কেন এই হঠাৎ শিউরে ওঠা? না, এ-কোনো অর্থ খোঁজা নয়; এমনকি পরিত্রাণের গূঢ় কোনও অভিসন্ধিও নয়; ভেতরে ভেতরে প্রতিনিয়তই-গর্জে-ওঠা-যে-মানুষ মানুষের মধ্যে থাকে, তারই এই চড়াই-উতরাই তারই এই বিষ। জানি না কতদিন আর... কত’কত’কত’ কত’ মূহূর্তের পর গা’কে আমরা বুঝে উঠবো!
-
-
ওসমানী ভাই বলেন,—বুঝলেন জাভেদ, পৃথিবীটা অদ্ভুত! এই-যে এত হিংসা, হানাহানি, লোভ,—মানুষে মানুষে এই-যে এত বিভক্তি,—জীবন তবু সুন্দর। আর, এই সুন্দরের মূল কারণ হচ্ছে ‘মায়া’। মায়াই জীবনটাকে বেঁধে রেখেছে। যে-লোক এই মায়াকে উপলব্ধি করতে জানে না, সেই লোকটা জীবনের সবচেয়ে বড়ো রহস্য থেকে বঞ্চিত। জীবনকে উপভোগ করা জানতে হয়, বুঝলেন। সকলে তা পারে না।
-
পরিমিতি সবখানেই প্রযোজ্য— গাছটা পানি পেলে যেমন সতেজ হয় ফুল ও ফলের উৎসব আনে; কিন্তু অধিক পানি নামিয়ে আনে ঝরা পাতার শোক সামান্য হাওয়াতেই ভেঙে পড়ে তার দেহ।