পোস্ট শোকেস - বিবিধ ও বিচিত্র

আপন অনুভব-১ : ‘দূরবাসে স্বদেশ’ : আহমেদ বেলাল

Reading time 12 minute
5
(29)
The birth of Venus; Artist: Sandro Botticelli; Source & Credit: Wikipedia

জীবনের দশটা বছর মরুসূর্যের লেলিহান তাপমাত্রায় মানিয়ে নেওয়া সৌদি আরবে কেটেছে। সেখান থেকে ইতালির ঠাণ্ডি হাওয়ায় চলে আসার পেছনে উন্নত একটা দেশে করে খাওয়ার ইচ্ছা একমাত্র কারণ ছিল না। ইতালি আসার পর আমি বড়ো রোজগেরে হয়ে যাইনি কিছু। মরুস্বর্গ আরব দেশগুলোর মতো এখানেও খাটনি অনেক! পরিবর্তন একটা তবু ঘটেছিল, আর সেটা মনের! ‘আপন অনুভব’-এ সেই কথাগুলো আজ বলব ঠিক করেছি।

সৌদিবাসের দিনগুলোয় আমার এই অভিজ্ঞতাটা হয়,—গহিন ও বিপজ্জনক কোনো অরণ্যের চাইতে মরুভূমি কম নির্দয় কম নিষ্ঠুর নয়। মরুতাপে রুক্ষ সৌন্দর্য দেহমনে চেপে বসে, যেন শ্বাসরোধ করে মারবে! সৌদি আরবে আমি ওরকম একটা অবস্থায় পৌঁছে গিয়েছিলাম। মনের যে-জানালাগুলো দেশে থাকার সময় আস্তে-আস্তে খুলতে শুরু করে, মরুর তপ্ত বালিঝড়ে সেগুলো খোলা রাখা আমার কাছে কঠিন হয়ে পড়েছিল। সুযোগে তাই ইতালি পালিয়ে আসি!

সাগরঘেরা ইতালির নিসর্গে পা রাখার পর নিজেকে মুক্ত ও স্বাধীন বোধ হচ্ছিল। অনেকদিন পর রক্তেমাংসে জীবিত কোনো প্রাণীর মতো শ্বাস নিতে পারার অনুভূতি টের পাচ্ছিলাম ভিতরে। দেবী ভেনাস যেন আমাকে সম্মোহিত করলেন সেই মুহূর্তে! ‘পুষ্প, বৃক্ষ ও বিহঙ্গ’র সঙ্গে তার মিতালি। দেবীর জাদুবলে বাগানে গোলাপ ফোটে। আপেল গাছে ফল আসে ঝুমঝুমিয়ে। ঘুঘু পাখি সোনালি গমখেতে তার নাম ডেকে-ডেকে উড়ে। মেদিগাছের পাতা তার বরে অঙ্গসজ্জার উপকরণ হয়। ইতালিতে মেদি; আমাদের এখানে মেহদি বা সিলেটি ভাষায় আমরা বলি ‘মেন্দি’। মেন্দি বেটে হাত-নখ রঙিন করেন দেবী ভেনাস।

গ্রিক প্রেমের দেবী আফ্রোদিতি কিংবা আমাদের রম্ভা-উর্বশী-মেনকার মতো প্রেম ও কামে নিলাজ অপ্সরী এই ভেনাস। বতিচেল্লির তুলির টানে সাগর থেকে নগ্ন দেহে উঠে আসেন, আর ইতালির মনোরম নিসর্গে দেখা দেয় বসন্ত! এই মিথ-সম্মোহন মনে হলো দেশটার প্রতি অঙ্গে ছড়ানো রয়েছে। রোমান সভ্যতা ও রেনেসাঁর সুতিকাগার ইতালি অতএব আমাকে জব্দ করল নিমিষে। অতীত ও বর্তমানের তীব্র জড়াজড়ির মাঝে প্রাণবন্ত দেশটার আকর্ষণ এড়ানোর সাধ্য যেন কারো নেই! টের পেলাম, দূর বাংলাদেশের সবুজ করুণ জলে আর্দ্র ডাঙা থেকে মরুঝড়ের কবলে পতিত ‘এই আমি’ ঝড় পেরিয়ে আলবেয়ার কামুর ‘আগন্তুক’-র মতো এখানে চলে এসেছি! দেবী ভেনাসের কুহকি প্রেমের টানে দেশটাকে মন দিয়ে বসেছি! নিজের আজান্তে ভালোবেসে ফেলেছি তাকে! রক্তের ভিতরে মানুষকে আগের চেয়ে শক্তভাবে অনুভব করার জোর পাচ্ছি।

ইতালিবাসের শুরুতে এখানকার মানুষ রোমানসুলভ ‘ডোন্ট কেয়ার’ হাবভাব দিয়ে আমাকে চমকে দিয়েছে বহুবার! এমন একটা দেশ, মানুষ যেখানে মেশিনের মতো দিনের বেলা চলাফিরা করে। সেই মানুষটা রাতে অন্য মানুষে বদলে যায়! উদ্দাম নাইট লাইফে সকল প্রাণশক্তি অকাতরে খরচ করে। তার দেহে সম্ভবত ভয়ানক রোমান সম্রাটরা ভর করেন;—দেশজুড়ে ছড়ানো সুগম্ভীর স্থাপনা আর সুউচ্চ খিলানগুলোর মতো যারা নাকি অতিমাত্রায় খামখেয়ালি ছিলেন শুনেছি।

ফ্যাশন ফ্রিক ইতালির সবখানে ঠিকরে পড়া প্রাণবন্যা ও খামখেয়ালের সঙ্গে মানুষগুলো তাল মিলিয়ে কাজে যায় এবং রাতে অন্যজীবনের স্রোতে ভাসে। তাদের এই ‘ডোন্ট কেয়ার টাইপ’ খামখেয়াল করোনা অতিমারি শুরু হওয়ার দিনে স্বচক্ষে দেখেছি। সরকার সতর্ক করছিল, আর ইতালীয়রা সতর্কবার্তাকে বুড়ো আঙুল দেখিয়ে রেস্তোরাঁ ও মদের বারে হানা দিচ্ছিল নিয়মিত। করোনা অ্যাটাক শুরু হওয়ার পর যে-কারণে তারা সবার আগে বেশি মারা পড়েছিল।

ঠাণ্ডি হাওয়া ও নাতিশীতোষ্ণ জলবায়ুর এই দেশটার সঙ্গে ষড়ঋতুর মালায় গাঁথা বাংলাদেশ আমার ভিতরে তখন তরঙ্গিত হতে শুরু করেছে। সেকথা ভেবে লোমকূপে এখনো শিহরণ জাগে। আমি তখন মিলান শহরে থাকি। দুনিয়াজুড়ে পরিচিত এসি মিলান ফুটবল ক্লাবের শহর মিলান। কাজের ফাঁকে শহরটা ঘুরে দেখেছি। পরিপাটি একটা শহর। যন্ত্রছন্দে ঘুরে সারাদিন। তার মধ্যেই শহরের আনাচে-কানাচে ছলকে ওঠা রংয়ের বাহার দেখে অবাক হতে হয়!

দেশে থাকতে বই পড়ার ক্ষুধা আমার মধ্যে তীব্র ছিল। বইয়ের পাতায় ছড়ানো জীবননাট্য মনকে আন্দোলিত করত। বই-স্রষ্টাদের সঙ্গে আমি তখন নীরলে কথা কইতাম। বইয়ের পাতায় ঘুরে বেড়ানো মুখ ও মুখোশে নিজেকে একাত্ম ভেবে কত পাগলামি করেছি সেইসময়! মিলান শহরে দম দেওয়া পুতুলের মতো কাজে যাওয়া-আসার দিনগুলোয় পেছনে ফেলে আসা সেইসব স্মৃতি আবার ফেরত আসছিল। বুঝতে পারছিলাম বই আমাকে টানছে। আর এখন, সাগরঘেরা সুপ্রাচীন নাপোলি শহরের সরু অলিগলি ধরে হাঁটার সময় বই নিয়ে পাগলামির কথা ভেবে মনে-মনে হাসি! সেই গল্প অন্যদিন করব। পরদেশি সুন্দরী ইতালিকে মনের আয়নার দেখি আপাতত।

বই ও লেখকসঙ্গের লোভ পাথরচাপা দিয়ে আমি একদিন মরুর দেশের টিকিট কেটেছিলাম। মানুষ আয়-রোজগারের জন্য পরবাসী হয়। আর আমি বইয়ের গাদ্দি নিয়ে প্লেনে চেপেছিলাম। মরুভূমির দেশে বাংলা বইপত্র পাওয়া সহজ কথা নয়। শুনেছি, এখনো তাই! দেশ থেকে যে-বইগুলো সঙ্গে নিয়েছিলাম, সেগুলো তাই ফিরে-ফিরে পড়তাম। পাঠক্ষুধা আমার মধ্যে বেশ প্রবল ছিল তখনো, কিন্তু একটা বইকে রক্ত-মাংসে অনুভব করার আবেগ মরুর বালিঝড়ে বুজে আসছিল। লু হাওয়ার দাপটে অনুভূতিরা চুপসে যাচ্ছিল দ্রুত। ম্রিয়মান ও নিস্পৃহ ছিল ‘অয়েল শেখদের’ (Oil Sheikh) জেল্লা ও জাকজমকে ভরা সৌদির এক-একটা দিন!

সৌদিতে, নিজের মধ্যে মগ্ন থাকা, রক্তেমাংসে নিজেকে জীবিত অনুভব করা আমাকে দিয়ে হয়নি। ওটা বাদ দিলে বাদবাকি আর সবকিছু যথেষ্টের চেয়ে বেশিই ছিল। আমার কাছে অবশ্য সেগুলো মূল্যহীন। মরু-বেদুইনের তাঁবুতে উঁকি মারা আমার জন্য কঠিন ছিল কি? প্যাগান থেকে মুসলমান হয়ে ওঠা আরবদের জীবন-যাপনে উপচে পড়া রং কি গায়ে মাখা যেত না? নিশ্চয় যেত, কিন্তু নির্মম হলেও আমার জন্য এটা সত্য,—পেট্রো ডলারের জোয়ারে চোখ কপালে তোলা আড়ম্বরে বোঝাই সৌদি আরব আমার পোষায়নি। সজল দেশের সবুজে অভ্যস্ত মনে মরুসূর্যের গনগনে উত্তাপের বিপরীতে ‘অয়েল শেখদের’ জলুস হজম হয়নি। না পেরেছি মরুস্বর্গে ছড়ানো সৌদি গ্রামজীবন ভালো করে ঘুরে দেখতে! আমি হয়ে উঠছিলাম নিষ্প্রাণ এক জড়পদার্থ!

সৌদি আকামা বা ওয়ার্ক পারমিটে বাংলাদেশিরা মূলত ‘লেবার’ গণ্য হয়ে থাকে। একটা তাচ্ছিল্য ও করুণা আরবদের আচার-আচরণ ও কথাবার্তায় পদে-পদে দেখার অভিজ্ঞতা হয়েছে। মরুনিসর্গে পোঁতা আরবজীবন ইসলামি সংস্কৃতি ও পৌত্তলিক আরব গোত্রগুলো থেকে পাওয়া গান, কবিতা আর উদরনৃত্যে সমৃদ্ধ। এর কোনোকিছু মনে গভীর ছাপ ফেলতে পারেনি আরব শেখদের দেখার পর। দশ বছর কম সময় নয় জীবনে! মরুযাপনের অম্লমধুর নানাদিক খুঁটিয়ে দেখা হয়তো উচিত ছিল। কেন জানি আমাকে দিয়ে হয়নি!

ছোটবেলা ধর্মের কঠিন গণ্ডিতে আমার দিন কেটেছে। জিজ্ঞাসা ও কৌতূহল যেখানে সহজে প্রবেশের রাস্তা খুঁজে পায় না। বানিয়ে তোলা ধর্মখাঁচায় বসে মনে তবু প্রশ্নের বীজ তৈরি হতো। মাদ্রাসায় হাফিজিপাঠ আমার ভালো লাগেনি। মনে হতো জোর করে গেলানোর কসরত চলছে। বাবার আশা আমাকে দিয়ে পূরণ হলো না! হাফিজি পাশ করেও হাফিজ হওয়ার পথে হাঁটিনি,—এই কষ্ট ও ক্ষোভ তাঁর অকালে চলে যাওয়ার কারণ ছিল।

মাদ্রাসা ছেড়ে কলেজে ভর্তি হয়েছিলাম। মাদ্রাসার তুলনায় ওটা অনেক উন্মুক্ত ছিল। আমার তবু মন বসেনি কলেজে। মাদ্রাসার বানিয়ে তোলা খাঁচা থেকে কলেজের খাঁচায় ঢুকে পড়ার অস্বস্তিটা সঙ্গে নিয়ে সৌদিতে পা রেখেছিলাম। নিস্পৃহতা ও চিন্তার জড়তা মনে হচ্ছে দেশ থাকতেই আমাকে একটু-একটু করে গ্রাস করেছিল। মরুনিসর্গে যার ষোলকলা পূর্ণ হয়। মিথ্যা সান্ত্বনা পেতে কাজের ফাঁকে বই ও ছোটকাগজের পাতা উল্টেছি, কিন্তু শান্তি পাইনি;—না পেয়েছি পরিতোষ!

Water Green Bangladesh; Artwork on Photograph; Image Source: Hasib Sheikh; pexels.com; @thirdlanespace.com

বইয়ের পাতায় দেশের মুখটা আমার চোখের সামনে হঠাৎ ভেসে উঠত! আকাশ সেখানে ঘন নীল থেকে ছাইরং মেঘে গর্ভবতী হয়। বাষ্পকণা অবিরাম বৃষ্টি হয়ে মাটিতে নেমে আসে। বিপুল জলস্রোতে চরাচর ভেসে যায়! বাদলদিনের স্বভাব মেনে কখনো দিনরাত ঝরতে থাকে জল। আঠালো আর্দ্রতায় শরীর ঘর্মাক্ত হয় ওই দেশে। আর্দ্রতাটা ইলশেগুঁড়ি বৃষ্টি হয়ে গরমদিন শেষ হওয়ার বার্তা রেখে যায়। কমলারং মিঠে রোদ ও শিরশিরে হিমেল হাওয়ার পরশ শীতের পদধ্বনি নিয়ে আসে। গাছপালা থেকে বেরিয়ে আসা আঠালো গন্ধে মনে নেশা ধরে। আগামী গ্রীষ্মে নবজীবন ফিরে পাওয়ার আশায় নিজের সবটুকু রস বিলিয়ে মেঠো বাংলার গাছগুলো স্বেচ্ছামৃত্যুর মহড়া দিয়ে চলে!

কনকনে ঠাণ্ডাদিনে বাংলাদেশের গ্রাম ও শহরগুলো ঘনকুয়াশায় ঢাকা পড়ত। আগুনের সামনে গোল হয়ে বসার দিনগুলো মরুর দেশে বসে চোখে ভাসত কেবল! দেশে শীতের আয়ু বড়ো স্বল্প হয়ে থাকে! হাড়কাঁপানো শীত দ্রুত ফাল্গুনি বসন্তবিলাসে নাতিশীতোষ্ণ হয় সেখানে। তারপর দাবদাহ। চৈত্র মাসের শুকনো পাতা গনগনে আগুনের ফুলকি ছড়ায়। ঋতুচক্রে কালবৈশাখীর প্রলয় মাতনে কাঁপে বাংলার ঘরদোর। গাছেরা তখন মরণ থেকে জীবনে ফেরত আসে! কচিপাতায় পল্লবিত হয় প্রকৃতি ও মানবজনম!

ষড়ঋতুর দেশে কাটানো দিনগুলো কবিতা পড়ার দিন ছিল আমার জন্য। গল্প শোনা ও গল্প করার দিন ছিল। উপন্যাসের পাতায় নিজেকে বিলীন ও বিস্মিত হতে দেখার দিন ছিল সেগুলো! লেখকসঙ্গ চোরাকাঁটার মতো আমাকে টেনে রাখত। লেখকদের মুখের দিকে তাকিয়ে ভাবনার অথই জলে ডুবসাঁতারু হওয়ার স্বপ্ন দেখতাম। তেল ও খেজুরের দেশে পা রাখার পর স্বপ্নটা ফিকে হতে শুরু করে। দেবী ভেনাস অবেশেষে সাগর থেকে লঘুছন্দে উঠে আমাকে ডাক দিলেন! ঠাণ্ডার দাপট শেষে গ্রীষ্মটা কেবল আসি-আসি করছিল। নাতিশীতোষ্ণ আর্দ্রতায় মনোরম সিসিলির সাগরতীরে মিঠে রোদের অবেশে চোখ বুজে ফেলা ‘আমি’ সেদিন স্বদেশের গন্ধ নিয়েছিলাম প্রাণভরে।

না, ইতালি দেশটা কোনোদিক থেকে বাংলাদেশের মতো নয়। পরিষ্কার তা বুঝতে পারলেও, দেশের গন্ধ নাকে ফেরত এসেছে, এটা ধরতে অসুবিধা হয়নি। মনের মধ্যে বাংলাদেশের বায়োস্কোপটা তখন ঘুরতে শুরু করেছিল। শীতের সঙ্গে নাতিশীতোষ্ণ এক আর্দ্র জলবায়ু ইতালিকে নিয়ন্ত্রণে রাখে। দেশটার নিসর্গ যেন বাংলাদেশে জন্মানো গাছগুলোর মতো;—মৃত্যু থেকে পুনরায় জীবনের উম পাওয়ার লোভে তারা সময় হলে জেগে ওঠে। কোমলে-কঠিন ইতালির নিসর্গ জীবনের কোলাহলে কান পাততে আমাকে প্রলোভিত করেছিল।

ধূলিমলিন পুরোনো বইগুলো চেতনায় তখন নতুন করে তরঙ্গ তুলছে। ইতালি আসার পর জীবনের উপর দিয়ে বহু ঝড় অবশ্য বয়ে গেছে। মাঝখানে দেশে এসেছি। ছুটি শেষে ইতালি ফেরত যাওয়ার গুরুত্বপূর্ণ কাগজ হারিয়ে বিপদে পড়েছিলাম। রুটিরুজির নিশ্চয়তা বিপন্ন হওয়ার শঙ্কা বুকে দুটো বছর দেশেই কাটিয়েছি। ফেরার সবুজ সংকেত অবশেষে মিলেছিল! মিলান শহরকে বড়ো আপন মনে হয়েছিল সেদিন! ইতালির প্রতিটা শহর যেন পৃথক এক-একটা দেশ! বিশ্বজুড়ে তারা নিজগুণে পরিচিতি ও সমাদৃত। রোম, মিলান, ভেনিস, সিসিলি… প্রতিটা শহরের নিজস্ব চরিত্র রয়েছে; এবং তারা পরস্পর থেকে আলাদা। জীবন-সংস্কৃতির প্রাণবন্যায় শহরগুলো রঙিন।

মিলান ছেড়ে আমি এখন নাপোলি শহরে থাকি। শহরটি দেখে পুরোনো ঢাকার কথা মনে পড়বে। সাগর, পাহাড়, অগ্নিগিরি আর ঐতিহাসিক স্থাপনা ও প্রাচীন ঐতিহ্য শহরটিকে মহিমান্বিত করেছে। ফুটবল-ঈশ্বর মারাদোনাকে নাপোলি শহরে আজো জীবিত পাওয়া যায়! শহরের প্রধান সড়ক ও শহরবাসীর ঘরে-ঘরে ফুটবল-বিস্ময় দ্বিতীয় যিশু হয়ে সগৌরবে বাস করেন। সাগরঘেরা মেঘমালিকা শহরের মানুষগুলো দেহের গড়নে অনেকটা আমাদের মতো দেখতে। লাতিন আমেরিকার মানুষ প্রচুর ছড়ানো সেখানে। ইতালির অন্য শহরের সঙ্গে তুলনা করলে মনে হবে এটা বেশ ‘গরিব’;—মানুষগুলো যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে যাপন করছে ভিন্ন এক জীবন! নিজেকে নেপলসের লোক বলে চেনায় গর্বিত শিরে। মুখের উপর জবাব দেয় ঠাস করে,—‘নাপোলি’র অন্য শহরে যাওয়ার দরকার আছে কি? অন্যদেরকে আসতে হবে এর কাছে। এটা ‘নাপোলি’, এটা ইতিহাসের খনি।’

ইতালির অন্য শহরগুলোর তুলনায় নাপোলি সত্যিই ‘গরিব’! কম শানদার। রংচটা পুরোনো বাড়িঘর আর সংকীর্ণ গলিরাস্তা নিয়ে পড়ে আছে! মানুষগুলো কারখানায় বেগার খাটে। সাগরে মাছ ধরে এখনো। মাফিয়াদের উৎপাত সিসিলিতে আগের মতো নেই শুনেছি, তবে নাপোলিতে মাফিয়ারা এখনো নিজের শান নিয়ে টিকে আছে। সব মিলিয়ে শহরটি যেন বাংলাদেশের কোনো শহরকে ধরে রেখেছে;—জীবন যেখানে জান্তব, এবং অনেকবেশি জৈব। রক্তেমাংসে জীবিত নাপোলি যে-কারণে আমার কাছে ভালোই লাগে।

মাইকেলেঞ্জেলো, দা ভিঞ্চি, রাফায়েল, কারাভাজ্জিও, আর দান্তে, বোকাচ্চিও, ইতালো ক্যালভিনো কিংবা ডি সিকা, ফেলিনি, আন্তোনিওনি, সোরেনতিনোর মতো সৃষ্টিশীল মানুষে ঠাসা ইতালি আমার জীবনে স্মরণীয় অভিজ্ঞতা! সিস্টিন চ্যাপেলের ছাদে ঈশ্বরের ছয় দিনে জগৎ সৃষ্টির শিল্পকলা সম্মোহিত বিস্ময় নিয়ে দেখেছি দেশটায় আসার পর। মনের গভীরে ভারতবর্ষের ডম্বরু বেজেছে তখন। অজন্তা, ইলোরা ও খাজুরাখোর বিস্ময়কর শিল্পশৈলী সম্ভোগের বাসনা মনে ধরে দেশটার পার্ক ও পিচঢালা শান্ত সড়কে হেঁটেছি দিনের-পর-দিন। সাপ্তাহিক কাজের ফাঁকে মিলান ও অদ্য নাপোলি শহরের অলিগলি ঘুরে দেখার নেশা আজো অবিকল রয়ে গেছে! মিলান শহরে থাকার সময় যেমন পার্কে বসে বইয়ের পাতা উল্টেছি ছুটির দিনে। পার্কের কাছে গির্জা। পুরুত মশাই আমায় লক্ষ করছেন তা মাথায় আসেনি! কাঁধে তাঁর হাতের স্পর্শ পেয়ে একদিন চমকে উঠলাম :

—কী বই পড়ছো?

ইতালির ভাষা মোটামুটি ধরতে পারি তখন, কিন্তু ভালো বলতে শিখিনি। ইশারায় তাঁকে বোঝালাম কী পড়ছি। পুরুত মশাইয়ের তা বোধগম্য হয়েছে বলে মনে হলো না। অদূরে এক বাঙালি বসা ছিল। তাকে হাতছানি দিয়ে ডাকলেন। লোকটি ইতালির ভাষা ভালোই বলতে পারে। দোভাষীকে মাধ্যম করে আলাপ জুড়লেন :

—আমি খেয়াল করেছি, এখানে তুমি প্রায়ই আসো। একমনে বই পড়ো। কী বই পড়ো?

আমার হাতে তখন ফ্রানজ কাফকা’র ডায়েরি। সমিদুল আলমের ঝরঝরে অনুবাদের কারণে বইটি উপভোগ্য। কাফকা-ভুবনে সুযোগ পেলে চোখ রাখি। পুরুত মশাইকে সে-কথা বললাম। কাফকার নাম শুনে তাঁর মুখের রেখা চিকচিক করে উঠল। মনে হলো নামটি শুনে প্রীত হয়েছেন :

—ওহ, কাফকা! খুব ভালো। গ্যোটে পড়েছো? ফাউস্ট?

দেশে থাকতে ‘ফাউস্ট’ পড়েছিলাম। আহমদ ছফার অনুবাদ ভালো বুঝিনি অবশ্য। সুধাংশুরঞ্জন ঘোষের গদ্য-অনুবাদে বইটা পড়তে অধিক ভালো লেগেছিল। পুরুত মশাইয়ের চোখ তখন মোলায়েম হয়ে উঠেছে। আমার দিকে তাকিয়ে মৃদু হাসলেন :

—এ-দেশে সবাই রোজগারের ধান্ধায় ছুটছে, আর তুমি বই পড়ছ! তা খরচ-টরচ চালাও কেমন করে?

The Great Beauty: Paolo Sorrentino’s masterpiece; The Glory, Decadence and Sweetness of Rome, Italy; Source: The Beauty of YTC

পুরুত মশাইয়ের কথা মিথ্যে নয়। রোববার বাদ দিলে ইতালির গির্জাগুলো ফাঁকা পড়ে থাকে। প্রাচীন ভবনের প্রশস্ত কক্ষ ও খিলানরা হয়তো দূর অতীতকে স্মরণ করে, যখন রাজার চেয়ে পোপের দাপট এই দেশে বেশি ছিল। তারা ছিলেন রাজাদের রাজা। শাসকদের শাসক। আর, গির্জাগুলো ছিল সকল কাণ্ডকীর্তির প্রাণভোমরা। ইতালির পেটের ভিতরে পৃথক রাষ্ট্রের মর্যাদা নিয়ে ভ্যাটিক্যান সিটি এখনো প্রাণবন্ত, তবে অতীত দিনের দাপট অস্ত গেছে বহু আগে।

ইতালীয়রা ফেরারি গাড়ির মতো ছুটলেও গির্জাকে ভালোবাসে! যাজক-পুরোহিতকে সম্মান জানাতে কৃপণতা করে না। কোনো বাড়াবাড়ি বা আতিশয্য ছাড়া উনারা সেখানে সম্মানীয়। যিশু ও মা মেরি প্রতিটা ইতালীয় হৃদয়ে বিরাজ করেন। ক্রিসমাসে মা-ব্যটা হয়ে ওঠেন চোখের মণি। আমোদ হয় দুজনকে ঘিরে। ফুর্তির ফোয়ারা উপচে পড়ে দেশের সবখানে। সে যাইহোক, আমি তখন হকারি করে পেট চালাই। পুরুত মশাইকে তা জানাতেই আস্তে করে মাথা নাড়লেন। মৃদু হাসির ছটায় তাঁর মুখের রেখাগুলো কাঁপছিল। স্নেহ ও প্রশ্রয় ভিড় করেছে সেখানে! আমার হাতে ছোট্ট একটা কার্ড ধরিয়ে দিলেন :

—ওহে যুবক, এই কার্ডটা রাখো। শহরে ইতালীয় ফুডের ভালো দোকান আছে। তোমার যদি কিছু খেতে মনে চায়, দোকানিকে কার্ডটা দেখিও। ঈশ্বর তোমার মঙ্গল করুন। যিশু সকলের সহায় হোন। আমেন।

কার্ডের মাহাত্ম্য তখনো বুঝিনি। আলগোছে পকেটে রেখে দিয়েছিলাম। একদিন সাহস করে একটা অভিজাত পিৎজার দোকানে ঢুকে পড়ি। বাইরে থেকে দোকানটিকে জীবিত সৌন্দর্যে ভরপুর মনে হচ্ছিল। বোদলেয়ারের কবিতার মতো আলঙ্কারিক, অথচ জীবন্ত! বন্য ও রোমশ! বোদলেয়ারের এই অনুভূতি নাকি একদিন হয়েছিল! একজোড়া লোভাতুর শিশুচোখ তাকে তাড়া করছিল। কাচের জানালা দিয়ে থরথরে সাজানো বিস্কুটের রাজ্যে লোভাতুর চোখগুলো জীবনের প্রতি অপার ক্ষুধা জানান দিচ্ছিল। আলঙ্কারিক আর বুনো ছিল সেই ক্ষুধা!

আমিও সেই মুহূর্তে পিৎজায় লোভী ও ক্ষুধার্ত হয়ে উঠলাম। আমার মতো ছাপোষা বাঙালির পক্ষে পিৎজা বেশ দামি খাবার। পুরুত মশাইয়ের কার্ডটা আলগোছে দোকানির হাতে ধরিয়ে দিলাম। তার চোখে তখন সম্ভ্রমের ছটা। আমি কেমন পিৎজা খেতে চাইছি তা জানতে চাইল। পনির মাখানো পিৎজা বেছে নিয়েছিলাম সেদিন। যার অতুলনীয় স্বাদ জিভে লেগে আছে।

পুরুত মশাই কী ভেবে কার্ডটা দিয়েছিলেন কে জানে? হয়তো করুণা করে! হয়তো-বা যিশু ও মেরির মতো ভালোবেসে দিয়েছিলেন আমাকে। পেছনের কারণ জানি না, তবে তাঁর সংবেদনশীল মুখের আভা আজো চোখে ভাসে! হে পুরুত মশাই, র্গিজার অধিপতি, সুস্বাদু ইতালীয় খাবার আর রকমারি ফলের স্বাদ ভক্ষণের সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। শেষপর্যন্ত মানুষ মানুষের কাঁধে হাত রাখে। মানুষ মানুষের ভরসা হয়ে ওঠে। সেখানে বাঙালি ও ইতালীয়র মধ্যে কী-বা তফাত!

মনে পড়ে, মদিনায় শেখের পুতদের দামি রোলস রয়েস ও মার্সিডিজের পেছনে রকমারি খাবার নিয়ে ছুটতে দেখেছি। উদ্দেশ্য,—পুণ্যসঞ্চয়। কেউ যদি একবেলা অভুক্ত থাকে তার সামনে খাবার এগিয়ে দেয়া মহৎ কাজ! কিন্তু আমার তা মনে ধরেনি। আরব শেখদের সাহায্য করার মধ্যে আড়ম্বর ছিল, মৌনতা পাইনি। একছটাক পুণ্যের উসিলায় পুলসিরাত পার হওয়ার লোভ দেখেছি তাদের মধ্যে, কিন্তু মানবিক সমবেদনা সেখান থেকে ঝরে পড়েনি। করুণাঘন প্রশান্তিটা দেখতে পাইনি, যা দেখে কারো মনে হবে,—‘মানুষ বড়ো কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও’।

কান্না কি শুধু ক্ষুধা পেলে হয় মানুষের? ভুখা থাকলে মানুষ কাঁদে? মানুষ কি শুধু খাবে-পরবে বলে অন্যের সাহায্য প্রত্যশী হয়? জগতে কতরকম খিদে আছে! অজস্র উপায়ের আর্তি ও কান্নায় পৃথিবীটা বোঝাই হয়ে আছে। মানুষকে বিপন্ন হতে দেখার তালিকা বড়ো দীর্ঘ সেখানে! রোলস রয়েসে খাবার ঠেসে ঘুরলেই কি তার নাগাল পাওয়া যায়? আমি তা মনি করি না। আমার কাছে দান মানে কোনো ‘সম্প্রদান’ নয়, দান হচ্ছে ‘সংবেদন’। দান করার মধ্য দিয়ে অন্যকে স্পর্শ করা। তার মনের ক্ষতে ভরসার হাতটা রাখা। মিলান শহরের ছোট্ট পার্কে বসে পুরুত মশাইয়ের চোখের তারায় আমি সেটা দেখতে পাচ্ছিলাম। যে-কারণে হাত পেতে তাঁর দান নিতে সংকোচ করিনি।

ইতালি নামের দেশটা আমাকে এভাবে নিঃসংকোচ করেছে। সারিবাঁধা পথ ও পার্কে ভবঘুরে হওয়ার রোমাঞ্চ উপহার দিয়েছে। দেশটি অবশ্যই ব্যয়বহুল। রুশ-উইক্রেন যুদ্ধের চাপ আর অভিবাসী মিলে তৈরি অস্থিরতায় ভারাক্রান্ত। প্রথম দিকে যে-ইতালিকে দেখেছি, ওটা আর নেই। চাপা অসন্তোষ টের পাই সবখানে। পিৎজার আদি অবিষ্কারক নাপোলি শহরের অলিগলি ধরে হাঁটা কিংবা সাগরতীরে ঘুমিয়ে পড়তে-পড়তে বুঝতে পারি অভিবাসী-জটিলতা ও জীবন চালানোর খরচ বেড়ে যাওয়ার চাপ দেশটাকে গিলে খাচ্ছে।

ধনী দেশের কাতারে থেকেও ইতালির জীবনমান আগের তুলনায় নিচে নামছে। পুঁজিবাদের নতুন মোড় দেশটাকে পিষ মারছে যেন! আমাদের মতো অভিবাসীর জন্য দ্বীপস্বর্গটা আগের মতো সহজ নিশ্চয়তা নয়। নানা চাপ সত্ত্বেও দেশটাকে ভালো না বেসে থাকা যায় না! আমার কাছে ইতালি নিজের জন্মভূমিকে অবিরত স্মরণ করতে থাকার উপলক্ষ্য হয়ে এখনো জীবিত!

Italy: Changing Glory and Decadence; Movie Scene: Happy as Lazzaro by Alice Rohrwacher; Source & Credit: Collected; Google Images

মরুদেশের তপ্ত কড়াইয়ে খোলা রাস্তা ধরে হাঁটার কথা পাগলেও ভাবে না। আমিও ভাবিনি। ইতালিতে সমস্যাটা নেই। আনমনে হাঁটছি। খেয়াল নেই পেছনে সাইকেল আরোহী আমার খামখেয়ালকে সম্মান করে বাইকের গতি ধীর করে দিয়েছে। তার হয়তো তাড়া আছে, তবু অপেক্ষা করছে। একসময় ভদ্র কণ্ঠস্বর আমাকে চকিত করল, ‘পের ফাভোরে’,—একটু জায়গা দেবে কি? আমি সামনে যাবো।’ এই সৌজন্য সমগ্র ইউরোপ মহাদেশ কিংবা জাপানের মতো দেশে সাধারণ বলেই জানি, আর মনে-মনে কুসুমকুমারী দাশের কবিতা আওরাই : ‘আমাদের দেশে হবে সেই ছেলে কবে/ কথায় না বড় হয়ে, কাজে বড় হবে।’ হায় আমার স্বদেশ!

ইতালি অনেকভাবে বুনো ও প্রাণবন্ত। শুরুর দিকে আসার পর ফুটবল নিয়ে তাদের পাগলামো দেখেছি নিজের চোখে। ফুটবল-পাগল মানুষ প্রচীন ক্যাথিড্রালের সামনে জড়ো হয়ে উল্লাসে মেতেছে। বিয়ার চলছে দেদার। রাত যতো বাড়ছিল নেশাখোরে রাস্তা উপচে পড়ার দশা! সকলে এই আত্মবিশ্বাসে একরোখা,—ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্পেনের চান্স নেই। হারতেই হবে। শক্তিশালী স্পেনকে পরাস্ত করে ইতালি বিজয়ীর মুকুট পড়বে মাথায়। ইতালির জয় নিয়ে সংশয়ী এক গাড়িচালককে নেশাখোরের দল পাকড়াও করেছে দেখলাম। বেচারাকে গাড়িসুদ্ধ চ্যাংদোলা করে শূন্যে উঁচিয়ে ধরা হলো। অপরাধ, একজন খাস ইতালীয় হয়ে কী করে স্পেনের জয়ী হওয়ার ভবিষ্যৎবাণী করছে সে!

পুলিশ হাজির হলো দ্রুত। লাঠিপেটা বা টিয়ারগ্যাস নেই। গুলমরিচের গুঁড়া ছিটানোর প্রশ্নই ওঠে না। নেশাখোরদের নালিশ শুনে গাড়িচালকের কানে-কানে তারা কী যেন বলল। শূন্যে ঝুলন্ত গাড়িচালকের হুঁশ ফিরল এবার। কাচুমাচু মুখ করে বেচারাকে বলতে শুনলাম,—‘ভাইরে, খুব টেনেছি। মাথা ঠিক নাই। ইতালিকে হারাবে এমন বাপের ব্যাটা এখনো জন্মায়নি। ইতালিই জিতবে, এবং বড়ো ব্যবধানে জিতবে তারা।’

ইতালি সেদিন জিততে পারেনি। ছন্দ ও গতিময় ফুটবলের নতুন সম্রাট স্পেনের কাছে পাত্তাই পায়নি চারবার বিশ্বকাপ শিরোপা ঘরে তোলা দেশটি। রাস্তাঘাটে পরদিন স্মশানের নীরবতা! মনে হচ্ছিলো এই দেশে কোনো মানুষ বেঁচে নেই। দেশটার ফুটবলমান সময়ের সঙ্গে পতনের দিকে যাচ্ছে। তবে ইতালির ফুটবল-যে আবার ঘুরে দাঁড়াবে এই ব্যাপারে আমি নিশ্চিত। ফুটবল ওদের রক্তে।

জাতিপ্রেমের তীব্রতা ইতালিকে একদিন মুসোলিনির সম্পত্তি করেছিল। জাতিগর্ব মাঝেমধ্যে বিষ হয়ে ওঠে। মহান জার্মানি সেই বিষে নীল হয়েছিল। মুসোলিনির ইতালিও তাই। ইতালীয়দের জাতিগত অভিমান প্রবল। তারা দেশপ্রেমীও বটে। প্রশ্ন হলো এশিয়া, ইউরোপ বা আফ্রিকার কোন জাতি তা নয়? জাতীয়তা ও আঞ্চলিকতা হলো বৈশ্বিক অভিজ্ঞতা। অবাধ বিনিময় বা মেলামেশার মাঝেই চোরাস্রোতের মতো বইতে থাকে। জার্মানিতে বইছে। ফ্রান্সে বইছে। এশিয়া ও আফ্রিকা থেকে আসা অভিবাসীর প্রবল চাপে থাকা গ্রেট ব্রিটেনের সায়েব-সুবোদের মধ্যেও কি জাতিগর্বের স্রোত বইছে না? আরো বহুদিন হয়তো এটা এভাবে বইতে থাকবে। বিশ্বায়নের ধাক্কায় ইতালি তার চেহারা বদলাচ্ছে দ্রুত। স্বকীয়তার জেদ আগের চেয়ে প্রবল হচ্ছে বিশ্বায়নের বল্গাহারা চাপের কারণে। মানবসংস্কৃতি সত্যিই বিচিত্র!

দেশে যখন ছিলাম, এসব আমোদ ও বৈচিত্র্যকে ফেলিনির চোখ দিয়ে দেখেছি। ইতালির একান্নবর্তী জলবায়ুর ভাঙন ফেলিনি তাঁর কুশলী ক্যামেরায় ধারণ করেছিলেন। আজ স্বচক্ষে দেখছি পরিণাম। চোখের মণিতে অবিরত বাংলাদেশ যে-কারণে প্রবাহিত হয়। ইতালির সঙ্গে বাংলাদেশের ব্যবধান এই-যে, এখানে সবকিছু অতিরিক্ত সাজানো-গুছানো। ল্যান্ডস্কেপের মতো ঘরদোর। দোকানপাট ও মানুষ। দমবন্ধ শৃঙ্খলায় ভরা। সর্বব্যাপী নীরবতার মধ্যে মানুষের ক্ষীণ গুঞ্জন কেবল বুঝিয়ে দেয় দেশটি জীবিত ও সজাগ।

ব্যাপক বিশৃঙ্খলার দেশ থেকে অসম্ভব শৃঙ্খলায় এসে পড়া মন বাঁধা পড়তে চাইবে কেন? এতো শান্তি ও সুস্থিরতাকে কখনো-কখনো বিকার বলে ভ্রম হয়। মনে হয়, আত্মহত্যা করি। তবু যদি এই শৃঙ্খলার চাপ শিথিল হয় কিছু! তবে এই অনুভূতিটা ক্ষণিক। ইতালির নীল আকাশ, ঝকঝকে রোদে সটান দাঁড়িয়ে থাকা গথিক খিলানে সুমহান দালানগুলো মেধাবী এই জাতির ভালোমন্দ মিলে অতুল সব অর্জনকে অনুভব করতে বলে। সম্মোহিত হই। মুগ্ধতায় মন ভরে ওঠে।

বইয়ের ভিতর নেশাধরানো ভ্রমণের সাধ জাগে তখন। মনে হয়, আমার ‘পায়ের তলায় শর্ষে’। সাক্ষাতে হয়তো নয়, কিন্তু বইয়ের মধ্য দিয়ে আবিশ্ব আমার করতলে। আমি সেখানে প্রবাহিত জলস্রোত। ঘুরি গ্রামে ও নগরে। সাগরে ও পাতালে। বুনো ফুলেরা আমার মিতিন। আর পাখিডাকা শান্তভোর আমার স্বদেশ। স্বদেশের সঙ্গে তাই সংলাপে ও জিজ্ঞাসায় বিদীর্ণ হতে মন চায়। নিজের ভিতরে সংগোপন ‘প্রিয়’ ও ‘স্বদেশ’কে একত্রে গেঁথে কথা বলি নিজের সঙ্গে,—নাপোলির সাগরতীরে শুয়ে :

এতো দূর থেকেও যখন দেখি আমি তোমার স্পর্শের জন্য ব্যকুল, উন্মাদ, আর তুমিও যখন প্রাণ থেকে আমাকে আদরে আদরে ভাসিয়ে দাও—তখন শারীরিক আনন্দকে তা অতিক্রম করে যায় বলে আমার চোখে জল চলে আসে…! আত্মা আমার অজানা বিস্ময়ে কেঁপে ওঠে। নিজের রক্ত যেন একাকার হতে চায় তোমার রক্তের সাথে…!

আমি মিশে যেতে পারব তোমার আত্মায়? কবে আমরা যৌথ হবো আকাশগঙ্গায়? কবে আমরা অনুভব করবো আমরা ‘দুই’ নই—আমরা এক ও অদ্বিতীয়…’। জানি না, এটাই আমার পৃথিবীর এই মুহূর্তের চরম বাস্তবতা;—সবচেয়ে প্রয়োজনীয় জিনিস কবে ঘটবে আমার জীবনে তা আমি ‘জানি না’…

তবু অপেক্ষা করি, যেমন অপেক্ষা করি মৃত মায়ের ফিরে আাসার! আমি অপেক্ষা করি মৃত্যুর;—নিজের সমাধিটা দেখার…! অপেক্ষা করি সমাজিক চুক্তির গল্পরা শেষ হলে তুমি ফিরবে, আর আমিও ফিরব… তোমার কাছে…

. . .

Io capitano by Matteo Garrone; Source: Cohen Media Group YTC

. . .

… থার্ড লেন স্পেস-এ প্রাসঙ্গিক আরো দেখুন …

ভিভা এল দিয়েগো : ‘স্মরণে মারাদোনা’

মনোকালচার ও পলিকালচার : গণ-উদ্‌যাপন থেকে খণ্ড-উদ্‌যাপন

নেটালাপ : ৪৩২ ও ৪৪০ হার্টজের গোলযোগ ও ‘ষড়যন্ত্র তত্ত্ব’

সমাজ-মনস্তত্ত্বে ফুটবল বিশ্বকাপ : মোস্তাফিজুর রহমান জাভেদ

পিয়ের পাওলো পাসোলিনির ‘ফুটবল’ : মোস্তাফিজুর রহমান জাভেদ

অ্যান্ড গড ক্রিয়েটেড ওম্যান

চ্যাটজিপিটি মামার ফ্যাসিস্ট বন্দনা

. . .

লেখক পরিচয় : আহমেদ বেলাল : এখানে অথবা উপরের ছবিতে চাপুন

. . .

আহমদ বেলাল : অবদায়ক : থার্ড লেন স্পেস.কম

আহমদ বেলাল-এর অন্যান্য রচনা ও প্রাসঙ্গিক পাঠের জন্য এখানে চাপুন

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 29

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *