সেই বিবরণে চোখ রাখলে পাঠক খাসিয়াপুঞ্জির ওই পানের বরজ ও চা-বাগানকে ঘিরে গুঞ্জরিত মুখুগুলো কল্পনা করতে পারছে, যাদের জীবনে বিভীষিকা হয়ে ছড়িয়ে পড়েছিল আগুনের লেলিহান শিখা। পুড়ে কাবাব হলো প্রাণ ও প্রজাতি। ত্রিশ বছরেও যারা নতুন করে জন্ম নিতে পারেনি দাবানলবিধ্বস্ত লাউয়াছড়া ও পাশ্ববর্তী পাহাড়ি অঞ্চলটায়।

উদ্ভিদ, তৃণ ও প্রাণী প্রজাতির গণবিলুপ্তি এই রচনালেখ্যে মর্মন্তুদ হাহাকার হয়ে আজো ‘রূপম’ নামক কাগজে মুদ্রিত অক্ষরসারির মধ্যে প্রেতের মতো কান্না করছে! এবং ওইসব প্রেতের কথা মনে করিয়ে দিচ্ছে, যারা এই দেশের জন্মটা চায়নি একাত্তরে! তারাই আবার আশ্চর্য এই বনভূমিতে খনিজ তুলতে নেমে লেলিহান আগুনে পুড়তে বাধ্য করেছিল কত-না প্রাণ ও প্রজাতি! মৃত্যুর কি ক্ষতিপূরণ হয়? বৃক্ষ, পাখি, শৈবাল, ছত্রাক, এবং মানুষ ও আরো অন্য, যাদের আয়ুরেখা অকালে পুড়ে গেল অনলে, নিতান্ত এক মানবসৃষ্ট দুর্যোগে,—সেই দুর্যোগের হোতারা দায়ভার ও ক্ষতিপূরণের দাবিকে বুড়ো আঙুল দেখিয়ে অন্য দেশের অন্য কোনো বনভূমি হয়তো পোড়াচ্ছে এখনো!

দাবানলে ছারখার এলাকায় পরে বনায়ন করেছেন সরকার। শেভরনের কাছে ব্যবসাটা জিম্মা করে অক্সিডেন্টাল পাততাড়ি গুটিয়েছে এ-দেশ থেকে। ভিখারির মতো আন্তর্জাতিক আদালতে ক্ষতিপূরণ পাওয়ার আশায় দেনদরবার কম হয়নি। গরিব তো আর অপরাধীকে দণ্ড নিজের হাতে দিতে পারে না। ভিখারিহাত বাড়িয়ে প্রাণহত্যার ক্ষতিপূরণ চাওয়া;—তার কেবল এটুকু সম্বল! কপালে বলার মতো কিছু অবশ্য তবু জোটেনি। ক্ষতিগ্রস্তরা পায়নি ভরসা ও সাহারা। ক্ষত ভুলে দৈনিকে ফেরত গেছে তারা।

আকমল হোসেন নিপুর এই রচনায় তারা কেবল ঘুম যায়! যেখানে, ‘তখন’ এবং ‘এখন’-এর মধ্যে জেগে ওঠা ফাঁকা গহ্বরটা পাঠক টের পায়, যার বিবরণ বাংলা ভাষায় লিপিবদ্ধ করার দায় পরে কাউকে তাড়িত করেনি! অসমাপ্ত অভিশাপ হয়ে লাউয়াছড়া এক সংরক্ষিত বনভূমি। মানুষ যেখানে ঘুরতে যায় এবং খাণ্ডবদাহনের স্মৃতি ও স্মারক তার চোখে পড়ে না। ওটা মনে করাতে নেই! ওটা দেখাতে নেই! প্রভুরা মনঃক্ষুণ্ন হতে পারেন। প্রেতদের এই আকামকে ইতিহাসে জীবিত রাখার সাহস এই দেশ এই রাষ্ট্র ও সরকারের নেই! ইতিহাসকে মুছে দেওয়া, পালটে দেওয়া যেমন খুশি… এটাই রীতি এই জনপদের!

আকমল হোসেন নিপু তাঁর বিবরণে বিশ্বের এক নাম্বার পরাশক্তি নামে মশহুর দেশের রাষ্ট্রপ্রধান বিল ক্লিন্টনের ‘জন্ম থেকে জ্বলছি’র নিয়তি মেনে নেওয়া জনপদে পা রাখার মুহূর্তকে ধরেছেন। মনিকা লিউইনস্কির সঙ্গে ইটিসপিটিসের কারণে অভিশংসনের সম্মুখীন সুদর্শন রাষ্ট্রনায়ক চাপটা সামলে সংক্ষিপ্ত সফরে এখানে পা রেখেছিলেন। এমন একটা দেশে উড়োজাহাজ থেকে তিনি নামলেন, যার জন্ম রুখতে সপ্তম নৌবহর সাগরে ভাসিয়েছিল তাঁর দেশ। দেশমুক্তির সংগ্রামে নেতৃত্ব দিলেন যে-শালপ্রাংশু মানুষটি, যাঁর তর্জনীকে নোয়ানো কঠিন ছিল, তাঁকে পথের কাঁটা ভেবে সপরিবারে হত্যা করা হয়েছিল। মীরজাফরিটা এখানে চিরন্তন। নতুন করে আবার সেই জমি তৈরিতে ক্লিন্টন সায়েবের পরাক্রমশালী দেশটি ইন্ধন যুগিয়েছিল বৈকি।

বেইমানি, ষড়যন্ত্র, প্রোপাগান্ডার দীর্ঘ মিছিলে দেশটাকে সূচনায় বিপথগামী করা হলো! এই পরিকল্পনা থেকে-যে,—কাঙাল যেন কাঙাল থাকে সবসময়। স্বাধীন হয়েও সে থাকবে বশংবদ পরাধীন। তর্জনী তোলার সাহস যেন কভু মনে জেগে না ওঠে! ‘জো হুকুম জাহাপনা’… এই কুর্নিশে হুকুম তামিলে বাধ্য থাকবে ক্রীতদাস। দেশটি আজো তাই আছে! নামে স্বাধীন হলেও, কার্যত সে পরাধীন।

মাগুরছড়ায় ছড়িয়ে পড়া খাণ্ডবদাহনের ফ্রেমে আকমল হোসেন নিপু বিপথগামী সেই মুহূর্তগুলো আরো একবার ইয়াদ করতে বলছেন পাঠককে। আমরা তো দেখছি তাঁর এই ‘ইয়াদ করতে বলা’টা মিছে নয়। ত্রিশ বছর পেরিয়ে দেশটা নিজের গন্তব্য ঠিক করতে অপারগ! তাকে নির্ধারণ ও নিয়ন্ত্রণ করে সুদর্শন পরাশক্তির জনকরা। ছবিটা অবিকল! ক্লিন্টনের জায়গায় ডোনাল্ড ট্রাম্প ও স্যাঙাতরা মিলে ঠিক করতে আছেন দেশটির স্বাধিকার ও সীমা-পরিসীমা।

মেহনতি মানুষের সঙ্গে আকমল হোসেন নিপুর নৈকট্য নিবিড় ছিল। তাঁর সাংবাদিক প্রতিবেদন ও সাহিত্যে তারা কথা বলেছে। ‘স্বাধিকার ও বশ্যতা’র দ্বন্দ্বে নতজানু জাতিকে লেখায় ধরতে যেয়ে স্বয়ং নিজেকে অচিহ্নিত ভাবার যন্ত্রণা সেখানে বিরল নয়। বিল ক্লিন্টন সায়েবের আগমনকে মাগুরছড়ার খাসিপুঞ্জির ল্যান্ডস্কেপে তিনি ধারণ করেছেন;—যখন কিনা ম্যাকলুহানের তত্ত্ব সত্য করে বিশ্বায়নটা ঘটছিল। মুক্তবাজারের অবারিত উঠানে ঢুকে পড়েছে বাংলাদেশ, বহুজাতিক পাখা মেলছে ইধার-উধার, এবং তখন ওইসব চুক্তি ও বিনিময়ে দেশটাকে সম্মতি দিতে হচ্ছিল, যা এই মৃদুভাষী লেখকের মনে স্বাধিকার বিক্রির চুক্তিনামা হয়ে আঘাত হেনেছে।

চুক্তি এক বিপজ্জনক বস্তু! ওটা বিপজ্জনক, যদি চুক্তির ভাষা ও বয়ান একতরফা হয়, যদি তা চাপিয়ে দিতে উতলা থাকে কোনো মহাজন, যেখানে শর্ত ও সম্মতিতে দুটি পক্ষে ভারসাম্য থাকে না। এই দেশে চুক্তির ভাষা ও বয়ান একতরফা ছিল, এবং এখনো তাই। আমরা এখনো মার্কিন দেশটার সঙ্গে একতরফা ভাষায় নতজানু হয়েই চুক্তিনামায় স্বাক্ষর করি। পদে-পদে ফেরত আসে মাথানিচু বশংবদের সব মেনে নেওয়া ও নিজেকে বিক্রি করার আদি ইতিহাস ও উপকথারা। স্বাধিকার নিয়ে বাঁচার ইচ্ছাটাকে যেখানে নিমিষে বদলে দেয় পরাশক্তি। আমরা চুক্তিনামায় সই করি শঙ্খ ঘোষের কবিতাচরণ আউরে :

বেঁচে যে রয়েছি এই-না ঢের
ভিখিরির আবার পছন্দ !

মুজিবকন্যা যেমন এই দুইহাজার চব্বিশে দেশ থেকে বিতাড়িত হলেন তাদের ‘চাওয়া ও পছন্দ’-এ না বলার কারণে। তাঁকে বিতাড়নের ছকগুলো পঁচাত্তর থেকে ভিন্ন ছিল কি? সরকারের ভিতরে সক্রিয় হয়েছে গুপ্ত, যারা, তাদের ভাষায় ‘ফ্যাসিস্ট’কে গদি থেকে তাড়ানোর জন্য ওই মার্কিন দূতাবাসের শক্ত পুরুষাঙ্গটা ধার চেয়েছিল। তফাত নেই তেইশ বছর আগে আকমল হোসেন নিপুর বিবরণে উঠে আসা তথ্যকণার সঙ্গে, যেখানে লরেন্স লিফশুলৎজের বরাত দিয়ে তিনি লিখছেন :

একজন বিদেশি সাংবাদিক হিসেবে আমি বাংলাদেশের অভ্যন্তরীণ হত্যাকাণ্ড ও বেইমানির রহস্য উদ্ঘাটনের চেষ্টা করেছিলাম। কিন্তু আমিও প্রথমে এ-সম্পর্কে সঠিক তথ্য পেতে ব্যর্থ হয়েছিলাম। অপ্রত্যাশিত সংকটকালে বিভিন্ন দূরবর্তী স্থানে সংগঠিত অভ্যুত্থানে বা মধ্যরাত্রির কসাইগিরি সম্পর্কে তাৎক্ষণিক প্রকৃত ঘটনা খুব কমই জানা যায়।… শেখ মুজিব সরকারকে উৎখাত করতে উন্মুখ এমন একটি দল ঢাকার মার্কিন দূতাবাসের দারস্থ হয়েছিল।… ৭৪ সালের নভেম্বর মাস থেকে ৭৫ সালের জানুয়ারি মাসের মধ্যে এই দল দূতাবাসে দফায় দফায় বৈঠক করে।…

বাংলাদেশ, তার জন্মলগ্ন থেকে একটা পুনরাবৃত্তির মধ্যে আবর্তিত। আকমল হোসেন নিপুর রচনালেখ্য কাজেই ছাব্বিশে এসেও তামাদি হয় না। তামাদি হয় না এর উপসংহারে লেখা কথামালা :

Lawrence Lifschultz’s book on plotting against Sheikh Mujib; Collage; Image Source: Collected; Google Images

আমরা পোড়া মাটি, পোড়া গাছ অথবা আত্মবিক্রয়ের স্বর্ণসন্ধানের চর্চা দেখি, পতন দেখি, দেখি আত্মসমর্পণের প্রতিদ্বন্দ্বিতা, উচ্ছ্বাস—এই মাটি, গাছ, পাহাড়, ঝরনা, জল, রাষ্ট্র কোনোকিছুই তখন সেখানে ঠাঁই পায় কি পায় না, আমরা তা বুঝি না। আমাদের মাথার উপর দিয়ে মেঘ উড়তে থাকে।…

তেইশ বছর আগে মুদ্রিত রচনায় ত্রিশ বছর আগেকার যে-ঘটনাটি স্মরণ করতে বলছেন লেখক, দাসানুদাস হওয়ার হাহাকার তুলে ধরছেন, আজ এই ২০২৬-এ পা দিয়ে বাংলাদেশ নিজের আত্মা বিক্রি করেছে পরদেশি প্রভুর হাতে! নিপুর এই রচনা যদিও আরো একটা অনুষঙ্গ তখন বাদ দিয়ে গেছে। ওটা ধরার সময় তখনো হয়নি-যে! তিনি তখনো মুক্তবাজারের বেশ ধরে দখলদারি কায়েমের ছবিটা কেবল দেখতে পাচ্ছিলেন, দেখা যায়নি দখলদারি কায়েমের দীর্ঘমেয়াদি পটভূমি মার্কিন পরাশক্তি কীভাবে তৈরি করে সর্বত্র। একালে অনেকের কাছে সড়গড় ডিপ স্টেটের নীলনকশাটা বোঝার অবস্থায় ছিল না বাংলাদেশ। মুজিবহত্যার পেছনে বিদেশি ষড়যন্ত্র ও দেশি অনুচরদের একটা সক্রিয়তা কেবল পড়া যাচ্ছিল লরেন্স লিফশুলৎজদের বয়ানের মধ্য দিয়ে।

হাসিনাপতনের কালে পা দিয়ে অনেকে দেখলেন,—আমেরিকা কেমন করে রেজিম বদলায় পছন্দের পুতুলাকে গদিতে বসানোর মতলবে। এর পেছনে থাকে কত-না জটিল হিসাব-নিকাশ। আধিপত্য ধরে রাখার সাপলুডুর কেরামতি। একটা দেশে ঢোকার ছলে প্রতিপক্ষ অন্য দেশগুলোকে নিজের স্বাধিকার, নজরদারি ও হুকুমদারির আওতায় রাখার অভিসন্ধি সেখানে সক্রিয় করা হয়। এখন না-হয় একে জিও পলিটিক্যাল টেনশন নামের গালভরা বচনে মানুষ বুঝতে শিখেছে, তখনো, পঁচাত্তর কিংবা মাগুরছড়ায় অনুপ্রবেশের দিনগুলোয় ওটা নিছক বাজার দখল ও খনিজ সম্পদের লোভ রূপে ধরা দিচ্ছিল। তার আসল চেহারাটা প্রকাশ্যে আসেনি।

না, ওটা কেবল বাজার দখলের পাঁয়তারা ছিল না। মার্কিনের জন্য বিপজ্জনক হতে থাকা ভূঅঞ্চলে একচ্ছত্র অধিকার কায়েমে বাংলাদেশের মতো ভিখিরি দেশের মাটি ব্যবহারের নীলনকশা সক্রিয় ছিল সেখানে। যেহেতু, এই বদ্বীপটা তার ভূ-প্রাকৃতিক গঠনের কারণে অভিশপ্ত। তাকে ঘিরে আছে এমনসব রাষ্ট্র ও ভূঅঞ্চল, ওইসব দাদা কিংবা বড়ো ভাই, যাদেরকে শায়েস্তা করার একটা সুবিধাজনক উপকূল হচ্ছে এই নদীমাতৃক সবুজাঞ্চল।

অদ্য যার ছবি পরিষ্কার দেখেছে দেশটার ভিখিরি জনগণ ও গদিনশিন সরকার। একজন নোবেলজয়ী ও তার মতো কুৎসিত একপাল এজেন্টকে মার্কিনরা কেন তৈরি করেছিল, কোন সর্বনাশের ভাবনা মাথায় রেখে… এই বিবরণটা ভবিষ্যতের কোনো আকমল হোসেন নিপু হয়তো লিখবে একদিন। হতে পারে, অগণিত ঘটনার তোড়ে লেখার সময় তার হবে না। স্মৃতি থেকে সব মুছে যাবে অস্তিত্বহীন বোধ হতে থাকা গোলামের দেশে। যাকগে, বিল ও হিলারি ক্লিন্টন এই দেশটা মাগুরছড়া ট্রাজেডির পরে ঘুরে গেছিলেন। হিলারি তাঁর আত্মবিবরণে বাংলাদেশকে এভাবে মার্ক করছেন তখন :

একটা পাঁচতারকা হোটেলে তিনি উঠেছেন। তাঁকে রাখা হয়েছিল সেখানে। হোটেলের পাশ ঘেঁষে জানালা দিয়ে তিনি দেখলেন অনন্তপ্রায় বস্তির সারি। উপমহাদেশে এটা সাধারণ। ‘ধারাভি’টা কেবল মুম্বাইয়ে থাকে না, উপমহাদেশের প্রতিটা ভূসীমানায় ওটা কমবেশি ছড়ানো। যেখানে, পোকামাকড়ের মতো গাদাগাদি করে মানুষ নামের পতঙ্গরা নিজেকে যাপন করে। বিলাস দিয়ে মোড়ানো পাঁচতারকা হোটেল আর কীটপতঙ্গের মতো পরপর চলতে থাকা মানবসারি দেখে মহামান্যা নিমিষে বুঝে গেলেন বাংলাদেশটা দেখতে কেমন! আর এখানে আমেরিকা কী ভূমিকা রাখতে চলেছে অতঃপর!

তো সেই বাংলাদেশে অতি সীমিত বনভূমি, এর সবুজে নিকানো পাহাড় ও ঝরনা, এর সবুজ সমতল মিলে একটা জলআর্দ্র জীবনকে এভাবে ধসিয়ে দেওয়া হয়েছে ক্রমাগত। আকমল হোসেন নিপুর বিবরণ যার ফ্র্যাকশনটা কেবল ফ্রেমে ধরেছিল তেইশ বছর আগে। তখনো অনেককিছু অস্পষ্ট ছিল। তখনো, তাঁর মনোভূমে স্নায়ুযুদ্ধ পরবর্তী বিশ্বটা কেবল বাজার অর্থনীতির সম্প্রসারণ। পণ্যায়ন, বহুজাতিক, চুক্তিনামা আর মাথা নিচু করে থাকা দ্ররিদ্র জনপদের অসহায় সমপর্ণের কাহিনি তারা বলছিল! গুপ্ত রংগুলো ছিল অজ্ঞাত। একটা শোষণহীন সাম্যের বাংলাদেশ পাওয়ার আশাটা যে-কারণে পুরোপুরি নিভে যায়নি লেখকের মন থেকে। অসাধ্য জেনেও তিনি ক্ষেতমজুরদের সঙ্গে মিশছেন। মাগুরছড়ার পাহাড়িদের সঙ্গে তাঁর যাপন ও বিনিময়টা নিঃশেষিত নয়। ভাবা যাচ্ছে, সবটাই পণ্যায়নের চাপে গলে গেলেও, প্রতিরোধ চলবে আমরণ। এই তো ছবি ছিল তেইশ কিংবা ত্রিশ বছর আগে,—বাংলাদেশের।

দুইহাজার ছাব্বিশে এসে এই-যে এত এত জেন-জি রিবেলিয়ন, এত এত দ্রোহ ও সংক্ষোভ দেশে-দেশে, ক্ষমতাশ্রেণিকে অশ্লীল বাক্যে তাচ্ছিল্য করার জোয়ার… এর সবটাই তথাপি উজ্জীবনা জাগাতে খচ্চরের মতো অক্ষম। আগের প্রজন্মের ধেড়েলদের হাতে এই জেন-জিরা স্রেফ ব্যবহৃত। একটা দাবার গুটি, যাকে ধেড়েলরা স্বার্থ চরিতার্থে মাঠে নামায়। খেলাটাকে বোঝা ও প্রশ্নের জায়গায় ওরা দাঁড়িয়ে নেই। স্বচ্ছল হয়ে ওঠা সুবিধালোভী মধ্যবিত্ত সমাজে বাড়তে থাকা টেকখোর কিছু ছেলেমেয়ে, যারা নিজেও নিশ্চিত নয় কী কারণে তারা ক্ষুব্ধ! আর, কেনই-বা তাদের ক্ষোভকে অন্যরা ব্যবহার করে বিভীষিকা তৈরির মতলবে!

জানি না, আকমল হোসেন নিপু এই সাম্প্রতিককে কীভাবে দেখেন অদ্য। তাঁর দূরবীনচোখ ঠিক কতখানি আজকের ক্রাইসিসকে ধরতে মনোযোগী। কতটা আবেগ ও কতখানি বিষাদ বুকে জমেছে এতদিনে। কতটা সংক্ষুব্ধ অথবা ক্লান্ত উদাসিন বৈরাগী হয়েছেন তিনি। তথাপি, তেইশ বছর আগে ‘রূপম’ থেকে তুলে আনা এই রচনালেখ্য কোথায় জানি মনে দাগ রেখে যাচ্ছে! মনে হচ্ছে একটা পুনরাবৃত্তির পাকে আমরা নিজের শেষ পারানির কড়ি খুইয়ে চলেছি অবিরত। আকমল হোসেন নিপু তেইশ বছর আগে এই-যে লিখছেন :

আমরা হা-হা হাসিতে ফেটে পড়ি, কেবল মূর্খ, অর্বাচীনরাই এখন নিজস্বতা, শিকরবাকড়ের কথা বলি। যেন বহুকাল আগে কোথায় কী ঘটেছিল, তা এখন মনে রাখার অর্থই নিজেকে বিপন্ন করা, নিঃস্ব করা…

সত্যটা, ছাব্বিশে এসে মর্মান্তিক দেখাচ্ছে! একটা জাতির জন্ম, বিকাশ, লড়াই, অধিকার, স্বকীয়তা ও বৈশ্বিকতার সবটাই বিকল্প ন্যারেটিভ দিয়ে বদলানোর চেষ্টা প্রবল করে তুলেছে একাত্তরের পরাভূত শক্তি। যেখানে, একটা একাত্তর কিংবা এরকম কোনো মাগুরছড়ায় ছড়ানো দাবানলে শুধু বনভূমি নয়, একটা জাতির শিকড় পুড়ে যাওয়ার কথা কাউকে স্মরণ করিয়ে দেওয়াটা তীব্র কোনো আবেদন জাগাতে পারছে না! আকমল হোসেন নিপুর মতো লেখকদের ভাষা যেন হারিয়েছে শক্তি ও সংহতি! এখানে, দুইহাজার ছাব্বিশের এই বাংলাদেশে এসব স্মরণ করা মানে হলো নিজেকে বিপন্ন ও নিঃস্ব করা! ছবিটা কি বদলাবে না কোনোদিন…?

—আহমদ মিনহাজ : অবদায়ক : থার্ড লেন স্পেস

. . .

The sad shore of green Bengal; Photography: Akmol Hussain Nipu; Credit: Collected; Author FB Page

. . .

… ছোটকাগজ থেকে পুনর্পাঠ : থার্ড লেন স্পেস-এ প্রাসঙ্গিক আরো দেখুন …

বাটালিপাহাড়ের ‘সুচরিত’ ও অন্যান্য : ভাগ্যধন বড়ুয়া

হারমোনিয়াস দেহে হেলান দিয়ে, এক পাথরযুবক : মুহম্মদ ইমদাদ

‘দ্য এগ’ সমাচার : মোস্তাফিজুর রহমান জাভেদ

আপনি কি নিজের ভাষায় লিখতে পারছেন? : সত্যজিৎ সিংহ

কবিতার কথা : সৈয়দ আফসার

বিচ্ছিন্নতার যুগবিশ্বে ‘ছোটকাগজ’ : মোস্তাফিজুর রহমান জাভেদ

পরাহত ভাঁজ : ঋতো আহমেদ

মন-মিররে কিছু প্রলাপ ও ঈগলটনের সাহিত্য : সন্তর্পণ ভৌমিক

সুরেন বাইন : শেখ লুৎফর

চোর : প্রাণকৃষ্ণ চৌধুরী

মায়া : মোস্তাফিজুর রহমান জাভেদ

. . .

লেখক পরিচয় : আকমল হোসেন নিপু

বাংলা ভাষার সুপরিচিত কবি ও কথাশিল্পী আকমল হোসেন ‍নিপু মনু নদী পরিবেষ্টিত মৌলভীবাজারের সন্তান। জল-প্রাকৃতিক মনোরম নিসর্গ ও সাংস্কৃতিক ঐতিহ্যে ধনাঢ্য এই জেলার রাজনগর উপজেলার ধাইসার গ্রামে তাঁর জন্ম ও যাপন। পড়ালেখার পাঠ শেষে সাংবাদিকতাকে পেশা করেছেন। দীর্ঘ সাংবাদিক জীবনে ‘প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক হিসেবে কাজ করেছেন। একটা সময় মৌলভীবাজার থেকে প্রকাশিত ‘মনুবার্তা’র বার্তা বিভাগে রেখেছেন অবদান। ক্ষেতমজুর সমিতি ও তৃণমূলের জনজীবনে সম্পৃক্ত ছিলেন নানাভাবে। এসব অভিজ্ঞতার তাঁর সাহিত্যকর্মে প্রগাঢ় ছাপ রেখেছে।

আশির দশক থেকে আকমল হোসেন নিপু মূলত সাহিত্য-পাঠকের নজরে আসেন। চার দশক ধরে সক্রিয় লেখকজীবনে কবিতা ও গল্পে সমান সাবলীল তিনি। কবিতায় তাঁর সহজাত স্বভাবে মৃদুভাষী। নিসর্গ ও জীবনের রূপময় প্রতিভাস ফল্গুধারার মতো ধারণ করেন কবিতায় এবং গল্পে। গল্পের বুনোটে কাব্যস্বর উঁকি দিলেও, নিজের চোখে দেখা প্রান্তিক মানুষ ও প্রতিকূলতার মধ্যে তাদের বেঁচে থাকার খুঁটিনাটি সবসময় প্রধান হয়ে ওঠে। গল্পের বুননে বিভাজনের শ্রেণি-রাজনীতি ও এর পরিণাম তুলে ধরেছেন আকমল হোসেন নিপু। যেখানে, মাঝেমধ্যেই তাঁর ভাষাবয়ানে শহীদুল জহির প্রচ্ছন্ন স্বাক্ষর রেখে চলেন।

নব্বই দশকের অন্তে এসে প্রকাশিত গল্পবই ‘জলদাসের মৎস্য ঘ্রাণ’ আকমল হোসেন নিপুকে দ্রুত পাঠনজরে নিয়ে আসে। বাংলা ভাষায় রচিত গল্পের সমৃদ্ধ মহাফেজখানায় বইটি গুরুত্ব রাখে। আকমল হোসেন নিপুর ‘সিগনেচার’ চিনে নিতে এটা পাঠ-সহায়ক। ‘ভূমিপুত্র অথবা হাওরপুরাণ’ তাঁর আরেকটি উল্লেখযোগ্য বই। নদী, পাহাড়, সবুজে নিকানো চা-বাগান, আর হাওরঘেরা মৌলভীবাজার প্রবাসী দিয়ে বোঝাই থাকলেও, প্রদীপের নিচে যেমন অন্ধকার থাকে, এই জনপদে ভূমিহীন প্রান্তিক মানুষ প্রতিকূলতার বিরুদ্ধে আজো লড়ছেন। নিপুর নিজ চোখে দেখা ‘হাওর সংলগ্ন’ জীবন ও সংগ্রামী মানুষের মুখচ্ছবির স্বকীয় নির্মাণ ‘ভূমিপুত্র অথবা হাওরপুরাণ’কে আলাদা মাত্রা দিয়েছে। বইটি নিয়ে যদিও বলার মতো পাঠ-আলোচনা এখনো বিরল!

সময়টানে গল্প, কবিতা ও শিশুদের জন্য নিবেদিত আরো বই একে-একে বেরিয়েছে লেখকের। ‘রাতটা পূর্ণিমার ছিল’, ‘টিয়া পাখির পাথরকাল’, ‘বুড়ি চাঁদ ডুবে যাবার পরে’, ‘মেঘে যে তোমার বাড়ি’, ‘তার চোখের সামনে’, ‘আমরা খুব খারাপ সময়ে বেঁচে আছি’, ‘দ্রোহীতারা কমরেড তারা মিয়া’, ‘হাড়ের পাখি’ ইত্যাদি উল্লেখযোগ্য।

ব্যক্তিযাজীবনে সংসারী ও নিভৃতচারী আকমল হোসেন নিপু পুষ্পজনম ভালোবেসে বৃক্ষ, নদী, হাওর ও বনভূমিতে নিজেকে একাগ্র রাখেন। একাগ্রতাকে ক্যামেরায় ধারণ করা তাঁর ভালোবাসার অন্য একটা দিক তুলে ধরে। সুস্থির নোঙরে নিজেকে স্থিত রাখার মন্ত্র এভাবে আজো ধরে রেখেছেন কবিতালিপ্ত এই মৃদুভাষী লেখক।

. . .

আকমল হোসেন নিপু : অবদায়ক : থার্ড লেন স্পেস.কম

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *