
ফিওদর দস্তয়েভস্কি অকপটে বলতে পেরেছিলেন, আমি টাকার জন্য লিখি! কিন্তু ওটা কি সত্য কথা? এ-নিয়ে আমার প্রশ্নও আছে। কেউ কেউ-বা বলেন, ‘বেঁচে থাকার জন্য লিখি’! ‘অন্যকিছু পারি না বলে লিখি’। ‘পৃথিবী পালটে দেওয়ার জন্য লিখি’।—সেসবও কি সত্য কথা? মনে তো হয় না!
এটাও আমি মনে করি, আদপে কেউ কি বলতে পারে কেন লেখে? কেন ছবি আঁকে? কেন গান গায়? অথবা কেনই-বা বেঁচে থাকে? কেউ কি বলতে পারে—এই হচ্ছে জীবনের অর্থ? এটা জীবনের অনর্থ? বলতে হয়তো পারে কেউ, বলেও—কিন্তু সেটা কি একমাত্র সত্য বলা?
অনেক কথাই তো বলা যেতে পারে এ-প্রসঙ্গে। কবিতা কেন পড়ে মানুষ? গল্প কেন পড়ে? নাটক কেন দেখে? সিনেমার জন্য কেন এত পাগল? যে-মানুষ শেকসপিয়র পড়েনি, যে-মানুষ তারকাভস্কি দেখেনি, যে পথের পাঁচালী দেখেনি, তার জীবন কি ব্যর্থ?
পড়ে মানুষ ‘মানুষ’ হয়। এটা একটা মিথ। সত্যি পড়ে কিছু হয়? জগতে অনর্থের কুশীলবরা তো পড়ুয়া মানুষই। নাকি? আমরা ধরেই নিয়েছি নিরক্ষর মানে অসভ্য, বনে-জঙ্গলে যারা থাকে তারা অসভ্য। টেম্পেস্ট নাটকের ক্যালিবান তাই ‘অসভ্য’;—ওভাবে নির্মাণ করলেন শেকসপিয়র। শাসকশ্রেণির রুডিয়ার্ড কিপলিং তো প্রকাশ্যেই বলেছেন—‘ওরা (ভারতীয়রা) আমাদেরই তৈরি ক্যালিবান।’ মেল গিবসন অ্যাপোক্যালিপ্টো (Apocalypto) সিনেমায় লাতিন আমেরিকার আদিবাসী মানুষদের দেখিয়েছেন ‘অসভ্য’ হিসেবে। সিনেমার শেষদৃশ্যে দেখানো হয় ‘সভ্য’ ইউরোপীয়দের আগমন এবং সভ্যতার মানদণ্ড ‘খ্রিষ্টধর্ম’কে। এটাও একধরনের ‘সত্যে’র নির্মাণ। ক্ষমতার কেন্দ্রে যারা থাকে তারা সত্য নির্মাণ করে, মানুষের ওপর চাপিয়েও দেয়।
প্রশ্ন দাঁড়ায়-সভ্যতার মাপকাঠি কী? কারাই-বা এই মাপকাঠি ঠিক করে দেয়? সেটা অবশ্য আরেক প্রশ্ন। কিন্তু কথা হচ্ছিল, কেন লিখি? আমার মনে হয় এ-প্রশ্নের উত্তর আমি দিতে পারব না। শুধু প্রশ্নের বিপরীতে কিছু ভেবে নিতে পারি। আমার মনে আছে মাহবুব লীলেনের কথা। নব্বইয়ের তুখোড় এক কবি; এখন অবশ্য কবিতা লিখে না। সে একবার বলেছিল, মাগির দালাল ও কবিতা-লেখকের মধ্যে ইতরবিশেষ নেই। সে ওভাবেই কথা বলত। আজ ভাবতে ইচ্ছে করে—কেন সে একথা বলেছিল আমাদের পঁচিশ-ছাব্বিশ বছর বয়সে? মাগির দালাল যে-কারণে দালালি করে, ওই একই কারণে কবিও লেখে। এই কথার সঙ্গে কী অদ্ভুত মিল জীবনানন্দের সেই কথাটিরও : ‘কবিতা ও জীবন একই জিনিসের দুইরকম উৎসারণ।’ দুজনের কথাই কথামাত্র নয়। এখন মনে হয়।
মানুষের জীবনটা সে চেয়ে নেয়নি। সেটা একটা দুর্ঘটনা মাত্র। এমনকি যে-জীবন সে যাপন করে সেটাও অনেকটা পরিস্থিতি তৈরি করে দেয়। লেখালেখি জীবনযাপনের বিশেষ অংশ। সুতরাং তার পেছনেও পরিস্থিতির ক্রিয়া-বিক্রিয়া বিদ্যমান। না হলে আমি কবিতা লিখি, আমার সহোদর লিখে না কেন? কবিতা তো সে পড়েও না। কবিতা না পড়েও দিব্যি আছে। আর কবিতা লেখার জন্য কেউ আমাকে দিব্যিও দেয়নি। কিন্তু আমাকে লিখতে হয়। সবসময়ই-যে লিখি এমন নয়। লিখতেও পারি না অনেক সময়। অনেক সময় অনিচ্ছা সত্ত্বেও লিখেছি, অন্যের চাপে লিখেছি। লিখে মনে হয়েছে, বাহ্! দারুণ তো!—যা লিখেছি তার জন্য প্রস্তুতিও ছিল না। কম্পিউটারে বসে বসে টাইপ করেছি, তাই হয়ে গেল। প্রথম জীবনে চাকরি নিয়ে সুনামগঞ্জে গিয়েছিলাম। তিন বছর কিছুই লিখিনি। আমি-যে লিখতাম এটাও ভুলে গিয়েছিলাম। কিন্তু একটা ছটফটানি ছিল মনের ভিতর। মনে হতো কী-একটা ছিল আমার ভিতর, আর এখন নেই। আমি যখন পেশায় মনোযোগী ছিলাম। সিলেট ফিরেও দুবছর লিখিনি কিছু। লেখার সঙ্গে কুস্তিও করিনি।
কোভিড-১৯ পরিস্থিতির আগেও দুবছর কবিতা লিখতে পারিনি। এক সন্ধ্যায় হঠাৎ একটা নিউজফিড ভেসে আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তরুণী এক মাতা সদ্য-জন্ম নেওয়া শিশুটিকে বহুতল ভবনের বাথরুমের ভেন্টিলেটর দিয়ে নিচে ফেলে দেয়। শিশুটি মাটিতে পড়ে অস্থিমজ্জায় একাকার হয়ে যায়। নিউজফিডে খবরের সঙ্গে ছবিটিও যুক্ত ছিল। ঘটনাটি আমাকে খুব পীড়া দেয় এবং আকুল করে তোলে। আমি তখন কম্পিউটারে অন্য কাজ করছিলাম। তখন কেমন যেন বোধ হলো এবং কিবোর্ড চাপতে লাগলাম। কয়েক মিনিটের মাথায় একটি কবিতা লেখা হয়ে গেল। অবশ্য আমি নিশ্চিত ছিলাম না ওটা কবিতা হয়ে উঠেছিল কি না। পরে এর একটি নাম দিলাম। ‘বহুদিন পর একটি কবিতা’। খানিক বাদে নামটা পরিবর্তনও করলাম। ‘বহুদিন পর আরও একটি প্রেমের কবিতা’। কবিতাটি নিচে তুলে দিচ্ছি :
বহুদিন পর আরও একটি প্রেমের কবিতা
একটি কিশোরী মা তার নবজাত শিশুকে বহুতল ভবনের ভেন্টিলেটর দিয়ে ফেলে দিয়েছে মাটিতে আর আমি তোমার চিবুকের টোল খুঁজতে বেরিয়েছি পাহাড় মরু আর উপত্যকার জঙ্গলে
নবজাতকটির আয়ু ছিল মোটে বিশ মিনিট আর বাথরুমে কুমারী মা নিজেই ব্লেড দিয়ে কেটেছিল বাচ্চার নাড়ি
তখন আমি অনলাইনে তোমাকে খুঁজে বেড়াচ্ছি জাপান তুরস্ক চীন ইউরোপ অথবা আমেরিকায়।
এদিকে মোদি সরকার ভারতে হিন্দুত্ব বজায় রাখতে সক্ষম হয়েছেন আর ট্রাম্পও আরেকদফার জন্য প্রস্তুত হচ্ছেন
এতে আমার কিছু যায় আসে না কারণ ফিলিস্তিন বা কাশ্মীর কিংবা পৃথিবীর হত্যা-উৎসব আমাকে অনুভূতিতহীন পাথর করে ফেলেছে। আমি এখন বিকৃত মস্তিষ্কের মানুষ ছাড়া কিছুই নই; রক্তপাত আমাকে আর বিশেষ ভাবায় না, এমনকি শিশুহত্যা তাও না
ওই যে ষোলো বছরের কিশোরী মা তার সন্তানকে ফেলে দিলো কার্নিশ দিয়ে নিচে তাতে আমি আশ্চর্য হইনি মোটেও, এটাই যেন হওয়ার কথা ছিল
শিশুটির মাথা ফেটে মগজ ছিটকে পড়েছে ড্রেনে তার গোলাপি মৃতদেহটিও আমি স্পষ্ট দেখেছি নিউজপোর্টালে কিন্তু বিচলিত হইনি এতটুকু
আমি বরং ঠাণ্ডামাথায় পৃথিবীর এপ্রান্ত থেকে ওপ্রান্ত তোমাকে খুঁজে বেড়াচ্ছি কিন্তু তোমার মুখের আদল কি নামটুকুও কোথাও চোখে পড়ছে না
আমি ভাবি কেন এমনটা হয়? নিউজিল্যান্ডে যেদিন মসজিদে হত্যাযজ্ঞ চালিয়েছিল এক বিকৃতমস্তিষ্ক খুনি সেদিনও আমি তোমার নাভি খুঁজছিলাম আমাজান জঙ্গলে
তার আগে আমেরিকা যে-বার শেষরাতে আফগানিস্তানে ঘুমন্ত মানুষের ওপর মর্টার-হামলা চালায় সেবারও আমি তোমার হাড় খুঁজেছিলাম সাইবেরিয়ার পাহাড়ে।
আমি জানি আমার এই সন্ধান কোনোদিন থামবে না আর মানুষ আরও হত্যা-উৎসবে মেতে উঠবে
এইসব হোমা-স্যাপিয়েন্স একদিন ধ্বংস হবে তাদের নিকট আত্মীয় ক্রোমেনিয়নের মতোই কেননা কার্নিশে চড়ুইপাখি দেখে মানুষ আজকাল আনন্দে আরো লাফিয়ে ওঠে, উদ্ভিদের সূচালো কুড়ি মানুষকে আর পুলকিতও করে না
কিন্তু তারপর কী হবে? মানুষের তির ধনুক ছুরি হার্পুন বন্দুক আর বোমা যখন স্মৃতি হিসেবে পড়ে থাকবে তাদের খুলি ও হাড়ের পাশে
তখনও আমার পুরোনো কঙ্কাল খুঁজে বেড়াবে আরেকটি কঙ্কাল যার শরীরী রূপে একদা কোথাও তিল ছিল, শ্যামল অঙ্গে কোথাও ঢেউ ছিল, গালে হয়তো একটা টোলও ছিল
—২০১৯

তো অনেকদিন তো কবিতাই লিখছিলাম না আমি। তখন অন্য অন্য কাজে ব্যস্তও ছিলাম, আগেও বলেছি। এই কবিতা লেখার প্রস্তুতি বা মানসিকতা কোনোটাই ছিল না আমার ভিতরে। কিন্তু ওই নিউজফিড ওই কুমারী মাতা, তার সন্তানের অপমৃত্যু কবিতাটি লেখার কারণ হয়ে উঠল, এবং তা নিমিষেই। এখন, তাহলে, কেন লিখি? এই প্রশ্নের জবাবে কী বলা যেতে পারে?
প্রত্যেকটা মানুষই সৃষ্টিশীল। কারণ সে সংবেদনশীল এবং কল্পনা করতে পারে। ফলে মানুষ জীবনে কোথাও-না-কোথাও সৃষ্টিশীলতার স্বাক্ষর রাখে। এটা তার বেঁচে থাকার পদ্ধতি ও প্রক্রিয়া। অন্য প্রাণীর মধ্যে এই ধর্মগুলো নেই বললে চলে। এমনকি মানুষ যখন যৌনকর্ম করে তখনও সে সৃষ্টিশীলতার চরম পরিচয় দেয়। পশুর মতো স্রেফ মৈথুন তাদের নয়। নয়-যে, সেদিন একটা ঘটনা পড়লাম এবারের নোবেল বিজয়ী এক নারীলেখকের আত্মজীবনীমূলক রচনায়। লেখিকার নাম আনি এরনো। তিনি তাঁর উন্মাতাল প্রেমের গল্প বলেছেন সেই রচনায়-যে, প্রেমিকটি ছিল বয়সে তাঁর চেয়ে ছোটো। দুজনই শারীরিক প্রেমে বেপরোয়া হয়ে পড়েছিলেন একসময়। সহবাসের চিহ্নগুলো স্মরণীয় করে রাখার জন্য তাঁরা একটা কৌশল অবলম্বন করেছিলেন। প্রতিবার যৌনমিলনের আগে তাঁরা বিছানায় আর্টপেপার রেখে দিতেন এবং সঙ্গে কিছু রংও। যৌনমিলনের সময় আর্টপেপার ভরে উঠত বীর্যে ও যোনিরসে এবং ধস্তাধস্তিতে বীর্য, যোনিরস ও রং মিলে পরিণত হতো নানা আঁকিবুকিতে। যেন ইমপ্রেশনিস্ট শিল্পীদের আঁকা অনন্যসাধারণ চিত্রকর্ম। পরে তাঁরা আর্টপেপারটি বাঁধিয়ে রাখতেন ঘরের দেয়ালে এবং স্মৃতিতে উপভোগ করতেন সঙ্গমকালীন মুহূর্তগুলো। জীবনের আনন্দের ক্ষণগুলো।
এই বিষয়টি সত্যি আমাকে আলোড়িত করেছে, আমি ভাবতেই পারিনি যৌনমিলনকে এমন সৃষ্টিশীল উপায়ে ফ্রেমবন্দি করে রাখা যায়। বলতে চাই এটাও জীবনের একধরনের উদযাপন। এর সঙ্গে মাতিসের, সেজানের শিল্পজীবন উদযাপনের পার্থক্য নেই। ফ্রান্সে এদদল কবি একদা মানুষের মাথার খুলিতে মদ রেখে পান করতে করতে শিল্পচর্চা করতেন। এও জীবনকে উদযাপনের এক রীতি।
সংক্ষেপে আমার বক্তব্য এই-যে, আমি যে-লিখি তা জীবনযাপনেরই একটা পদ্ধতি ও উপায়;—এর বাইরে কিছু নয়। এই পদ্ধতি ও উপায় তৈরি হওয়ার পেছনে নিশ্চিতই নানা কারণও বিদ্যমান রয়েছে। যা হয়তো জীবন তৈরি হওয়া কারণের মতোই। একেকজনের জীবন তৈরির উপকরণ এককরকম, চেতনা ও উপলব্ধিও ভিন্নরকম ও স্বতন্ত্র। এবং এর মধ্যেই সুপ্ত থাকে জীবনের সমূহ প্রক্রিয়া ও পদ্ধতি।
আমি বেড়ে উঠেছি কৃষিভিত্তিক পরিবারে। আমার বড়ো চাচা দক্ষ একজন কৃষক ছিলেন। তিনি যে-জমি চাষ দিতেন তার প্রত্যেকটি অংশ ছিল শিল্পিত। চাকরদের সমুদয় কাজ হয়ে গেলে নিজে তিনি হাত লাগাতেন, যত্মআত্তি করতেন, তারপর বীজ বুনতেন। চারাগাছের যত্ন করতেন এবং চারাগাছ কর্ষিত জমিতে রোপণ করতেন একে একে। ভোর থেকে সন্ধ্যা অবধি তিনি মাঠেই থাকতেন এবং রাতেরবেলাও চিন্তানিমগ্ন থাকতেন, প্রস্তুতি নিতেন পরদিন কোন কাজ কীভাবে করবেন? ফলে অন্যের জমির তুলনায় তাঁর জমির ফলন ভালো হতো, দেখতেও ভালো লাগত। খেতের আলে দাঁড়িয়ে তিনি ফসলের দিকে তাকিয়ে আনন্দে উচ্ছল হয়ে উঠতেন। মনে হতো খেতের পাশে ঘুমাতে পারলেই তিনি সবচেয়ে ভালো থাকবেন। মৃত্যুর এতবছর পরও তাঁর সেই কর্মদীপ্ত ও আনন্দিত মুখটাই মনে পড়ে বেশি। আমার তো মনে হয় তাঁর সঙ্গে একজন লেখক, শিল্পী বা কবির পার্থক্য নেই! তাঁর জীবনবোধ ছিল এটাই এবং তিনি তাঁর জীবনযাপনের পদ্ধতিও এভাবেই ঠিক করেছিলেন!
বড়োচাচা কি আর কিছু করতেন না? নিশ্চয়ই করতেন। মাছ ধরতেন, কাঠ কাঠতেন, ঘর বানাতেন। কিন্তু কৃষিকাজে তিনি ছিলেন আলাদা, অনন্য। তাঁর সৃষ্টিশীল জায়গা ছিল ওখানেই। ওটা তাঁর জীবন-পদ্ধতির বিশেষ জায়গা। আমিও অন্য অনেক কাজের সঙ্গে যুক্ত। যেমন শিক্ষকতা করি, তেমন গবেষণাও করি। শিক্ষা-উপকরণ তৈরি করি, সংসারও করি। এসবই আমার জীবনযাপনের পদ্ধতি। এসব পদ্ধতির সঙ্গে আরও একটা পদ্ধতি আমি বেছে নিয়েছি কিংবা ওই পদ্ধতিতে জীবনযাপন করার উপাদান আমার ভিতরে ক্রিয়াশীল। অর্থাৎ, আমি লিখি। যা আমার ভাই বা বোনদের মধ্যে নেই। এখানেই আমি আলাদা। তারাও হয়তো তাদের অন্য অন্য পদ্ধতির কারণে আলাদা। এর মানে এই নয়, আমার এই বিশেষ পদ্ধতিই উত্তম। বেশি আনন্দময়। তারা হয়তো অন্য কাজে বিশেষ কাজে আনন্দ পায়, আমি এতে পাই। কবিতা লেখা মহৎ, অন্যটি কম মহৎ—এটা আমি কখনওই মনে করি না। কখনও মনে হয়, অনেক কবিতা লেখার চেয়ে মুমূর্ষু রোগীকে এক ব্যাগ রক্ত দেওয়া বেশি মহত্ত্বের কাজ। কিংবা একটি গমের দানা উৎপাদনে রয়েছে বিশেষ মহত্ত্বের কিছু। সুতরাং আমি লিখি, এতে যেমন আমার অভিমান নেই, তেমনি এটাও মনে করি না-যে, আমার এই কাজ বিশেষ মহত্ত্বেরও।
. . .

পাঠ-সংযুক্তি
‘কেন লিখি’র প্রত্নতত্ত্ব ও আগামীর মমিমানব
‘কেন লিখি?’—কবি ও গদ্যকার ফজলুররহমান বাবুল তাঁর সম্পাদিত ছোটকাগজ ‘ঋতি’ নবম সংখ্যায় ক্লিশে প্রশ্নটা পুনরায় ফেরত এনেছিলেন। বাংলা ভাষায় এখন যাঁরা নিরলস লিখছেন, তাঁদের মধ্য থেকে কয়েকজনের কাছে প্রশ্নটা নিয়ে ধর্না দিয়েছিলেন সম্পাদক। যে-কোনো লেখকের জন্য বিব্রতকর এই প্রশ্নের উত্তর তাঁরা দিয়েছিলেন নিজের মতো করে। মনের আয়নায় নিজের মুখচ্ছবি দেখার তাড়না হয়তো ‘কেন লিখি’র জবাব খুঁজতে তাঁদেরকে আরেকবার ত্যক্ত করাছিল। যেখানে, সম্পাদক স্বয়ং এর যৌক্তিকতা তুলে ধরতে যেয়ে লিখেছেন :
লেখক দিনের পর দিন, বছরের পর বছর লেখালেখির মতো ক্লান্তিকর একটি কাজে নিজেকে কেন এবং কীভাবে যুক্ত রাখেন, এমন প্রশ্নের জবাব খোঁজেন পড়ুয়া-সমালোচক। লেখক বলতে পারেন, আমার কিছু বলার আছে বলেই লিখি। বলার মানে তো অব্যক্ততাকে ব্যক্ত করা। যদি আমরা মনে করি লেখার কাজটা আসলে অব্যক্ততার বেদনা থেকে নিজেকে মুক্ত করার একটা প্রণালি, কিংবা আমরা যদি বলি—লেখকের নিঃসঙ্গতার মধ্যে লেখা একটা সঙ্গ, তবে কি শেষ কথা বলা হয়? নিশ্চয় না। লেখক লেখার মাধ্যমে অব্যক্তকে প্রকাশ করেন। এই প্রকাশটা হতে পারে নিজের সঙ্গে কিংবা পাঠকের সঙ্গে কথা বলা। লেখক কি তাঁর লেখার মাধ্যমে কথা বলতে পারেন না নিজের সঙ্গে, পাঠকের সঙ্গে? পাঠক হিশেবে একটু সচেতন হলে একটা লেখা পড়তে পড়তে নিশ্চয় লেখকের মুখটা দেখা যায়। সবসময় দেখা না-গেলেও মাঝে মাঝে দেখা যায়।
লেখার ভিতরে ‘লেখকের মুখচ্ছবি’ উঁকি দেওয়ার কথা এই-যে ‘ঋতি’ সম্পাদক পটভূমিকায় টানলেন, এর একটা আভাস ‘কেন লিখি’র উত্তর যাঁরা তাঁকে দিয়েছিলেন, তাঁদের লেখায় সেটা কিছুটা হলেও ধরা পড়েছিল বৈকি। লেখা মানে কি কেবল নিজেকে ঘিরে সচল অভিজ্ঞতা ও অনুভূতির ভাষিক বিবরণ? লেখা কি কেবল অন্যকে দেখে নিজের আয়নায়? নাকি লেখার মধ্য দিয়ে লেখক তার নিজেকে অনেকখানি উন্মোচিত করেন? কেউ হয়তো সচেতনভাবে করেন; অনেকের ক্ষেত্রে ওটা অজ্ঞাতে ঘটে যায়। এইসব পরিপার্শ্ব ও অজস্র ‘অপর’কে ভাষা-বিবরণে মূর্ত করে তোলায় ‘লেখা’ নামক ক্রিয়াটি শৈল্পিক অভিজ্ঞতা হয়ে ওঠে, যিনি লেখেন ও তাকে যারা পড়ছেন,—উভয়ের জন্য।
‘ঋতি’ নবম সংখ্যায় সংকলিত রচনাগুলোয় চোখ রাখলে এটা বেশ টের পাওয়া যায়। জফির সেতুর রচনাটি যেমন চার বছর পর পড়তে বসে মনে আবেগ দিয়ে যাচ্ছে। গত চার বছরে পৃথিবী মারাত্মক বদলে যায়নি! আবার, সবকিছু দ্রুত বদলে যাচ্ছে না, চেনা ছবিগুলো অচেনা হয়ে পড়েনি সহসা,—এটা হলফ করে বলা কঠিন লাগছে নিজের কাছে। বিশ্বব্যবস্থায় মাতবর দেশগুলোর আধিপত্য ও নিয়ন্ত্রণ ধরে রাখার জটিল হিসাব-নিকাশ কিন্তু মাত্র চার বছরে পুরোটা পালটে গেছে! যুদ্ধ, ভূ-রাজনীতির সমীকরণ, জ্বালানি সংকট, তথ্য-প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার উল্লম্ফন গলেমিশে অচেনা এক বাস্তবতাকে যেন চোখের সামনে ভাসিয়ে তুলেছে! চার বছর আগে পৃথিবী ওই চিরাচরিত সব সম্ভাবনা ও সংকটের চক্রে ঘুরছে মনে হতো,—এখনো কি তাই? বোধহয় না।
‘কেন লিখি’ প্রশ্নের উত্তর চার বছর আগে জফির সেতু ভাবছেন, এবং ফজলুররহমান বাবুল একে ধরে রাখছেন ‘ঋতি’র নবম সংখ্যায়, স্বল্প দূরপাল্লার মধ্যেই কিন্তু মানব প্রজাতির বেঁচেবর্তে থাকার ছকটা হেলে পড়েছে! বিংশ শতকের ত্রিশ-চল্লিশ বৎসর অন্তর ‘সন্ধিক্ষণ’, ‘মেরুকরণ’, ‘পালাবদল’ ইত্যাদি শব্দ ফিরে-ফিরে দেখা দিতো নতুন যুগবাস্তবতা হয়ে;—একুশ শতকে শব্দগুলোকে ‘সিঙ্গুলারিটি’ বা ‘অনন্যতা’য় বিলীন হতে দেখছি। ধরিত্রীর ভবিষ্যৎ ও ভবিতব্য এমন এক অনন্যতায় উপনীত হতে যাচ্ছে বলে আজকের দৈবজ্ঞরা আওরাচ্ছেন সমানে, এটা এখন পয়েন্ট অব নো রিটার্নের অনুভূতি মনে প্রবল করে তুলছে! চার বছর আগে এরকম অনুভূতি প্রকট ছিল কি? মানবজাতির সঙ্গে প্রকৃতিরও নিয়তি যেন-বা লিখছে ‘সিঙ্গুলারিটি’র ভাষায় কথা কইতে থাকা সময়। লেখকের জন্য এটা সুতরাং ‘অনন্য’ এক পরিস্থিতি। কোনটা ছেড়ে কোনটা দেখবেন তিনি অথবা সবকিছু একত্রে গেঁথে দেখার জায়গা কি অবশিষ্ট থাকছে সামনে? প্রশ্নের উত্তরটা আপাতত কুহকজটিল!

কুহকজটিল সময়রেখায় দাঁড়িয়ে জফির সেতুর রচনাটি নিজেকে ও ‘অপর’কে যুগপৎ চেনা ও অচেনা ভাবার অনুভব ত্বকে দিয়ে যাচ্ছে। মনে করিয়ে দিচ্ছে,—মাটি খুঁড়ে পাওয়া মানুষের স্মৃতি ও স্মারক, দীর্ঘ বিবর্তনরেখায় যারা সভ্যতা নামে পরিচিত এই প্রপঞ্চটির জন্ম দিয়েছিল। আমরা কি সেই প্রপঞ্চে যাপন করি এখনো? নাকি, যাপনটা যুগের নতুন ভাষায় ঝাপসা ও অস্পষ্ট ইতোমধ্যে? যেখান থেকে জফির সেতু কিংবা তাঁর এই লেখাটিকে মনে হবে বহু দূরে ফেলে আসা অথবা নিখোঁজ অনুভবের স্মারক? অনেকদিন কবিতাহীন যাপন, লেখালেখির পরিভাষায় এটা হলো লেখাখরা বা রাইটার্স ব্লক, তো সেই খরা কাটিয়ে কবিতায় ফেরত আসার মুহূর্তে তিনি এরকম করে লিখছেন :
এইসব হোমা-স্যাপিয়েন্স একদিন ধ্বংস হবে তাদের নিকট আত্মীয় ক্রোমেনিয়নের মতোই কেননা কার্নিশে চড়ুইপাখি দেখে মানুষ আজকাল আনন্দে আরো লাফিয়ে ওঠে। উদ্ভিদের সূচালো কুড়ি মানুষকে আর পুলকিতও করে না
কিন্তু তারপর কী হবে? মানুষের তির ধনুক ছুরি হার্পুন বন্দুক আর বোমা যখন স্মৃতি হিসেবে পড়ে থাকবে তাদের খুলি ও হাড়ের পাশে
তখনও আমার পুরোনো কঙ্কাল খুঁজে বেড়াবে আরেকটি কঙ্কাল যার শরীরী রূপে একদা কোথাও তিল ছিল, শ্যামল অঙ্গে কোথাও ঢেউ ছিল, গালে হয়তো একটা টোলও ছিল
মানুষকে ‘মানুষ’ রূপে অনুভূত হওয়ার অভিজ্ঞতা তো পেছনে ফেলে আসা একশো বছরে যথেষ্ট দুরূহ টের পাচ্ছিলেন অনেকে! এখন তা আরো পরিষ্কার, কেননা নতুন পালাবদল যে-বিশ্বব্যবস্থার আভাস দিচ্ছে, সেখানে মানুষ নিজের থেকে মানুষকে ছেড়ে যাচ্ছে। পরস্পর থেকে তারা সরে যাচ্ছে ও অপসারিত হচ্ছে দ্রুত। কুয়াশাঢাকা সড়ক ধরে মানবসারি চলেছে, হাতির পালের মতো তারা যূথবদ্ধ সেখানে, তবু কারো অবয়ব কারো কাছেই স্পষ্ট নয়। জীবনানন্দের ‘যূথচারী’ শব্দটার মতো তারা একে অন্যের কাছে অনুরণিত হয়েও পরস্পর থেকে সুদূর!
বব ডিলানের গানে মর্মরিত সংকীর্ণ খাদের কিনারায় হেলে পড়াটা অসন্ন জানার পর তারা কি একে অন্যকে আঁকড়ে ধরবে? আবিষ্কার ও আলিঙ্গন করবে কি পর্যদুস্ত হওয়ার যাতনা ভোলে? কচি কিশলয় হয়ে মাটির উপর কি আবার মাথা তুলবে মানুষ? প্রশ্নগুলো প্রবল হলো, যেহেতু, ‘কেন লিখি’র ছলে জফির সেতু চার বছর আগে ওদিকপানে গমনের আভাস রাখছিলেন।
তাঁর রচনাটি কোনো এক লেখক কেন লেখেন এর উত্তর পাওয়ার জন্য পড়ছি না। পড়ছি, প্রকৃতির বানিয়ে তোলা সভ্যতা বনাম মানুষের তৈরি সভ্যতায় ঘনিয়ে ওঠা ডায়ালেকটিক্স চার বছর আগে দেহকোষে কেমন বোধ হতো তা অনুভব করার প্রয়োজন থেকে। যেখানে, ‘অনুভব’, ‘স্পর্শ’, ‘আলিঙ্গন’, ‘বিজড়ন’ কিংবা আরো সরাসরি মানুষকে কোনো প্রত্নতত্ত্ব বা মমি ভেবে নয়, নৃ-স্মারক ভেবে নয়, বরং ‘রক্তমাংসের মানুষ’ ভাবার খিদে তিনি জানাচ্ছেন, অদ্ভুতভাবেই জানাচ্ছেন,— মাত্র চার বছরের দূরত্বে বসে লেখা ও এখন ‘আমি-পাঠকের’ কাছে ‘অচেনা’ এক লেখায়…!
—আহমদ মিনহাজ : অবদায়ক : থার্ড লেন স্পেস
. . .

… ছোটকাগজ থেকে পুনর্পাঠ : থার্ড লেন স্পেস-এ প্রাসঙ্গিক আরো দেখুন …
আসলে পোড়া মাটি অথবা পোড়া গাছের কথা : আকমল হোসেন নিপু
বাটালিপাহাড়ের ‘সুচরিত’ ও অন্যান্য : ভাগ্যধন বড়ুয়া
হারমোনিয়াস দেহে হেলান দিয়ে, এক পাথরযুবক : মুহম্মদ ইমদাদ
‘দ্য এগ’ সমাচার : মোস্তাফিজুর রহমান জাভেদ
আপনি কি নিজের ভাষায় লিখতে পারছেন? : সত্যজিৎ সিংহ
বিচ্ছিন্নতার যুগবিশ্বে ‘ছোটকাগজ’ : মোস্তাফিজুর রহমান জাভেদ
মন-মিররে কিছু প্রলাপ ও ঈগলটনের সাহিত্য : সন্তর্পণ ভৌমিক
মায়া : মোস্তাফিজুর রহমান জাভেদ
. . .

লেখক পরিচয় : জফির সেতু
আধুনিক বাংলা কবিতার অন্যতম কবিকণ্ঠ জফির সেতু সিলেট জেলার সন্তান। ভারত সীমান্তবর্তী কোম্পানিগঞ্জ উপজেলার গ্রামীণ নিসর্গে তাঁর জন্ম ও যাপন। উচ্চশিক্ষার পাঠ চুকিয়ে অধ্যাপনাকে পেশা করেছেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্য পড়ান। কবি পরিচিতির স্বীকৃতি ছাপিয়ে গল্প, প্রবন্ধ, স্থানিক ইতিহাস, সাহিত্য ও ভাষাতাত্ত্বিক গবেষণায় নিজেকে সক্রিয় রেখেছেন।
‘বহুবর্ণ রক্তবীজ’ তাঁর প্রথম প্রকাশিত কবিতাবই। বইটি কবিমহলে পাঠ-সমাদৃত হয়। জফির সেতুর কবিতার ভাষাগুঞ্জন পঞ্চাশ থেকে সত্তর দশকের কালসীমায় আবিভূর্ত কবিদের মতোই সাবলীল। আত্মসচেতনার সঙ্গে অবচেতনার বিরোধ সেখানে বড়ো জায়গা নিয়েছে। অবচেতনায় সক্রিয় প্রাগৈতিহাসিক কামপিপাসা তাঁর কবিতার ভাষা ও গতিপথকে অনেকখানি নির্ধারণও করে।
পুরুষ-প্রকৃতির মিলন থেকে উৎসারিত যেসব সুর মানুষকে জীবনের প্রতি রন্ধ্রে আদিম শিহরনের প্ররোচনা যোগায়, রক্তমাংসে রূপবুভুক্ষু জফির সেতুর কবিতায় এর অনুরণন বেশ তীব্র। তাঁর কবিতার অন্তর্গত ফিজিক ও শিরা-উপশিরায় বহমান এই ক্ষুধা সকল যুগের নাগরিক চৈতন্যে নিরবধি বয়ে চলেছে। তাঁর কবিতায় সক্রিয় পুরুষপ্রকৃতি শিশ্নপরায়ণ অনেকসময়, তবে প্রচলিত পরিভাষায় একে কামুক বলাটা কঠিন।
সূচনালগ্ন থেকে জফির সেতুর কবিতাভাষা রুশো-র প্রবাদপ্রতিম উক্তির প্রতিধ্বনি,—‘জন্মের মুহূর্ত থেকে মানুষ স্বাধীন হলেও সর্বত্র শৃঙ্খলিত।’ সমাজে বিদ্যমান টাবুর সঙ্গে প্রচ্ছন্ন লড়াই ও প্রত্যাখ্যান তাঁর কবিতাকে প্রাণবান করেছে। ইতিহাসের দূরত্বে বিলীন মিথ ও বিশ্বাসের জালে বোনা স্থানিকতাও সেখানে মর্মরিত হয় অনায়াসে। জফির সেতুর কবিতায় গুঞ্জরিত মিথমুখর আদিপ্রাকৃত মূলত ইতিহাসের অংশ। সভ্যতার ঊষালগ্নে সচল সহজাত ইতিহাস কবিতায় ফেরত আনার মধ্য দিয়ে নব্বইয়ের কবিতাস্রোতে স্বতন্ত্র কবিকণ্ঠ রূপে তিনি নিজেকে চিনিয়েছেন।
কবিতা, গল্প, ভ্রমণগদ্য, প্রবন্ধ-নিবন্ধ ও গবেষণা মিলে চল্লিশটির বেশি বইয়ের জনক এই কবি। কবিতাবইয়ের মধ্যে ‘সিন্ধুদ্রাবিড়ের ঘোটকী’, ‘হাজার ভোল্টের বাঘ’, ‘এখন মৃগয়া’, ‘আমি করচগাছ’ এবং ‘নির্বাচিত কবিতা’ ও ‘কবিতাসংগ্রহ’ সবিশেষ উল্লেখযোগ্য। ‘একটা জাদুর হাড়’ শিরোনামে প্রকাশিত উপন্যাস ছাড়াও রয়েছে নানামাত্রিক সব রচনা। ‘না চেরি না চন্দ্রমল্লিকা’র আখ্যানধর্মী বুননে ভিনদেশ ঘুরে বেড়ানোর অভিজ্ঞতাকে ধারণ করেছেন কবি। ‘কবিতার ইন্দ্রজাল’, ‘রাষ্ট্র দুর্বৃত্তায়ন ও ন্যায্যতার লড়াই’ বইয়ে কবিতা ও সমাজমনস্ক চিন্তার বিচ্ছুরণ প্রতিভাসিত। ‘সিলভিয়া প্লাথ : সৃষ্টি ও স্বীকারোক্তি’ তাঁর গবেষকমনের তাড়না থেকে লেখা।
সিলেট অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য, ভাষা ও লোকায়ত সংস্কৃতির বৈচিত্র্য নিয়ে জফির সেতুর আগ্রহ ও অনুসিন্ধৎসা প্রবল। ‘সিলেটের তাম্রশাসন : ইতিহাস, সমাজ ও সংস্কৃতি’, ‘ঘাটুগান ঘাটুসংস্কৃতি’, ‘সিলেটের পল্লীকবি ও তাঁহাদের গান’ বিষয়ক গবেষণাগ্রন্থ তার মধ্যে সবিশেষ উল্লেখযোগ্য। সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মুরারিচাঁদ কলেজ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস নিয়ে লিখেছেন তথ্যসমৃদ্ধ বই। সিলেটি ‘বিয়ের গীত’সহ নগারী ও সিলেটি ভাষা নিয়ে বর্তমানে গবেষণায় সক্রিয় রয়েছেন।
জীবনসঙ্গিনী শাহেদা শিমুলকে নিয়ে বর্তমানে সিলেট শহরনিবাসী কবি ‘সুরমস’ ছোটকাগজ সম্পাদনার পাশাপাশি ছোটকাগজ ও অনলাইন মুখপত্রে লিখছেন নিয়মিত।
. . .

জফির সেতু : অবদায়ক : থার্ড লেন স্পেস.কম


