পোস্ট শোকেস - সাহিত্যবাসর

পাতালের লৌকিক সাঁতার-২ : মেকদাদ মেঘ

Reading time 4 minute
5
(23)

কবিতা সিরিজ : মেকদাদ মেঘ
“মনদরজার খিল”
পাতালের লৌকিক সাঁতার-২

Phantom Bloom: Photogrpahy Technique; Image Source & Credit: jenrbacon instagram

‎অগ্নিদণ্ড দাও নরম মুঠোতে
‎শিল্পময় মুঠোর উৎসবে
‎পাখির মতোন উষ্ণস্তন
‎ব্যাঘ্রজিভ তপ্ত অনুভবে,
‎আসছে বৈশাখী তীব্র ঝড়
‎ফুলের বোঁটায় নোনা জল
‎আশ্বিনের দমকা হাওয়া
‎গহিন পাতালে যাই চলো

‎তালে তালে চলছে জাহাজ
‎দেহের নদীর বাঁকে বাঁকে
‎ভেঙে যাচ্ছে গলে যাচ্ছে যেন
‎আলিঙ্গনে উষ্ণ ঘূর্ণিপাকে
‎শঙ্খ ধুলো কাঠামো ত্রিশূল
‎অগ্নিদণ্ডে কাঁপে পাতালের ফুল।
. . .

১২
‎একদিন তুমি হবে নিঃশ্বাসের শ্বাস
‎তীব্র আলিঙ্গনে যাবে বারোমাস
‎দুজনার দেহ নদী বহে সমান্তরাল
‎রচনা করবে ঠিক প্রেম মগ্নকাল,
‎একদিন তুমি হবে যমুনার জল
‎সেখানে ভাসাবো নাও ভেজাবো আঁচল
‎তুমি হবে নীলগিরি নীল হিমাচল
‎কামেমগ্ন দেহ পাবে বৈদ্যুতিক কল।

‎সেই দিন খুব কাছে মদিরা মাতাল
‎সেই দিন একদিন বসন্ত রঙিন
‎সেই দিন অমাবস্যা পূর্ণিমার জাল
‎প্রতি অঙ্গ চায় সত্যি কেবল সঙ্গিনী
‎সেই দিন একদিন অগণিত কাল
‎দেহের বনানী কেঁপে কেঁপে ওঠে পাল।
. . .

‎১৩
‎লাগাতেই পারো মন-দরজার সকল কপাটে তালা
‎কড়া নাড়ে যদি হৃদয়ে হৃদয়ে পরাণে লাগবে টান
‎পিরিতি রতন পিরিতি যতন পিরিতে রয়েছে ফান
‎ক্রমে ক্রমে আসে ভালোবেসে হেসে কপাট খোলার পালা
‎লাগাতেই পারো মানুষে মানুষে অগণিত কিছু দ্বন্দ্ব 
‎লোভ হিংসা ঘৃণা, কাম ক্রোধ নিয়ে জমাইতে পারো খেলা
‎বেদিশার বেশে ইন্দ্রিয়ের দেশে ছয় রিপুদের চ্যালা
‎জেনে রেখো তবু ছড়াবে মানুষ মানুষ ফুলের গন্ধ।

‎লাগাতেই পারো মনের দরজা থামাবে কি করে ঢেউ
‎মনদরিয়ায় উতালপাতাল চিরায়ত সুর শুনি
‎মননে মগজে বেজে ওঠে তার মুখরিত প্রতিধ্বনি
‎মন দিয়ে মন জেনে নিতে হয় প্রেম ছাড়া জানেনাতো কেউ,
‎লাগাতেই পারো ছলাকলা প্রেমে অপ্রেমের চারাগাছ
প্রেমে আছে সুধা অপ্রেমে বেহুদা ময়ূর করে না নাচ।
. . .

‎১৪
‎ইতা কিতা করো তুমি জিতা তনু যতন না করে
‎মিছামিছি মূল্য দেও বিনামূল্যে কয়জনে কিনে?
‎নিজেরেই ভালোবেসে গান গাও হৃদয়ের বীণে
‎বুঝে নিও প্রেম-প্রীতি বুঝে নিও আড়াই অক্ষরে,
‎ইতা কিতা করো তুমি কার লাগি বান্ধো বাড়িঘর
‎কার লাগি মালা কিনো কার গলে পড়াইতে চাও
‎জগতের লীলাখেলা কয়জনে বুঝি বলো বাও
‎দেহতরী ভালো রেখো তা না-হলে মিছে এ-নগর।

‎ইতা খালি ভুঙ ভাঙ কুনিব্যাঙ করে লাফালাফি
‎কেউ বলে কিছু নায় যা হবার হয়ে গেছে ছাই
‎অনেকেই বলে যায় শূন্যতার আদি অন্ত নাই
‎কেউ কেউ বলে যায় কুচ নেহি কুল্লু মাফি,
‎ইতা তারে কিতা কই পোড়া মন লইবনি জোড়া
‎ভাঙা মনে দাগ থাকে যদিও তা প্রেমানলে পোড়া
. . .

Memories of landscapes by Yoshida Hiroshi; Image Source: Collected; Credit: moaart.or.jp

‎১৫
‎যে তোমারে ভালোবাসে কেনে তারে দূরে ঠেলে দাও
‎যে তোমার অপেক্ষায় বসে থাকে সারা দিনমান
‎প্রেমের পেয়ালা হাতে নক্ষত্রের নিচে গায় গান
‎চাঁদের আলোক দুধে ভালোবাসে স্নান সেরে নাও,
‎যে তোমারে ভালোবাসে দুঃখ ঠেলে পাহাড় সমান
‎মনে করে তোমার সম্মুখে তার সুখ-শান্তির সকাল,
‎হৃদয়ে দূরত্ব এলে চারপাশে হাসে নিঃসঙ্গতার জাল
‎হৃদয়ের সওদায় করো সুতৃষ্ণার চিরায়ত মধুপান।

‎ভালোবাসা নদনদী সমুদ্র সাগরে বহমান
‎প্রেম তার জল মাটি উড়ে উড়ে ঘুরে চক্রাকারে
‎এমন নিয়তি লেখা ক্লান্ত প্রাণ খণ্ডনের ভারে
‎করে নিতে বিষবাষ্প রোধে অমৃতের সুধা পান,
‎এইখানে যারা আছে তারা যারা হয়রে প্রেমিক
‎‎সূর্যের আলোকরেখা ছুঁয়ে যায় সবগুলো দিক।
. . .

‎১৬
‎মনদরিয়ায় উতাল-পাতাল ঢেউ লেগে থাকে প্রাণে
‎হিংসার খাঁচায় ঘৃণা লোভে ক্ষোভে ঢেলে দিতে কাদাজল
‎পরাজিত চিহ্ন অঙ্কিত করো না বৃথা কোনো অভিমানে
‎মনদরিয়ায় মনের সোয়ারি পেতে পারে মনোবল,
‎মনদরিয়ায় সাধনার ঢেউ চিঠি দেয় দোলা দিয়ে
‎পেয়েছো যা কিছু দিয়েছো কি কিছু সমানে সমান
‎মনদরিয়ায় যাই ভেসে যায় আলোতেই দৃশ্যমান
‎মন দিয়ে মন কিনে কয়জন বলে যেয়ো কাছে গিয়ে,
‎মনদরিয়ায় ছায়া পড়ে যায় ছায়ায় কায়ায় মিশে
‎শোষণের স্রোত দূরে ঠেলে দিতে চেতনায় দাও শান
‎জোড়া জোড়া ডানা অপার আকাশে হয় যেন আগুয়ান
‎গহিনের ঘুম ভেঙে যায় জানি হৃদয় পাখির শিসে
‎মনদরিয়ায় জগতের জল তুলে যত কলতান
‎মনদরিয়ায় ঢেউয়ে ঢেউয়ে শুনি মন্ত্রমুগ্ধ গান
. . .

‎১৭
‎পৃথিবীতে দিবস সীমিত তবু দিবসের শেষ নেই
‎এ-কথা প্রেমিক স্নিগ্ধ কন্ঠে প্রেমিকাকে বলেছিল যেই
‎প্রেমিকা উত্তরে বলে শুভকর্মে দিবসতো থাকবেই
‎ভালোবেসে শুদ্ধ হও যদি ভালোবেসে যতিচিহ্ন দেই
‎পৃথিবীতে তিনভাগ জল তবু লোকে জল কিনে খায়
‎অর্থ অনর্থের গেরস্থালি ক্রমান্বয়ে বাগান সাজায়
‎শ্রমের মজুরি সংশোধনে খুঁজে নিও মহৎ উপায়
‎নৃত্যরত বিনিময় প্রথা কত লোক নৃত্য করে যায়,

‎প্রেম-প্রীতি করুণার জল দেখেছে কি মুক্ত মহাকাশ
‎ক্ষুধার অনলে পুড়ে যাঁরা তারা যেন ব্যাথার সন্ন্যাস
‎ভালোবাসা উড়ো চিঠি প্রেমে ছুঁয়ে যায় কাল বর্ষ মাস
‎মানুুষে মানুষ ভালোবাসলে হৃদয়ে ফুটবে কার্পাস,
‎সমস্বরে বলে যাই এসো সবাই — বিশ্ব মানবতা মুক্তি পাক
‎গলিত লালিত পুঁজিতন্ত্রের সাম্রাজ্যবাদ নিপাত যাক
. . .

‎১৮
‎কেমন জীবন তাঁর অগ্নি অগ্নিরথে ধাবমান
‎জলমাটি হাওয়ায় বাতাসের তীব্র তানপুরা
‎সুর তুলে বহে যায় কেউ কেউ হয় দিশেহারা
‎সিনায় সিনায় প্রেম গহিনে গহিনে পড়ে টান
‎মাহাকাশে মহাস্রোত মহাবিশ্বে জটিল পুরান
‎কি করে বুঝাই তারে কিছু পেতে হলে লাগে প্রেম
‎মানুষকে ভালোবেসে পেরুতে হয় কালের হেরেম
‎মানবসত্তার দেশে দেখা যায় অন্তরাত্মার বাগান,
‎জীবনের পালাগানে দেখি যত বাধা ব্যাবধান
‎কী করে বুঝাই তাঁরে শ্রেণিচিন্তা পুঁজির ফারাক
‎উদ্দেশ্য অটুট রেখো সময় বদলে যায় যাক
‎বেহায়া মনরে বলো চিনে নিতে পীরিতের ফান
‎কে তারে বুঝাবে বলো নিজে যদি নিজেরটা না বুঝে
‎যে যারে বেসেছে ভালো সেই তারে খুব বেশি খোঁজে।
. . .

‎১৯
‎মিছা মায়া দূরে ঠেলে ডালের বিশটি ফুল দেখো
‎কী সুন্দর ফুটেছে পুষ্প মায়ার বৃক্ষের ডালে ডালে
‎জীবনের পাঠশালা থেকে শেখো দেখো আর লেখো
‎নামের মালায় নাম, যা থাকুক তোমার কপালে
‎দমে দমে নাম নিয়ে খুঁজে নিও ভেতরের জন
‎নিজেকে নিজেই চিনো তাজা করো এই তনু মন
‎কে তোমাকে ভালোবাসে ভেবে দেখো রঙিন মনন
‎আধখানা চাঁদ হয় আধখানা চাঁদের স্বজন,
‎মিছামিছি ডুবিস না পুথি ও কেতাব ‘নাকো’ বুঝে
‎মিছা প্রেমে ডুব দিলে বাধা পায় আত্মার সংযম
‎মানুষ যতটা ভাবে তার চেয়ে বুঝে কিছু কম
‎আত্নার গোপন টানে আত্মা আত্মকেই খোঁজে।
‎মহাবিশ্ব মহাকাল মহাঘূর্ণনের এই পালা
চক্রাকারে দেখে যাই নিয়মিত নিঝুম নিরালা।
. . .

Before The Storm by Rafee Mahmud; Image Source & Credit: saatchiart.com

. . .

লেখক পরিচয় : এখানে অথবা ওপরে ছবিতে চাপুন

. . .

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 23

No votes so far! Be the first to rate this post.

thirdlanespace.com কর্তৃক স্বত্ব সংরক্ষিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *