পোস্ট শোকেস - সাহিত্যবাসর

চিঠিহীন চেরাপুঞ্জি ও অন্যান্য : হাবিব হেলাল

Reading time 2 minute
5
(7)
Conceptual Artwork-I, in collaboration with Gemini; @thirdlanespace.com

কবি

আমি এক সিরিয়াল কিলার
একে একে খুন করি মুখ
যাকে ভালোবাসি বলেছিলাম তাকেও

লাশ লুকাই কবিতার নিচে
ভিড় জমে
বাহবা পড়ে

তারপর নিজেকে বলি কবি

. . .

নিয়ড়

কথা বলি না
জিভে শ্যাওলা জমে

জাল ফেলি টানি না
মাছেরা ফিরে যাক স্রোতে

পা রাখি—
ডাঙা নয়
দুলে ওঠে কচুরিপানা

ঢিল ছুড়ি
বৃত্ত মিলিয়ে যায়
জল আবার মসৃণ

ঘাটে ঘাটে নাও ভেড়ে নামি না কোথাও

অন্ধকারে তলিয়ে যাই
দূরে জোনাকি জ্বলে

নেভে

নিয়ড়ে ডাকে না কেউ

. . .

চিঠিহীন চেরাপুঞ্জি

বৃষ্টি ঝরে উল্টো পথে
নদী ডোবে নিজের ভিতর

তুমি নেই

চেরাপুঞ্জি একটা হলুদ খাম
ভিতরে বৃষ্টি ছিল
চিঠি ছিল না

ভরা বৈশাখ
তবু ফেরে না ভেজা পালক

ডানার ভিতরেই শুকায়
নীরবে

. . .

কদম

জানালামুখো চেয়ার
কুশনের ভাঁজ ঝাড়ি না
কাপের ধুলোও না

সন্ধ্যায় চৌকাঠে ভেজা কদম
বোঁটায় হাওরের গন্ধ
এ পাড়ায় কোনো গাছ নেই

সকালে ফুলটা নেই
সেই ভাঁজে জল

ছোঁয়া নিষেধ
নোটিশটা আমার হাতের লেখা

. . .

হাওর

নিঃশ্বাসে ঝাপসা কাচ
আঙুলে চাঁদ মুছি
ওপাশে হিজল কাঠের জলচৌকি

সানশেডের ফোঁটা গুনি
ঘড়ি থেমে থাকে

লোডশেডিং

চার পায়ে
কেউ উজানে হাঁটে

সকালে বারান্দায় শুধু রোদ

দরজা খুলে রাখি
হাওর ঢুকুক

. . .

Conceptual Artwork-II, in collaboration with Gemini; @thirdlanespace.com

. . .

… লেখক পরিচয় : হাবিব হেলাল : উপরের ছবি এখানে চাপুন…

. . .

অবদায়ক : হাবিব হেলাল : থার্ড লেন স্পেস.কম

হাবিব হেলাল-এর রচনা ও প্রাসঙ্গিক পাঠের জন্য এখানে চাপুন

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *