
১
ভেঙে পড়া শব্দগুলো
কচুরিপানায় জমা আছে—
একে একে শব্দরা
স্নানে নামে,
ডুব দেয়।
বঙ্গোপসাগর শুকিয়ে যায়!
২
শব্দ আমার মারণাস্ত্র।
বৈরী মাংসের হরিণ,
ডুব দেওয়া করোটি—
একবার তাকাও।
শব্দ আমার
খুলে দেবে সব অভয়ারণ্য!
৩
ঘুম ভেঙে দেখি, শব্দরা হাঁটে।
ঘরদোরে, আসবাবে
শব্দের নিঃশব্দ কাফেলা
আঙিনায় মিছিল করে।
আর
দুচোখে এসে জল হয়ে যায়!
৪
তুমি হলে একমাত্র শব্দ—
যে শব্দ আমি ভুলে যাই,
যে শব্দ পুকুরঘাটে নিয়ে
আমি ধুয়ে ফেলতে পারি।
তুমি একমাত্র সেই শব্দ,
যা আবার কুড়াতে যাই না!
৫
শব্দ জানে না শব্দের নিশান।
শুরু ও শেষের মিথস্ক্রিয়ায়
রজস্বলা শব্দরা
কেবল পথ হয়ে যায়।
শব্দপথিক হেঁটে যায়—
ঈশ্বরের সীমানায়!
. . .

পাঠ-সংযুক্তি
‘শব্দচরিতকথা’ : শব্দে জব্দ কবি যখন ‘শব্দ’ ভাবেন
শব্দ কি নিছক ভাব প্রকাশের মাধ্যম? মানুষের মনে জন্ম নেওয়া অনুভূতির বাহনমাত্র? নাকি শব্দেরও নিজস্ব জীবন আছে—জন্ম, চলাচল, ক্ষয়, বিস্মৃতি ও পুনর্জন্মের একান্ত নিজস্ব ইতিহাস?
(পাণ্ডুলিপি পর্যায়ে) হোসনে আরা কামালীর শব্দচরিতকথা কবিতাগুচ্ছ পড়তে গিয়ে মনে হলো শব্দকে তিনি কেবল উচ্চারণের বিষয় হিশেবে দেখেননি; বরং শব্দের একটি স্বতন্ত্র অস্তিত্ব আবিষ্কারের চেষ্টা করেছেন। পাঁচটি ছোট্ট কবিতায় শব্দ কখনও বিপর্যস্ত, কখনও অস্ত্র, কখনও আশ্রয়, কখনও অশ্রু, কখনও বিস্মৃতির উপাদান, আবার কখনও ঈশ্বরের সীমানায় পৌঁছানোর পথ।
কবিতাগুচ্ছের শুরুতেই কবি জানিয়ে দেন, ‘ভেঙে পড়া শব্দগুলো/ কচুরিপানায় জমা আছে’। শব্দের এমন পরিত্যক্ত ও বিপর্যস্ত অবস্থান থেকে হঠাৎই তাঁর উচ্চারণ—‘বঙ্গোপসাগর শুকিয়ে যায়!’ একটি ছোট্ট চিত্রকল্প কীভাবে মুহূর্তে বিশাল ভৌগোলিক ও অস্তিত্বগত বিপর্যয়ের রূপ নিতে পারে, তার দৃষ্টান্ত এটি। কবিতায় একটি সাগর কি কেবলই জলরাশি? নাকি শব্দের বিপর্যয়ের এক বিপুল প্রতীক? শব্দ হারিয়ে গেলে কেবল ভাষার ক্ষতি হয় না, আমাদের চেনা পৃথিবীরও যেন কিছু একটা শুকিয়ে যায়।
কিন্তু শব্দ কি কেবল অসহায়? দ্বিতীয় কবিতায় এসে কবি যেন নিজের আগের উচ্চারণকেই প্রশ্নের মুখে দাঁড় করান। ‘শব্দ আমার মারণাস্ত্র’—এ এক দৃঢ় ঘোষণা। শব্দের ক্ষমতা সম্পর্কে সংশয় রাখার অবকাশ কোথায়! একটি শব্দ যেমন মানুষকে ক্ষতবিক্ষত করতে পারে, তেমনই আরেকটি শব্দ খুলে দিতে পারে ‘সব অভয়ারণ্য’। ধ্বংস ও সৃষ্টির এই দ্বৈত ক্ষমতার মধ্যেই শব্দের বিপজ্জনক সৌন্দর্য। তবে ‘বৈরী মাংসের হরিণ’ ও ‘ডুব দেওয়া করোটি’র মতো চিত্রকল্প পাঠকের কাছে আরও কিছুটা ব্যাখ্যা দাবি করে। দুর্বোধ্যতা কখনও কবিতার সম্পদ, কিন্তু তার সঙ্গে অর্থের অন্তর্গত সংযোগও জরুরি।
তৃতীয় কবিতায় শব্দ আর অস্ত্র নয়, বরং এক অদ্ভুত মিছিল। ঘুম ভেঙে কবি দেখেন, শব্দরা হাঁটছে। ঘরদোর, আসবাব, আঙিনা—সবখানে তাদের আনাগোনা। ‘শব্দের নিঃশব্দ কাফেলা’ কিংবা ‘আঙিনায় মিছিল করে’—এই দুটি চিত্রকল্পের মধ্যে এক ধরনের স্ববিরোধী সৌন্দর্য আছে। মিছিল আছে, অথচ শব্দ নেই; চলাচল আছে, অথচ উচ্চারণ নেই। শেষপর্যন্ত সেই শব্দই ‘দুচোখে এসে জল হয়ে যায়’। কবি যেন বলে দেন, সব অনুভূতির ভাষা উচ্চারিত শব্দে ধরা পড়ে না। কিছু শব্দের পরিণতি অশ্রু।
চতুর্থ কবিতায় শব্দের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের একটি গোপন দরজা খুলে যায়। ‘তুমি হলে একমাত্র শব্দ’—কাকে উদ্দেশ করে এই উচ্চারণ? কোনও মানুষ, কোনও স্মৃতি, কোনও সম্পর্ক, নাকি এমন-কোনও অভিজ্ঞতা, যাকে একসময় ভুলে যেতে হয়? কবি উত্তর দেন না। শুধু জানান, সেই শব্দকে পুকুরঘাটে নিয়ে ধুয়ে ফেলা যায়, অথচ তাকে আর কুড়িয়ে আনার প্রয়োজন হয় না। পুকুরঘাটে শব্দ ধুয়ে ফেলার এই চিত্রকল্পে বিস্মৃতি, অভিমান ও আত্মিক মুক্তির এক আশ্চর্য মিশ্রণ রয়েছে। আমার পাঠে, পাঁচটি কবিতার মধ্যে এটিই সবচেয়ে সংযত, ব্যক্তিগত ও আবেগঘন। যে শব্দকে ভুলে যাওয়া যায়, অথচ যার পরিচয় প্রকাশ করা যায় না, তার অনুপস্থিতিই এখানে সবচেয়ে বেশি উপস্থিত।

শেষ কবিতায় এসে শব্দ যেন নিজের কাছেই নিজের পরিচয় হারায়—‘শব্দ জানে না শব্দের নিশান’। শুরু ও শেষের মিথস্ক্রিয়ায় ‘রজস্বলা শব্দরা’ কেবল পথ হয়ে যায়। রজস্বলা শব্দের রূপকটি অভিনব। এর মধ্যে সৃজন, জন্ম, রূপান্তর ও নতুন সম্ভাবনার ইঙ্গিত রয়েছে। শব্দ এখানে আর গন্তব্য নয়, বরং গন্তব্যের দিকে যাওয়ার পথ। সেই পথ ধরে শব্দপথিকের যাত্রা ‘ঈশ্বরের সীমানায়’। ঈশ্বরের সীমানা কি চূড়ান্ত জ্ঞান, অজ্ঞেয় রহস্য, নাকি মানুষের উপলব্ধির শেষ প্রান্ত? কবি প্রশ্নটি খোলা রেখেছেন। আর সেখানেই কবিতাটির দার্শনিক ব্যঞ্জনা।
পাঁচটি কবিতা পড়ার পর মনে হয়, শব্দচরিতকথা শব্দের জীবনী নয়, শব্দের সঙ্গে মানুষের সম্পর্কের এক বিচিত্র ইতিবৃত্ত। শব্দ কখনও মানুষের নিয়ন্ত্রণে, কখনও মানুষই শব্দের কাছে অসহায়। শব্দ হারায়, শব্দ আঘাত করে, শব্দ আশ্রয় দেয়, শব্দ কাঁদায়, শব্দ বিস্মৃত হয়, আবার শব্দই পথ দেখায়। কবি পরিচিত শব্দকে অপরিচিত অর্থের পরিসরে স্থাপন করতে চেয়েছেন। তাঁর চিত্রকল্প নির্মাণের প্রবণতা প্রশংসনীয়। যদিও কিছু জায়গায় চিত্রকল্পের পারস্পরিক সংযোগ আরও নিবিড় হলে কবিতাগুলোর অন্তর্গত শক্তি বাড়ত।
মানুষ কি শব্দ তৈরি করে, নাকি শব্দই মানুষকে তৈরি করে? মানুষ চলে যায়, উচ্চারণ থেমে যায়; অথচ কিছু শব্দ থেকে যায় মানুষের স্মৃতি, রক্ত ও অস্তিত্বের গভীরে। হয়তো সেই থেকে যাওয়া শব্দগুলোরই কোনও ঠিকানা থাকে না। তারা পড়ে থাকে বুকের গোপন ডাকঘরে—কোনও-এক অনামা প্রাপকের অপেক্ষায়।
পুনশ্চ :
শব্দের ক্ষমতা কখনও একমুখী নয়। শব্দ যেমন ধ্বংস করতে পারে, তেমনই সৃষ্টি করতেও পারে। একটি শব্দ মানুষের মনে ঘৃণা, বিদ্বেষ, বিভাজন ও প্রতিহিংসা জাগিয়ে তুলতে পারে; ভেঙে দিতে পারে মানুষের সম্মান, সম্পর্ক কিংবা বিশ্বাস। আবার একটি শব্দই জাগিয়ে তুলতে পারে ভালোবাসা, সহমর্মিতা, সাহস ও মুক্তির আকাঙ্ক্ষা। একটি উচ্চারণ মানুষকে বিচ্ছিন্ন করে, অন্য একটি উচ্চারণ মানুষকে ঐক্যবদ্ধ করে।
শব্দের পরিণতি সবসময় উচ্চারণকারীর নিয়ন্ত্রণে থাকে না। একবার উচ্চারিত হলে শব্দ মানুষের মন, সমাজ ও ইতিহাসে নানা প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। তার প্রভাব কখনও তাৎক্ষণিক, কখনও সুদূরপ্রসারী।
হোসনে আরা কামালীর কবিতায় ‘শব্দ আমার মারণাস্ত্র’ এবং ‘শব্দ আমার/ খুলে দেবে সব অভয়ারণ্য’—এই দুই বিপরীতধর্মী উচ্চারণের মধ্যে শব্দের সেই দ্বৈত ক্ষমতা স্পষ্ট। একই শব্দসত্তার মধ্যে ধ্বংসের অস্ত্র এবং মুক্তির চাবি—দুই সম্ভাবনাই উপস্থিত। অর্থাৎ, শব্দ কেবল প্রকাশের মাধ্যম নয়, পরিবর্তনেরও শক্তি।
—ফজলুররহমান বাবুল : অবদায়ক : থার্ড লেন স্পেস
. . .

. . .
… থার্ড লেন স্পেস-এ প্রাসঙ্গিক আরো দেখুন …
কবিতা ‘অন্তর্গত ভাষা’-২ : ফজলুররহমান বাবুল
কবিতা ‘অন্তর্গত ভাষা’-১ : ফজলুররহমান বাবুল
কবি ও ঈশ্বর : অলোকরঞ্জন ও আরোনোফস্কি
কবির দায় ও পাঠকের চাওয়া : আবুল হাসনাত
. . .
লেখক পরিচয় : হোসনে আরা কামালী : উপরের ছবি অথবা এখানে চাপুন
. . .

হোসনে আরা কামালী; ফজলুররহমান বাবুল; অবদায়ক; থার্ড লেন স্পেস.কম



